ক্ষুদে গানরাজ এবার চট্টগ্রামে
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও ধানমন্ডির সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সের পর চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ক্ষুদে গানরাজের এবারের আসর বসবে বন্দরনগর চট্টগ্রামে। সেখান থেকে ২৫ অক্টোবর ক্ষুদে গানরাজের সেরা ছয় শিল্পীর মধ্য থেকে একজনকে সেরা নির্বাচন করা হবে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসরের সমাপ্তি ঘটবে।জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্ষুদে গানরাজের গালা রাউন্ড শুরু হবে। থাকবে ক্ষুদে গানরাজের সেরা ১৬ শিল্পীর পরিবেশনা। ক্ষুদে গানরাজ অনুষ্ঠানের পরিচালক ইজাজ খান স্বপন বলেন, ‘সাংস্কৃতিক ক্ষেত্রে বন্দরনগর চট্টগ্রামের গৌরবোজ্জ্বল একটি অতীত রয়েছে। আমরা চিন্তা করেছি সেখানে একটি আন্তর্জাতিক মানের অনুষ্ঠান করার। অবশেষে চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজের আগ্রহে সেটা এবার সম্ভব হতে যাচ্ছে।’