ক্ষুব্ধ জেলেদের রোষানলে মারা পড়ল ৫ জলদস্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলার দুর্গম ভাসানচরে গতকাল মঙ্গলবার ক্ষুব্ধ জেলেদের পিটুনিতে পাঁচ জলদস্যুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুজন। এর আগে দস্যুদের সঙ্গে পুলিশের দুই ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধ শেষে ছয়টি বন্দুক, তিনটি রাইফেল, দুটি শটগান, ১৮টি কার্তুজ, ৩৪টি বগিদা ও একটি ট্রলার উদ্ধার করেছে পুলিশ।নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন নোয়াখালীর হাতিয়া উপজেলার আবদুল জব্বার (২৫) ও কবির হোসেন (২৭)। অন্য তিনজনের নাম-পরিচয় মেলেনি।চরফ্যাশনের ঢালচরের জেলেদের ভাষ্যমতে, মেঘনা উপকূলে গত নভেম্বর থেকে চলতি মে মাস পর্যন্ত চলছে জাটকা সংরক্ষণ অভিযান। এর মধ্যে মাছের পরিপূর্ণ বিকাশ ও বৃদ্ধির জন্য মার্চ ও এপ্রিল মাসে সব ধরনের মাছ ধরা নিষেধ ছিল। নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছিলেন জেলেরা। সাজাচ্ছিলেন নৌকা। ঠিক ওই সময় জেলেদের সম্পদ লুট করতে সাগর মোহনায় জনশূন্য ভাসানচরের ম্যানগ্রোভ বনে আস্তানা গড়তে হাতিয়া থেকে আসে জলদস্যু করিম বাহিনী। গতকাল ভোরে ভাসানচরে নৌকা থেকে অস্ত্র-মালামাল নামাতে দেখে মহিষ পালনের দায়িত্বে থাকা কয়েকজন লোক। তারা ঢালচর ইউনিয়নে থাকা মালিকদের খবর দেয়। ঢালচরবাসী খবর দেয় পুলিশ ফাঁড়িতে। জলদস্যু ধরতে সকাল আটটার দিকে ভাসানচরে অভিযান চালায় পুলিশ।ঢালচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম পাটওয়ারী ও অভিযানে অংশ নেওয়া জেলেরা প্রথম আলোকে বলেন, পুলিশের নেতৃত্বে ৬০০ থেকে ৭০০ জেলে অভিযানে নামেন। তাঁরা বেলা ১১টার দিকে ভাসানচরের গহিন জঙ্গল ঘিরে ফেলেন। জলদস্যুরা পুলিশ ও জেলেদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। দুই ঘণ্টা বন্দুকযুদ্ধ শেষে শত শত জেলে লাঠি নিয়ে হামলা চালালে জলদস্যুরা দিগ্বিদিক পালাতে থাকে। এ সময় ক্ষুব্ধ জেলেদের পিটুনিতে পাঁচ দস্যুর মৃত্যু হয়। গুরুতর আহত হন হাতিয়ার দস্যু আবদুল খালেক (২৪) ও রাশেদ (২৫)। পরে পুলিশ ওই দুজনকে তাদের হেফাজতে নেয়।অভিযানে অংশ নেওয়া জেলে জসিম উদ্দিন বলেন, ‘গেল দুই-তিন মাস নদীত যাইতাম পারি না। খাইয়্যা না-খাইয়্যা দিন গেছে। এহোন নদীত মাছ ধরনের সুম (সময়)। আমরা নৌকায় তেল-আলকাতরা লাগাইয়্যা, মালসামানা লইয়্যা নদীতে নামছি। আর এইসুম ওরাও নামছে আমগো কষ্টের সম্পদ লুট করোন লাইগ্যা। দস্যুগো উপদ্রব কমানের লাইগ্যা আমরাই অভিযানে নামছি।’ ক্ষুব্ধ জেলেরা আরও বলেন, পুলিশ দুই দস্যুকে আটক করেছে। ১০-১২ জনের মতো পালিয়ে গেছে। নইলে তারাও শেষ হয়ে যেত।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন প্রথম আলোকে বলেন, জেলেরা পিটিয়ে পাঁচ জলদস্যুকে মেরে ফেলেছে। তাদের নাম-ঠিকানা জানা যায়নি। আরও দুজনকে আধমরা অবস্থায় পুলিশ উদ্ধার করেছে।ওসি বলেন, দস্যুরা পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রায় ৫০টি গুলি ছোড়ে। এ সময় পুলিশের ১২টি গুলি খরচ হয়। প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে পুলিশ ছয়টি বন্দুক, তিনটি রাইফেল, দুটি শটগান, ১৮টি কার্তুজ, ৩৪টি বগিদা ও একটি ট্রলার উদ্ধার করেছে।