ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়তে তাঁর অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে পদকপ্রাপ্ত ও শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবারের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আজ রোববার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী ৫৩ শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় প্রতিষ্ঠিত করতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখাচ্ছে। তিনি বলেন, সরকারি চাকরিতে কর্মরত মুক্তিযোদ্ধাদের অবসর নেওয়ার সময়সীমা দুই বছর বাড়ানো হয়েছে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের কোটা বাড়ানো হয়েছে। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের ভাতা ও অন্য সুবিধাদিও বাড়ানো হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য পাঁচ শতাংশ কোটা সংরক্ষণ করা হয়েছে। ৬৫ ও এর চেয়ে বেশি বয়সী মুক্তিযোদ্ধাদের আরও বাড়তি সুযোগ-সুবিধা দিতে সরকার একটি তালিকা তৈরি করছে। এসব সুবিধার আওতায় মুক্তিযোদ্ধারা বিনা পয়সায় বাস, ট্রেন ও লঞ্চে চলাচল এবং চিকিৎ্সা সুবিধা পাবেন।দেশের প্রতিটি উপজেলা ও জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া তেজগাঁওয়ে মুক্তিযোদ্ধাদের জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে বলেও জানান তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, সেনাবাহিনীর প্রধান মো. আবদুল মুবীন, নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল জেড ইউ আহমেদ এবং বিমানবাহিনীর সহকারী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ এনামুল বারী উপস্থিত ছিলেন। ইউএনবি।