ক্ষুদ্রঋণে আত্মবিশ্বাস অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীরা ক্ষুদ্রঋণ নিয়ে কতখানি সফলতা পেয়েছেন, তা বলা খুবই কঠিন। এটি মাপার কোনো মাপকাঠি নেই। সামাজিক নির্দেশক থাকা সত্ত্বেও এর কোনো পরিসংখ্যান বা বিজ্ঞানভিত্তিক গবেষণা নেই। তবে এটা বলা যেতে পারে, নারীদের সফলতা এসেছে ঘরে-বাইরে। প্রত্যেক মানুষের আত্মবিকাশ ঘটে তখনই, যখন সে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায়। এটি জীবনের জন্য মূল্যবান। ক্ষুদ্রঋণের মাধ্যমে নারীরা সে সুযোগটি পান। তিনি নিজের ও পরিবারের জন্য সিদ্ধান্ত নিয়ে থাকেন। কেননা বরাবরই তাঁদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়। তাঁর নিজস্ব মতামত থাকে না। আর্থিকভাবে স্বাবলম্বী না হওয়ায় এমনটি ঘটে। ক্ষুদ্রঋণ তাঁদের সেই পথ দেখিয়েছে এবং এর মাধ্যমে তাঁদের হাতে অর্থ এসেছে। সাংসারিক আয়-ব্যয়ের মধ্য দিয়ে তাঁরা সিদ্ধান্ত নিয়ে থাকেন। তাঁদের মধ্যে সঞ্চয়প্রবণতা গড়ে ওঠে। এটি দিয়ে তিনি কিছু করতে চান। তখন তিনি বাড়ির বাইরে পা রাখেন। কোনো সংগঠন বা কেন্দ্রের সঙ্গে যুক্ত হন। নতুন নতুন তথ্য জানার সুযোগ ঘটে। কোন কাজ বেছে নেবেন, সে বিষয়ে পরামর্শ পান। অর্থ কাজে লাগানোর কৌশল শিখে ফেলেন। পুরো হিসাবটা তখন তিনি করে ফেলেন। এভাবেই সিদ্ধান্ত নিয়ে উদ্যোগী হওয়ার ফলে তাঁর জীবনে পরিপূর্ণতা আসে, যা তাঁর মানসিক শক্তি বাড়িয়ে দেয়। প্রতিরোধ ও প্রতিবাদ করতে শেখায়, যা তাঁকে সামাজিক প্রেক্ষাপটে চলার জন্য প্রস্তুত করে।প্রায় দুই যুগ ধরে এমন পরিবর্তন দেখে আসছি। নানা ক্ষেত্রে নারীরা উদ্যোগী হয়েছেন। ঘরে-বাইরে তাঁরা সমান তালে কাজ করছেন। দেশের আনাচ-কানাচে নারীরা স্বাবলম্বী হয়েছেন। অল্প দিয়ে শুরু করে অনেকে আজ বড় ব্যবসায়ী। ক্ষুদ্রঋণ তাঁদের সে সুযোগ করে দিয়েছে। একজন নারী সরাসরি বাজারব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হতে পারছেন না। কারণ, এ ক্ষেত্রে তাঁকে নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। এ করণে তিনি পরনির্ভরশীল হতে বাধ্য হচ্ছেন। এখানে আমাদের কাজ করার একটি ক্ষেত্র রয়েছে। একজন নারী পণ্য তৈরি করেন। তবে বাজারব্যবস্থায় তাঁর পণ্য প্রবেশের সুযোগ সৃষ্টি করতে পারলে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা তাঁর পক্ষে সহজতর হবে এবং ক্ষুদ্রঋণের পরিপূর্ণ সফলতা আসবে। ঋণ কোন খাতে লাগাবেন, সে অনুযায়ী তাঁরা ঋণের অর্থ নিয়ে থাকেন। একজন নারী উদ্যোক্তা যদি সহজ পদ্ধতিতে ব্যবসার হিসাব রাখেন, তবে ব্যবসার নিয়ন্ত্রণ তাঁর হাতে থকবে, যদিও মূলধন ব্যবহারের সঙ্গে অন্যরা সম্পৃক্ত থাকেন। লেখাপড়া খুব একটা না জানলেও এ থেকে তিনি বুঝতে পারেন, তাঁর অর্থনৈতিক অবস্থা কেমন। যে পরিমাণ অর্থই থাকুক না কেন, তিনি তা নিয়ন্ত্রণ করেন। অর্থনৈতিক মুক্তির ফলে সমাজে নারীরা এগিয়ে যাচ্ছেন। তাই ক্ষুদ্রঋণের সহায়ক হিসেবে জেন্ডারের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে আনতে হবে। স্বাস্থ্য, শিক্ষা খাত ছাড়াও ভবিষ্যত্ প্রজন্মকে ক্ষুদ্রঋণের মাধ্যমে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছি। শুধু ক্ষুদ্রঋণ দিয়ে নারীর জীবনে পরিবর্তন আনা সম্ভব নয়। আনুষঙ্গিক অন্য সুযোগ-সুবিধাও তাঁকে দিতে হবে।প্রাতিষ্ঠানিকভাবে ক্ষুদ্রঋণের সংস্থাগুলোকে জেন্ডার-সচেতন হতে হবে এবং এ লক্ষ্যে সুস্পষ্ট জেন্ডার পলিসি থাকতে হবে। উপযুক্ত কাজের পরিবেশ তৈরি করতে পারলে কর্মক্ষেত্রে তিনি তাঁর সম্ভাবনা ও মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন এবং উত্পাদনক্ষমতা বেড়ে যাবে। আমার মাপকাঠিতে যদি বলি, ক্ষুদ্রঋণ একজন নারীর ঘরে এসে তাঁকে অর্থ দিয়ে যাচ্ছে। নারীর ক্ষমতায়নের পূর্বশর্তই হলো অর্থনৈতিক মুক্তি, যা পুরোপুরি না পেলেও চেষ্টা করে যাচ্ছেন। যথোপযুক্তভাবে তাঁরা ক্ষুদ্রঋণের অর্থ ব্যবহার করছেন। হাঁস-মুরগি, গবাদিপশু পালন ও মত্স্য খামার গড়ে তোলার পাশাপাশি বর্তমানে নারীরা বিভিন্ন ধরনের প্রযুক্তির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করছেন। আর কুটিরশিল্প বেঁচেই আছে এসব নারী উদ্যোক্তার মাধ্যমে। এখন অনেকে আবার খাবার তৈরি করছেন, নিজে বড় দোকান করেছেন। বড় বড় রিটেইল শপে তাঁরা খাবার সরবরাহ করেন। ঘরে বসে এসব পণ্য তৈরি করছেন তাঁরা। এটি সম্ভব হয়েছে তাঁদের মনোবল আর হাতে থাকা অর্থের কারণে। নারীরা উত্পাদনমুখী হয়েছেন। তাঁদের দেখে আরও অনেকে এগিয়ে আসছেন। কাজের নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। এটিই তো সবচেয়ে বড় সফলতা।  ড. হুমায়রা ইসলাম: প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভানটেজড উইমেনঅনুলিখিত