ক্ষুদ্র জাতিগোষ্ঠী ‘উপজাতি’ পরিচয় চায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার তিন পার্বত্য জেলা, উত্তরবঙ্গ ও দেশের বিভিন্ন স্থানে বাস করা ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে ‘আদিবাসী’ পরিচয় দিতে চায় না। অতীতের সরকারগুলোর মতো বর্তমান মহাজোট সরকারও ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে ‘উপজাতি’ বলছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতারা মনে করেন, উপজাতি শব্দটি তাঁদের জন্য অবমাননাকর, অসম্মানজনক।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা প্রথম আলোকে বলেন, দেশে ক্ষুদ্র জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি নেই। তিনি বলেন, সংবিধান সংশোধনের যে উদ্যোগ নিয়েছে তাতে আদিবাসী পরিচয় এবং তার ভিত্তিতে অধিকারের স্বীকৃতি থাকা বাঞ্ছনীয়।নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ ক্ষুদ্র জাতিসত্তা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, আদিবাসী, জাতিগত সংখ্যালঘু এসব শব্দ ব্যবহার করেছিল। ইশতেহারে আওয়ামী লীগ বলেছিল, ক্ষুদ্র জাতিসত্তা বা ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা আদিবাসী বা জাতিগত সংখ্যালঘুর ওপর বৈষম্যমূলক আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের অবসান করা হবে। তাদের সম্ভ্রম, মানমর্যাদার সুরক্ষা করা হবে। রাষ্ট্র ও সমাজজীবনের সব ক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করা হবে। ওই ইশতেহারে উপজাতি শব্দটি ব্যবহার করা হয়নি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক এইচ কে এস আরেফিন বলেন, একসময় পৃথিবীব্যাপী নৃ-বিজ্ঞানী ও গবেষকেরা উপজাতি (বা ট্রাইবাল, অ্যাবওরিজিন) ধরনের শব্দ ব্যবহার করতেন। কিন্তু এসব শব্দের ব্যবহার বাতিল হওয়া দরকার। কারণ কেউ জাতি কেউ উপজাতি এটা হতে পারে না। তিনি বলেন, ‘উপজাতি শব্দ ব্যবহার করলে অনেকটাই অধিকারবঞ্চিত মনে হয়।’এইচ কে এস আরেফিন বলেন, আদিবাসী শব্দটি ব্যবহার করলে তার একটি রাজনৈতিক তাৎপর্য আছে। এ ক্ষেত্রে অধিকারের বিষয়টি বড় হয়ে দেখা দেয়। আদিবাসী মানে তারা এই মাটিরই সন্তান। পার্বত্য চট্টগ্রাম ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সংগঠন ও নেতারা নিজেদের আদিবাসী পরিচয় দিতেই বেশি পচ্ছন্দ করেন। সরকার আদিবাসী শব্দটি ব্যবহার করুক সে লক্ষ্যে তাঁরা আন্দোলনও করে আসছেন। পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতীতের মতো বর্তমান সরকারও মনে করে, বাংলাদেশে কিছু ক্ষুদ্র জনগোষ্ঠী আছে, আদিবাসী নেই। এমনকি জাতিসংঘের আদিবাসীবিষয়ক ফোরামের বৈঠকে অংশ নিয়েও এমন বক্তব্য দিয়েছে সরকারের প্রতিনিধি।গত ২৯ এপ্রিল নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামের (ইউএনপিএফআইআই) নবম অধিবেশনে বাংলাদেশ মিশনের এক কর্মকর্তা আলোচনায় অংশ নেন। লিখিত বক্তবে তিনি বলেন, ‘বাংলাদেশে কোনো আদিবাসী জনগোষ্ঠী নেই। তবে পর্যবেক্ষক হিসেবে ফোরামের কার্যক্রমে বাংলাদেশ অংশ নিচ্ছে। দেশের বিভিন্ন স্থানে উপজাতি কিংবা ক্ষুদ্র জাতিসত্তার লোকজন বাস করে। তাদের বেশির ভাগের অবস্থান দেশের তিন পার্বত্য জেলায়।’ ২০০৮ সালের ১৯ আগস্ট পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে আদিবাসী বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাওয়া হয়। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় একই বছর ৯ সেপ্টেম্বর চিঠি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়, দেশে কিছু ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে। কোনো আদিবাসী (ইনডিজেনাস পিপলস) নেই। চিঠিতে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলার বাসিন্দাদের দুটি ভাগে ভাগ করা হয়: একটি উপজাতি এবং অন্যটি অ-উপজাতি (বাঙালি)। সন্তু লারমা বলেন, সরকার বৈষম্যমূলক আচরণ ও মানবাধিকার লঙ্ঘন বন্ধের অঙ্গীকার করেছিল। সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু গত ১৮ মাসে সরকার এসবের কিছুই করেনি। এই বক্তব্যের বিরোধিতা করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের অধিকার সমুন্নত রাখতে সচেষ্ট আছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠী অধ্যুষিত দেশের অন্য অঞ্চলের উন্নয়নের ব্যাপারেও উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, যেহেতু সরকার তাদের অধিকারের ব্যাপারে সজাগ রয়েছে, কাজেই তারা যে নামে সম্বোধিত হতে চাইবে সেভাবে তাদের সম্মোধনের ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই। চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জাতিসংঘের ঘোষণা বিশ্লেষণ করলে দেখা যায়, আদিবাসী অধিকারের স্বীকৃতির বিষয়টি বিশেষ কোনো সুযোগ নয়। কারণ দেশের বিশেষ অঞ্চলের ওই সব মানুষ রাষ্ট্র গঠনে বড় ভূমিকা রাখার সুযোগ পায়নি। অন্যদিকে বিশেষ প্রেক্ষাপটে তারা বৈষম্যের স্বীকার হয়েছে। কাজেই তাদের সমান অধিকারের সুযোগ দিতে হলে বিশেষ পদক্ষেপ নিতে হবে, যাতে করে সমান অধিকার চর্চার তারা সুযোগ পায়। সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি নেই এ ব্যাপারে সন্তু লারমার সঙ্গে একমত হলেও দেবাশীষ রায় মনে করেন, দেশের বিভিন্ন আইনে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের স্বীকৃতি রয়েছে। জাতীয় সংসদে প্রস্তাবিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইনের উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্মোধনের মাধ্যমে বর্তমান সরকার উপজাতি সম্মোধনের বিপক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু সরকার আদিবাসী সম্মোধন করলেই আমরা খুশি হতাম।’