ক্ষুধার তাড়নায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় আটকে পড়া উত্তর কোরিয়ার প্রত্যন্ত অঞ্চলের দারিদ্র্যপীড়িত মানুষ ক্ষুধার তাড়নায় নিজের সন্তানকে খাদ্য বানাতেও দ্বিধা করছে না। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এমনটিই দাবি করা হচ্ছে। আজ মঙ্গলবার ‘এশিয়া প্রেস’ ও ‘সানডে টাইমস’-এর প্রতিবেদনের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক অঙ্গনে উত্তর কোরিয়া একঘরে হয়ে আছে। ব্যাপক শস্যহানির কারণে দেশটিতে অনেক দিন ধরে চলছে খাদ্য-সংকট। আন্তর্জাতিক মহলের দাবি, সামরিক ও পারমাণবিক শক্তির পেছনে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করে উত্তর কোরিয়া এখন ‘নীরব দুর্ভিক্ষের’ ভেতর দিয়ে দিন কাটাচ্ছে।এমন কানাঘুষার মধ্যেই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সেখানে খাবারের অভাব এমন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে, উত্তর কোরীয়রা এখন নিজেদের শিশুসন্তানকে হত্যা করে তাদের মাংস খেতেও দ্বিধা করছে না।ভয়াবহ এই অকল্পনীয় সংবাদের উত্স উত্তর কোরিয়ার ভেতরই। সম্প্রতি জাপানভিত্তিক ‘এশিয়া প্রেস’ উত্তর কোরিয়ার কিছু তরুণ-তরুণীকে সাংবাদিকতায় নিয়োগ করে। তাঁরা হোয়াংহো প্রদেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে নীরব দুর্ভিক্ষের কথা জানিয়েছেন। তাঁরা জানান, এই প্রদেশে দুর্ভিক্ষের কারণে যে ভয়াবহ খাদ্যাভাব দেখা দিয়েছে, তাতে প্রাণ হারিয়েছে প্রায় ১০ হাজার মানুষ।উত্তর কোরিয়া সরকারিভাবে অবশ্য এই সংবাদ অস্বীকার করেনি বা এর বিরুদ্ধে কোনো প্রতিবাদও জানায়নি।ওই সাংবাদিকেরা জানান, কিছুদিন আগে এই প্রদেশের একটি গ্রামে এক ব্যক্তির ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তাঁর দুই সন্তানকে হত্যার অভিযোগ ছিল। ‘এশিয়া প্রেস’-এর উত্তর কোরীয় প্রতিনিধি বিষয়টির বিশদ বর্ণনাও দিয়েছেন। তিনি জানান, ওই লোকটি তাঁর স্ত্রীর অবর্তমানে দুই সন্তানকে হত্যা করেন। সন্তানদের মেরে ফেলার সময় তাঁর স্ত্রী কোনো এক কাজে অন্য জায়গায় ছিলেন। স্ত্রী বাড়ি ফেরার পর ওই লোক তাঁর স্ত্রীকে বলেন, ‘আজ ঘরে মাংস আছে।’ এ কথায় তাঁর স্ত্রীর সন্দেহ হয়। তিনি স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ গিয়ে জানতে পারে, লোকটি প্রথমে খিদের জ্বালায় অতিষ্ঠ হয়ে তাঁর কন্যাকে হত্যা করেন। এই হত্যাকাণ্ড ছেলেসন্তান দেখে ফেলায় তাকেও হত্যা করেন ওই পাষণ্ড পিতা।