ক্ষুদ্রঋণ দিচ্ছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোম্পানির সামাজিক কল্যাণের (সিএসআর) তহবিল থেকে ক্ষুদ্রঋণ বিতরণ করে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। এ বিষয়ে ক্ষুদ্রঋণ তদারকি সংস্থা (এমআরএ) ফাউন্ডেশনকে অনুমোদন না দিলেও ঋণ কার্যক্রম পরিচালনা করছে তারা।সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক বিশেষ পরিদর্শন চালায় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে। পরিদর্শক দল দেখতে পায়, এমআরএ ক্ষুদ্রঋণ পরিচালনার বিষয়টি নাকচ করার পরও ইসলামী ব্যাংক ফাউন্ডেশন তা মানছে না; যা এমআরএ নির্দেশনার পরিপন্থী।তবে এ বিষয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আব্দুজ যাহের গত সোমবার প্রথম আলোকে বলেন, ফাউন্ডেশন ঋণ দিয়েছিল। কিন্তু অনুমোদন না পাওয়ায় গত বছরের শেষ সময় থেকে এ কার্যক্রম ব্যাংকের আওতায় নিয়ে আসা হয়েছে। যেহেতু ঋণ কার্যক্রমটি চালানো হচ্ছিল, তাই গুটিয়ে আনতে সময় দিতে হবে। সে কারণে ব্যাংকের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের (আরডিএস) আওতায় এগুলো এখন দেখা হচ্ছে।বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী ব্যাংকের পাঁচটি খাত থেকে আয় এই ফাউন্ডেশনে দেওয়া হয়। ২০০৮ সালে (’০৭ সালের কিছু অর্থসহ) এসব খাত থেকে মোট ৫০ কোটি ৩০ লাখ টাকা ব্যাংকের আয় হয়। যার মধ্যে কোম্পানি কর (করপোরেট ট্যাক্স) দেওয়া হয় ২১ কোটি ৯৯ লাখ টাকা। প্রতিরক্ষা বাহিনীর গলফ ক্লাবে দেওয়া হয় ৩০ লাখ টাকা। আর বাকি ২৮ কোটি এক লাখ টাকা ফাউন্ডেশনকে দেওয়া হয়। ২০০৯ সালে এমন আয়ের পরিমাণ ছিল তিন কোটি ২৯ লাখ টাকা। যার মধ্যে এক কোটি ২৭ লাখ টাকা কোম্পানি কর ও বিডিআর বিদ্রোহে নিহত ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫৭ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি এক কোটি ৪৪ লাখ টাকা দেওয়া হয় ফাউন্ডেশনকে।এ ছাড়া ইসলামী ব্যাংকে ফাউন্ডেশনের নামে আটটি ব্যাংক হিসাবে প্রাপ্ত লাভ, দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতাল, রাজশাহীতে কমিউনিটি হাসপাতাল মেডিকেল কলেজ, হোমিও ক্লিনিকে লগ্নি করা অর্থের ওপর আয় ও ভাড়া আয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া জাকাতের অর্থ এবং অনুদান ফাউন্ডেশনে জমা হয়।বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে এসব অর্থের খরচের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে, ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে সামাজিক কল্যাণমূলক কাজের কথা উল্লেখ থাকলেও তহবিলের আর্থিক বিবরণী নেই। কিন্তু ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডার ও আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার জন্য বিস্তারিত আর্থিক প্রতিবেদনের প্রয়োজনীতা রয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।একজন বিদেশি দানবীর নাম প্রকাশ না করে বাংলাদেশের সিডর-দুর্গত এলাকার জন্য ১৩ কোটি ডলার দান করেন। এই দান নিতে সরকার ও ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) মধ্যে চুক্তি হয়। পরবর্তী সময়ে ২০০৮ সালে এই অর্থের মধ্যে ৪৫ লাখ ডলার বা ৩০ কোটি ৭৬ লাখ টাকার অনুদান ব্যবস্থাপনার জন্য (কৃষি কর্মসূচির আওতায়) আইডিবি ও ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মসূচিটি সুদবিহীন কার্যক্রম বলে প্রতীয়মান হয়। কিন্তু এর অর্থায়ন যথাযথ প্রক্রিয়ায় হচ্ছে কি না বা সরকারের কোনো সংস্থা তার দেখভাল করছে কি না, তা স্পষ্ট নয়।এ বিষয়ে আব্দুজ যাহের বলেন, ‘এই তহবিল পুরোপুরি স্বচ্ছতার সঙ্গে ব্যবহার করা হচ্ছে। এটি একই সঙ্গে স্থানীয় সরকার, এনজিও ব্যুরো ও আইডিবির নজরদারিতে আছে।’ তিনি বলেন, এই তহবিল ইসলামী ব্যাংক ও আরও দুটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। তাঁদের তহবিলের বিষয়ে সরকারের একজন সচিব ও আইডিবির পরিদর্শক এবং স্থানীয় সরকারের প্রতিনিধি সম্প্রতি একাধিক এলাকার কার্যক্রম সরেজমিনে দেখতে গিয়ে শতভাগ সন্তুষ্টি প্রকাশ করেছেন। ফলে সরকারে যেসব পর্যায়ের এটি দেখাশোনা করার প্রয়োজন, সকল পর্যায়ের নজরের মধ্যে এই তহবিল আছে বলে তিনি দাবি করেন।সামগ্রিকভাবে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের কার্যক্রম খতিয়ে দেখার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের আইনি সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সরকারের কোনো একক সংস্থার মাধ্যমে গোটা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদারকির পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে।