ক্ষুধা মেটাতে পোকা ও কৃত্রিম মাংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ বাড়ছে। সে অনুযায়ী খাদ্য বাড়ছে না। গোটা বিশ্বজুড়েই এ অবস্থা। এ পরিস্থিতি চলতে থাকলে এক পর্যায়ে তীব্র খাদ্য সংকট দেখা দিতে পারে। কী খাওয়া যায়—এ নিয়ে বড় ধরনের হয়রানিতে পড়তে পারে মানুষ। এজন্য খাদ্য বিশেষজ্ঞরা ভাবছেন, আগামী ২০ বছরে মানুষের খাদ্য তালিকায় কি কি স্থান পেতে পারে। এই সংকট মোকাবিলায় খাবারের তালিকায় পোকামাকড়ের কদর বাড়ানোর কথা ভাবছেন তাঁরা। আমিষের চাহিদা পূরণে ভাবা হচ্ছে কৃত্রিম মাংসের কথাও। শুনতে বিস্ময় জাগানিয়া হলেও বিজ্ঞানীদের দাবি, আগামী দিনে মানুষের খাদ্য তালিকা নির্ধারণে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা), মাংসের মূল্যমান ও বাদ্য-বাজনার সুরের মধ্যে একটি যোগসূত্র থাকবে। তাঁরা বলছেন, তাত্ক্ষণিকভাবে সম্পর্কটি খুঁজে পাওয়া না গেলেও ভবিষ্যতে মানুষ কি খাবে এবং কিভাবে খাবে, তা নির্ধারণে ওপরের তিনটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বজুড়ে মাংসের দাম বাড়ছে। অভিজাত খাদ্য উপাদান হিসেবে মাংসের কদর রয়েছে। ব্যাপক হারে ঘরে পালিত হাঁস, মুরগি, গরু, ছাগল, মহিষ, ভেড়া, জবাই করার কারণে একদিকে প্রাণিকুলের পরিবেশের ভারসাম্যে ক্ষতিকর প্রভাব পড়ছে, তেমনি গ্রিন হাউস গ্যাসের বিরূপ প্রভাবও বাড়ছে। এ পরিস্থিতিতে নাসার গবেষণাগারে কৃত্রিমভাবে তৈরি মাংস পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সহায়ক হতে পারে। অন্যদিকে, প্রচলিত খাদ্যের সংকট ও উচ্চমূল্যের কারণে মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে চান বিজ্ঞানীরা। তাঁদের মতে, সেক্ষেত্রে নতুন ধরনের খাদ্যগ্রহণে মানুষকে আকৃষ্ট করতে সহায়ক ভূমিকা রাখতে পারে ওই বিশেষ খাদ্যের সঙ্গে মিলিয়ে সুরের আয়োজন। যেমন নতুন ও ভিন্নধর্মী একটি সামুদ্রিক খাবার পরিবেশন করার সময় এর সাগরের গর্জন শোনানোর কথা ভাবছেন বিজ্ঞানীরা। এতে ওই খাবার ভোক্তাদের কাছে সমাদৃত হবে বলে বিজ্ঞানীদের ধারণা।খাবার ও জনসংখ্যার দাম বাড়ার সঙ্গে পরিবেশগত উদ্বেগ যোগ হওয়ায় গরিব দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের মত উন্নত বিশ্বের দেশও ভবিষ্যতে তাদের জনগণের খাবার জোগানো নিয়ে মহাচিন্তায় পড়েছে। যুক্তরাজ্যে মাংসের দামের ওপর ব্যাপকভাবে নির্ভর করে মানুষের খাদ্যাভ্যাস। কয়েকটি খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ভাষ্য, আগামী পাঁচ থেকে সাত বছরে মাংসের দাম প্রায় দ্বিগুণে ঠেকবে। মাংস তখন বিলাসজাত খাবারের তালিকায় স্থান পাবে। ভবিষ্যত্ খাদ্য বিশেষজ্ঞ মরগেইন গেয়ি বলেন, ‘পশ্চিমে এক সময় পর্যাপ্ত মাংস পাওয়া যেত। সে সময় দামও ছিল সস্তা। দাম বাড়ার কারণে মাংস হয়ে গেছে অভিজাত খাবার। কাজেই, এখন আমরা মাংসের শূন্যতা পূরণের উপায় খুঁজছি।’ গেয়ি বলেন, ‘মাংসের বিকল্প হিসেবে আমরা পোকামাকড়ের দ্বারস্থ হতে পারি। যা আমাদের খাবার তালিকার অন্যতম প্রধান উপাদান হয়ে উঠতে পারে।’ নেদারল্যান্ডের ওয়াগেনইঙ্গেন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, এটা যেন লাভের ওপর লাভ। সাধারণ মাংসের চেয়ে পোকামাকড়ে পুষ্টিগুণ থাকে অনেক বেশি। পোকামাকড় আমিষের এক বিশাল উত্স। সারা বিশ্বে মানুষ খেতে পারে এমন এক হাজার ৪০০ প্রজাতির পোকামাকড় আছে। শুঁয়াপোকায় আমিষ থাকে ২৮ দশমিক ২ গ্রাম, লোহা থাকে ৩৫ দশমিক ৫ গ্রাম; ফড়িংয়ে আমিষের পরিমাণ ২০ দশমিক ৬ গ্রাম, ক্যালসিয়াম আছে ৩৫ দশমিক ২ গ্রাম। পোকামাকড়ের তৈরি বার্গার ও সসেজ (পাতলা চামড়ার আবরণের মধ্যে মসলাযুক্ত মাংসের কিমা ভরে প্রস্তুত এক ধরনের খাবার) দেখতে অনেকটা মাংসের বার্গারের মতো। মজাদার বার্গারের উপাদান হিসেবে চমত্কারভাবে ব্যবহার করা যায় ফড়িং ও ঝিঁ-ঝিঁ পোকাকে। পোকামাকড়কে প্রধান খাবারের সঙ্গে ব্যবহার করতে ডাচ সরকার প্রচুর অর্থ ব্যয় করছে। সম্প্রতি এই খাতে গবেষণার জন্য দেশটির সরকার ১০ লাখ ইউরো বিনিয়োগ করেছে। পোকামাকড় চাষে প্রয়োজনীয় আইন প্রণয়নের প্রস্তুতিও হাতে নিয়েছে দেশটি। সারা বিশ্বে প্রচুর মানুষ প্রতিদিন খাবার হিসেবে পোকামাকড় খায়। আফ্রিকার মানুষের কাছে শুঁয়াপোকা ও পঙ্গপাল (ফড়িং, মাছির মতো লাফাতে পারে এমন কীট) অত্যন্ত জনপ্রিয়। জাপানিদের কাছে ভিমরুল বেশ সুস্বাদু খাবার। থাইল্যান্ডে ঝিঁ ঝিঁ পোকা হরদম খাওয়া হয়। গেয়ি বলেন, অবশ্য ইউরোপ ও উত্তর আমেরিকার খুঁত খুঁতে লোকদের কাছে এসব পোকামাকড় সুস্বাদু করে তোলার জন্য কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে। তিনি বলেন, ‘এসব পোকামাকড় জনপ্রিয় হয়ে উঠবে তখনই, যখন আমরা এদেরকে পোকা না বলে ঘরে পালিত ছোট্ট প্রাণীটি মনে করব।’ বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত দেখে ও শুঁকে খাবার খাওয়া হয়। তবে খাবারের স্বাদে শব্দেরও প্রভাব রয়েছে বরে মনে করেন বিশেষজ্ঞরা। সম্প্রতি এ নিয়ে গবেষণায় দেখা গেছে, বিশেষ সুর ব্যবহার করে বিশেষ খাবারকে অনেক মিষ্টিবা তেতো করা যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরীক্ষণমূলক মনোবিজ্ঞানের অধ্যাপক চার্লস স্পেন্স পরিচালিত দি বিটারসুইট স্টাডি নামে এক গবেষণায় দেখা গেছে, রেস্তোরাঁয় খাবার পরিবেশনের পাশাপাশি হালকা সঙ্গীতের আয়োজন খাবারের স্বাদ আরো বাড়িয়ে দেয়। এ ব্যাপারে শব্দ ও সুর নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান কনডিমেন্ট জাংকির এক কর্মকর্তা রাসেল জোনস বলেন, ‘খাওয়া-দাওয়ার সময় সুরের ব্যবহারে মস্তিষ্কে আসলে কী ঘটে, তা আমরা পুরোপুরি নিশ্চিত নই, তবে কিছু একটা তো ঘটেই।’ এভাবে সুর ও সঙ্গীতের ব্যবহার আরো ব্যাপকভাবে শুরু হয়েছে। জোনস বলেন, একটি মিষ্টিজাতীয় খাবারে চিনির পরিমাণ কমানোর পর সেটা আগের মতো স্বাদ লাগার কথা নয়। কিন্তু, বিশেষ সুর সংযোগে ভোক্তাদের কাছে খাবারটি যেন মিষ্টি-মিষ্টি লাগে তার ব্যবস্থা করা হয়। আজকাল খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো খাবার ও শব্দের মধ্যে এক ধরনের সংযোগ স্থাপনের চেষ্টাও বাড়িয়ে দিয়েছে। যেমন চিপসের বেলায় এটি বেশি প্রযোজ্য। মচমচে চিপসের মত তার মোড়কও যদি স্পর্শ করলে মচমচ শব্দ হয়, তবে ভোক্তারা ভাববেন এটা একদম টাটকা। আর তখন সেটার স্বাদও যেন বেড়ে যায়। ডাচ বিজ্ঞানীরা চলতি বছরের শুরুতে কৃত্রিম উপায়ে মাংস তৈরিতে সফল হয়েছেন। অনেকে এটাকে বলেন টেস্টটিউব মাংস। বিজ্ঞানীরা গাভীর স্টেম সেল ব্যবহার করে কৃত্রিম উপায়ে মাংসপেশির টিস্যু সৃষ্টি করেন। তাঁরা আশা করছেন, এ বছরের শেষ নাগাদ বিশ্বের প্রথম টেস্টটিউব বার্গার তৈরি করতে পারবেন। নাসার বিজ্ঞানীরা পরীক্ষাগারে মাংস তৈরি প্রক্রিয়া শুরু করেন। এ ব্যাপারে তাঁদের প্রথম গবেষণাপত্রে বলা হয়েছে, এভাবে উদ্ভাবিত মাংস খাওয়া গেলে এখন থেকে নভোচারীরা মহাকাশে মাংসও খেতে পারবেন। এ খাতে গবেষণাকাল ১০ বছর হতে চলল। বিজ্ঞানীরা আরো কার্যকর ও পরিবেশ-বান্ধব করে ওই মাংস পরিবেশন করার চেষ্টা করছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, পশু-জবাইয়ের পরিবর্তে পরীক্ষাগারে মাংস তৈরি করলে তা গ্রিন হাউস গ্যাস কমাতে সহায়ক হবে। এতে একই সঙ্গে জ্বালানি ও পানির ব্যবহারও কমে আসবে। এতে চর্বি কমবে, বাড়বে পুষ্টিগুণ। এ ছাড়া, গবাদিপশু পালনে প্রচুর জায়গাও লাগে। ম্যাসট্রিচট বিশ্ববিদ্যালয়ের ডাচ বিজ্ঞানীদের দলনেতা অধ্যাপক মার্ক পোস্ট বলেন, পরীক্ষাগারে তৈরি এ মাংস দেখতে ভিন্ন হলেও, এতে আসল মাংসের স্বাদ দেওয়ার চেষ্টাই করছেন তাঁরা। খাবার হিসেবে একেবারে শেষ দিকে থাকা উপাদান হচ্ছে শৈবাল। খাদ্য ঘাটতিসহ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি জটিল সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারে এই শৈবাল। মানুষ ও পশুর খাবার জোগানোর পাশাপাশি মহাসাগরের তলে জন্মাতে পারে এই শৈবাল। অনেক বিজ্ঞানী বলছেন, শৈবাল থেকে উদ্ভূত জৈব-জ্বালানি জীবাশ্ম জ্বালানির চাহিদা কমাতে পারে। এশিয়ায়, বিশেষ করে জাপানে এ ধরনের বড় বড় খামার রয়েছে। শুধু স্থলেই নয়, কেবল সাগরতলেই ১০ হাজার ধরনের শৈবাল পাওয়া যায়। আর তাই, কয়েকটি খাদ্য-শিল্প কারখানা ভবিষ্যদ্বাণী করছে, শৈবাল চাষ বিশ্বের সবচেয়ে বড় কৃষি শিল্পে পরিণত হতে পারে। বিবিসি অবলম্বনে হাসান মাহমুদ ফয়সল।