ক্ষুব্ধ আসামিদের হইচই, ব্যবস্থা নিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন বিষয়ে ক্ষুব্ধ পিলখানা হত্যা মামলার আসামি বিডিআর জওয়ানরা গতকাল বুধবারও আদালতে হইচই করেছেন। এর আগে গত সোমবারও তাঁরা হইচই করেন। এতে আদালতের কার্যক্রম বিঘ্নিত হয়।আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, চারটি বিষয় নিয়ে জওয়ানরা ক্ষুব্ধ। এগুলো হলো: পর্যাপ্ত শৌচাগার না থাকা, খাওয়ার জন্য পাত্র না দেওয়া, আদালতের ভেতর ডান্ডাবেড়ি পরিয়ে রাখা এবং আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে না দেওয়া। সোমবার মামলার কার্যক্রম চলাকালে সব জওয়ান একযোগে দাঁড়িয়ে এর প্রতিবাদ জানান। এতে আদালতের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা ব্যাহত হয়।একজন আইনজীবী গতকাল এক আসামির সঙ্গে কথা বলতে গেলে কর্তব্যরত পুলিশ তাঁকে বাধা দেয়। এতে জওয়ানরা হইচই শুরু করেন। একপর্যায়ে তাঁরা ‘ধর, ধর’ বলে চিৎকার করতে থাকেন। পরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।পিলখানা হত্যা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন জওয়ানদের মধ্যে অসন্তোষ ছড়িয়েছে। এখন তুচ্ছ কারণ পেলেই জওয়ানরা এসব নিয়ে হইচই করছেন। তবে যেসব কারণে অসন্তোষ দেখা দিয়েছে, দ্রুত তা নিরসনের ব্যবস্থা করা হচ্ছে। এগুলো খুব সাধারণ বিষয়।আইনজীবীরা জানান, বিডিআর জওয়ানদের দাবির পরিপ্রেক্ষিতে অস্থায়ী আদালতের পরিস্থিতি এবং জওয়ানদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে গতকাল রাষ্ট্রপক্ষের আইনজীবী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা অস্থায়ী বিশেষ আদালতের বিচারক আখতারুজ্জামানের কক্ষে বৈঠক করেন। বৈঠকের পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, জওয়ানদের সুবিধা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। এসব সুবিধার দ্রুত বাস্তবায়ন করা হবে।রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা-সংলগ্ন নব কুমার ইনস্টিটিউট মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে পিলখানা হত্যা মামলার বিচার চলছে। এই হত্যা মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামি ৮৪৭ জন। মামলার কার্যক্রমের দিন এসব আসামিকে অস্থায়ী এই আদালতে হাজির করা হয়। আদালতে আনার সময় কারাগার থেকে তাঁদের জন্য চিড়া দেওয়া হয়। কিন্তু পাত্র না থাকায় তাঁরা ওই চিড়া খেতে পারেন না। আদালতে তাঁদের রাখা হয় ডান্ডাবেরি পরিয়ে। তাঁরা স্বজনদের সঙ্গেও দেখা করতে পারেন না। এসব নিয়ে হইচই করে জওয়ানরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, পিলখানা হত্যা মামলার আসামি ৮৪৭ জন। আসামিদের জন্য মাত্র পাঁচটি টয়লেট আছে। এটা অমানবিক। এর আগে বহুবার এ বিষয়ে নজর দিতে কারা কর্তৃপক্ষ ও গণপূর্ত অধিদপ্তরকে বলা হয়েছে। কিন্তু কাজ হয়নি। সোমবার আদালত এ বিষয়ে আদেশ দিয়েছেন।এ নিয়ে উভয় পক্ষের বক্তব্যের পর আদালতের ওই আদেশে বলা হয়, সোমবার বিচার চলাকালে আসামিরা একযোগে আদালতকে বলেন, তাঁদের জন্য পর্যাপ্তসংখ্যক টয়লেট/বাথরুম নেই। তাই তাঁদের প্রয়োজনীয় কাজ সারতে অসুবিধা হচ্ছে। আসামিপক্ষের আইনজীবীরাও একই বক্তব্য দেন। রাষ্ট্রপক্ষ এ বক্তব্যের বিরোধিতা করেনি। আদালত আসামিদের জন্য পর্যাপ্তসংখ্যক টয়লেট/বাথরুম নির্মাণের জন্য গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশ দেন। এই আদেশের অনুলিপি বিশেষ বাহক দিয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়।আদেশে যেসব আসামির স্বজন এ মামলার বিচার কার্যক্রম দেখতে চান, তাঁদের আদালতকক্ষে প্রবেশ ও অবস্থান করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়।আনিসুল হক প্রথম আলোকে বলেন, আসামিকে ডান্ডাবেড়ি পরানোর বিষয়টি কারা কর্তৃপক্ষের সিদ্ধান্তের ব্যাপার। তবে কেউ বিষয়টি লিখিতভাবে আদালতে জানালে আদালত ব্যবস্থা নেবেন। খাওয়ার জন্য পাত্র দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে আদালতে শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে।২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআরে বিদ্রোহের ঘটনায় প্রথমে লালবাগ থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে একটি মামলা করা হয়। পরে মামলাটি স্থানান্তর করা হয় নিউমার্কেট থানায়। ৮২৪ জনের বিরুদ্ধে প্রথম অভিযোগপত্র দাখিল করে সিআইডি। গত বছরের ৫ ফেব্রুয়ারি এ মামলার বিচার শুরু হয়। পরে সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলা দুটির (হত্যা ও অস্ত্র-বিস্ফোরক দ্রব্য আইনে) অধিকতর তদন্তের নির্দেশ দেন। ওই তদন্ত শেষে গত বছরের ২১ মার্চ আরও ২৬ জনকে অভিযুক্ত করে বর্ধিত অভিযোগপত্র দাখিল করে সিআইডি। এতে আসামির সংখ্যা দাঁড়ায় ৮৫০ জনে। তাঁদের মধ্যে ২১ জন পলাতক, দুজন মারা গেছেন।