ক্ষুদে গানরাজের মহাউত্সব চট্টগ্রামে
রিয়েলিটি শো ‘মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ’-এর তৃতীয় আসরের মহাউত্সব এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। এম এ আজিজ স্টেডিয়ামে ২৫ অক্টোবর সন্ধ্যায় মহাউত্সবের পর্দা উঠবে। গ্র্যান্ড ফিনালে এ অনুষ্ঠানের মাধ্যমেই নির্বাচিত হবে সংগীতপ্রতিভা ক্ষুদে গানরাজ-২০১১। আয়োজকেরা মনে করছেন, নানা বৈচিত্র্যে এবারের আয়োজনটি হবে অনেক চমকপ্রদ ও আনন্দময়।মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ তৃতীয় আসরের মহাউত্সব অনুষ্ঠান উপলক্ষে আজ শনিবার দুপুরে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম মূল ভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান কোহিনুর কামাল, রিজেন্ট এয়ারের মহাব্যবস্থাপক এম মনিরুল ইসলাম (বিক্রয় ও বিপণন), প্রতিযোগিতার বিচারক ফেরদৌস আরা ও এস আই টুটুল ও পরিচালক ইজাজ খান স্বপন।ফরিদুর রেজা সাগর বলেন, চট্টগ্রামে এ ধরনের আয়োজন করতে পেরে চ্যানেল আই পরিবার অত্যন্ত আনন্দিত। এ আয়োজনে সহযোগিতার জন্য তিনি চট্টগ্রামবাসীকে ধন্যবাদ।শাইখ সিরাজ বলেন, চ্যানেল আই দায়বদ্ধতার জায়গা থেকে ঢাকার বাইরে এ ধরনের বড় আয়োজন করে। এরই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে। এ আয়োজনটি চট্টগ্রামবাসী মনে রাখবে অনেক দিন।সংবাদ সম্মেলনে জানানো হয়, মহাউত্সব অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনার মাধ্যমে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংস্কৃতিকেই তুলে ধরা হবে। চট্টগ্রাম শিশু একাডেমীর ১০০ জন শিশুশিল্পীর দলীয় সংগীত ও নৃত্য পরিবেশনায় থাকবে উদ্বোধনী পর্ব। পাশাপাশি দেশের ছয়জন জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশীদ আলম, শাম্মী আখতার, সুবীর নন্দী, ফাহমিদা নবী, মনির খান ও রিজিয়া পারভীনের সঙ্গে ছয় ক্ষুদে গানরাজের দ্বৈত পরিবেশনা।কোহিনুর কামাল বলেন, ‘চ্যানেল আইয়ের এ ধরনের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। ভবিষ্যতেও এ সকল অনুষ্ঠানের সাথে মেরিডিয়ান সব সময় সম্পৃক্ত থাকার চেষ্টা করবে।’সংবাদ সম্মেলনে আর জানানো হয়, সংগীতের ক্ষুদে প্রতিভাদের উত্সাহ দিতে ঢাকা থেকে অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে উপস্থিত থাকবেন সংগীতজগতের দুই কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা। থাকবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ, মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজ তৃতীয় আসরের বিচারক ফেরদৌস আরা এবং এস আই টুটুল।জানা গেছে, মহাউত্সব অনুষ্ঠানটি স্টেডিয়ামে বসে উপভোগ করবেন প্রায় ৩৫ হাজার দর্শক। সব দর্শকের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত থাকবে। চ্যানেল আইয়ের পর্দায় অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন বিশ্বের ছয়টি মহাদেশের প্রায় তিন কোটি দর্শক।তৃতীয় মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজের প্রাথমিক বাছাইপর্বে অংশ নিয়েছিল ১৮ হাজার প্রতিযোগী। সেখান থেকে বাছাইকৃত ১২৫ জনকে নিয়ে চ্যানেল আইতে এ বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল প্রতিযোগিতার তৃতীয় আসর। বিভিন্ন পর্বে পারফরমেন্স শেষে বিচারকদের বিচার ও দর্শকদের এসএমএস ভোটে গ্র্যান্ড ফিনালের জন্য এখন টিকে আছে ছয় প্রতিযোগী। তারা হলো পায়েল (খাগড়াছড়ি), মুন্না (কুষ্টিয়া), রাফি (নীলফামারী), রাহিন (নোয়াখালী), নীলা (হবিগঞ্জ) ও মৌমিতা (নেত্রকোনা)। মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ তৃতীয় আসরের মহাউত্সব অনুষ্ঠানটিও উপস্থাপনা করবেন তানিশা।