বাংলাদেশে বাঙালির বাইরে ৪০টির বেশি নৃ-গোষ্ঠী রয়েছে। তাদের সংখ্যা সাকল্যে প্রায় ১৫ লাখ। এ দেশে বসবাসরত নৃ-গোষ্ঠীগুলো পৃথিবীর অন্যতম চারটি ভাষাপরিবারের প্রায় ৩০টি ভাষা ব্যবহার করে। অনেক গবেষক মনে করেন, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিক থেকে তঞ্চঙ্গ্যা চাকমার উপভাষা। কেউ কেউ রাখাইনকে মারমা ভাষার উপভাষা, লালং বা পাত্রকে গারোর, আর বিষ্ণুপ্রিয়া মণিপুরি ও হাজংকে বাংলার উপভাষা হিসেবে চিহ্নিত করেন। সে ক্ষেত্রে বাংলাদেশের নৃ-গোষ্ঠীর ভাষাসংখ্যা দাঁড়ায় ২৬।এই সবগুলো ভাষার পরিস্থিতি এক রকম নয়। কয়েকটি জনগোষ্ঠীর কথা এখানে তোলা যায়, যারা সংখ্যায় একেবারে অল্প নয়। চাকমা, সাঁওতাল, গারো, ত্রিপুরা, মারমা, ওরাওঁ—এসব নৃ-গোষ্ঠীর প্রত্যেকের জনসংখ্যা ৫০ হাজারের বেশি। ওরাওঁদের মধ্যে দুটি ভাষা প্রচলিত—সাদরি ও কুড়ুখ। এর মধ্যে কুড়ুখভাষীর সংখ্যা ২৫ হাজারের মতো। এসব ছাড়াও এমন কিছু ভাষা রয়েছে, যেগুলো আর্থসামাজিক ও রাজনৈতিক কারণে এবং জনসংখ্যার বিচারে বিপন্ন অবস্থায় পৌঁছেছে। এই বিপন্ন ভাষাগুলোর মধ্যে লুসাই, খুমি, বম, খেয়াং মুরং ও পাংখোয়ার কথা বিশেষ করে বলা যায়।আদিবাসীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে ইউনেসকো ও সহযোগী কয়েকটি বেসরকারি সংস্থার উদ্যোগে বাংলা লিপিতে পাত্র, কুড়ুখ প্রভৃতি ভাষার বই বের হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের ছয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের জন্য তাদের মাতৃভাষায় প্রাক্-প্রাথমিক শ্রেণীর পাঠ্যপুস্তক ও শিক্ষক-নির্দেশিকা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর লিপি তাদের প্রাক্-প্রাথমিক শ্রেণীর পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে। প্রথম পর্যায়ে চাকমা, মারমা, সাঁওতাল, ত্রিপুরা, গারো ও সাদরি ভাষাভাষীদের নিজস্ব ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন করা হবে।দীর্ঘদিন পাশাপাশি বসবাসের ফলে বাংলা ভাষার সঙ্গে এসব ভাষার মোটামুটি লেনদেন ঘটেছে। ইন্দো-আর্য পরিবারভুক্ত সাদরি ও চাকমাসহ কয়েকটি ভাষার সঙ্গে বাংলার সাদৃশ্য বেশ চোখে পড়ার মতো। অন্যদিকে অস্ট্রো-এশিয়াটিক পরিবারের মুন্ডা ও সাঁওতালি ভাষাভাষীদের সান্নিধ্যে দীর্ঘকাল থাকার ফলে এ ভাষার প্রভাব বাংলায় পড়ে থাকতে পারে।যে ভাষার কোনো লিপি নেই, সে ভাষায় ছড়া বা গান থাকলেও সাহিত্য যথার্থভাবে বিকশিত হওয়া কঠিন। আমরা এ পর্যন্ত যেসব ভাষা নিয়ে আলোচনা করেছি, তার প্রায় সবগুলো ভাষারই লিখিত রূপ আছে। পাংখোয়া, বম ও লুসাই ভাষার নিজস্ব বর্ণমালা না থাকলেও আজকাল তারা রোমান হরফ ব্যবহার করছে। মারমা ও রাখাইনরা বর্মি লিপি ব্যবহার করে থাকে। খুমি, ঠার, থেক বা ঠেট, মালো, মাহালি ও পাহাড়িয়াদের কোনো বর্ণমালা নেই। চাক ও ম্রোদের দীর্ঘদিন কোনো বর্ণমালা ছিল না। এখন তারা নিজেদের উদ্ভাবিত বর্ণমালা ব্যবহার করছে। সাঁওতালরা বাংলাদেশ ও ভারতে তিনটি বর্ণমালা ব্যবহার করে—অলচিক, বাংলা ও রোমান। খাসিয়া ভাষা রোমান বর্ণমালায় লেখা হতো। এখন খাসিয়া ভাষার অনেকে বাংলা লিপি ব্যবহার করছে। ককবরক ভাষা লিখতে বাংলাদেশ ও ভারতে বাংলা ও রোমান লিপি ব্যবহার করা হয়।নানা উপলক্ষে ভারত থেকে এ দেশে আসা অভিবাসীরা একসময় ব্যাপক হারে নাগরি লিপি ব্যবহার করত। কিছুদিন আগ পর্যন্ত সিলেটে এ লিপির বহুল চর্চা ছিল। এখন নাগরি লিপির ব্যবহার নেই বললেই চলে।