ক্ষুব্ধ দেশবাসীকে শান্ত হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাসে মেডিকেলের এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ওই মহানগর। দেশের অন্যান্য রাজ্যেও চলছে বিক্ষোভ। ক্ষুব্ধ দেশবাসীকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।আজ সোমবার ‘দ্য হিন্দু’ ও ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।আজ টেলিভিশনে প্রচারিত এক সংক্ষিপ্ত ভাষণে মনমোহন সিং বলেন, তিনি ও তাঁর পরিবারও এ ঘটনায় উদ্বিগ্ন। তিনি বলেন, ‘আমারও তিনটি মেয়ে আছে। কাজেই এ ঘটনা আপনাদের মতো আমার মনেও জোরালোভাবে নাড়া দিয়েছে। আমার স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্য ও আমি ওই ছাত্রীর ওপর ঘটে যাওয়া নির্মম ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি।’ মনমোহন বলেন, সরকার ওই ছাত্রীর সার্বক্ষণিক চিকিত্সা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এক সপ্তাহ ধরে এ ঘটনার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ করছেন নারী ও ছাত্রীরা। গতকাল এ বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে শতাধিক ব্যক্তি আহত হন। পুলিশের দাবি, তাদের ৬০ জন কর্মকর্তা আহত হয়েছেন।এ ঘটনায় দুঃখ প্রকাশ করে মনমোহন সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। এর আগে এই গণবিক্ষোভ ‘যথার্থ’ ও ‘যৌক্তিক’ বলে মন্তব্য করেন তিনি।এ অপরাধের ঘটনায় বিচারের ওপর জোর দিয়ে মনমোহন বলেন, ‘কিন্তু সহিংসতা কোনো সমাধান বয়ে আনে না।’প্রধানমন্ত্রী মনমোহন এ সময় দেশের নারীদের নিরাপত্তায় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন।মনমোহন বলেন, ‘শুধু এ ঘটনা নয়, নারীদের সুরক্ষা ও নিরাপত্তা দিতে কেন বিলম্ব হয়, তা খতিয়ে দেখা হবে।’এদিকে নয়াদিল্লি দুর্গে পরিণত হয়েছে। বিক্ষোভ ঠেকাতে ইন্ডিয়া গেট ও রাইসিনা হিলস এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা ওই সব এলাকায় সড়ক ও রেলপথ বন্ধ করে রেখেছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিস ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।এসব এলাকায় গত দু-তিন দিনের বিক্ষোভের মুখে মনমোহন সিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকস্থল পরিবর্তন করে প্রধানমন্ত্রীর বাসভবন রেসকোর্সে নেওয়া হয়েছে। সাধারণত এ ধরনের বৈঠক ইন্ডিয়া গেটের কাছে হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হয়। গণমাধ্যমকর্মীদের এসব এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। তাঁদের প্রগতি ময়দানে যেতে বলা হয়েছে।দিল্লির কেন্দ্রস্থলে মেট্রোরেল স্টেশনের বাইরে আজ সকাল থেকে বিক্ষোভ চলছে। ব্যস্ততম রাজীব চকসহ বন্ধ করে দেওয়া হয়েছে নয়টি স্টেশন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রগতি ময়দান, মনিদ হাউস, বড়খাম্বা রোড, রাজীব চক, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, উদয় ভবন, রেসকোর্স ও খান মার্কেট বন্ধ রাখার এক নির্দেশ জারি করেছেকর্তৃপক্ষ।১৬ ডিসেম্বর রাতে দক্ষিণ দিল্লিতে উত্তরখণ্ডের ২৩ বছর বয়সী ওই ছাত্রী গণধর্ষণের শিকার হন। এরপর ওই ছাত্রী ও তাঁর সঙ্গের ছেলেবন্ধুকে নৃশংসভাবে মারধর করে দুর্বৃত্তরা। বন্ধুটিকে রড দিয়ে বেধড়ক পেটায় এবং চলন্ত বাস থেকে তাঁদের ফেলে দেওয়া হয়। এরপর ওই ছাত্রীকে দিল্লির সফদারজং হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা সংকটাপন্ন। এখন পর্যন্ত ওই ছাত্রীর শরীরে দুই দফা অস্ত্রোপচার করা হয়েছে। তাঁকে এখনো কৃত্রিম ব্যবস্থায় বাঁচিয়ে রাখা হয়েছে।