ক্ষুদ্রের বড় রেকর্ড (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির মানুষ নেপালের চন্দ্র বাহাদুর দাঙ্গি। ৭২ বছর বয়সী দাঙ্গির উচ্চতা একটি সংবাদপত্রের দৈর্ঘ্যের চেয়েও ছোট, মাত্র ২২ ইঞ্চি। কাল সোমবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস পরিমাপ করে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করবে। এর আগে এ রেকর্ডের অধিকারী ছিলেন ফিলিপাইনের জানরে বালাউইং। ১৮ বছর বয়সী ওই ব্যক্তির উচ্চতা ছিল ২৩ দশমিক ৫ ইঞ্চি।ডেইলি মেইলের খবরে বলা হয়, দাঙ্গি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে দাং জেলার রিমখলি গ্রামে বাস করেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কাছে মাপ দেওয়ার জন্য তিনি তাঁর গ্রাম ছেড়ে এখন কাঠমান্ডুর একটি বিশ্রামাগারে আছেন। সেখানে তিনি টেলিভিশন দেখে সময় কাটাচ্ছেন এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।দাঙ্গি জানান, সাত ভাই-বোনের মধ্যে তিনি পঞ্চম। তাঁর পাঁচ ভাইয়ের তিনজনের উচ্চতা চার ফুটেরও কম। তবে দুই ভাই ও দুই বোনের উচ্চতা স্বাভাবিক। তিনি আরও জানান, তাঁর উচ্চতা স্বাভাবিকভাবেই এ রকম। তিনি জীবনে কখনো ওষুধ সেবন করেননি এবং চিকিত্সকের কাছেও যাননি। দাঙ্গি একবার ঠান্ডা-জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তবে পারিবারিক চিকিত্সাতেই তিনি সুস্থ হয়ে ওঠেন।এর আগে তিনি কেন রেকর্ড নিয়ে সোচ্চার হননি, এ প্রশ্নের জবাবে দাঙ্গি বলেন, তিনি ও তাঁর পরিবার রেকর্ডের বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না। কারণ তাঁরা খুব বেশি শিক্ষিত নন।কাল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস পরিমাপ কাজ শেষ করলে দাঙ্গি হবেন বিশ্বের সবচেয়ে খর্বাকৃতি মানুষ। দাঙ্গি তাঁর অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকৃতি মানুষের খেতাব পেলে তিনি খুব খুশি হবেন। দাঙ্গি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ ও সেখানকার মানুষের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন।