তিস্তা চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্তব্যে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এতটাই ক্ষুব্ধ যে এর প্রতিবাদে গতকাল শনিবার দিল্লিতে অনুষ্ঠিত ১৫তম ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের (এনআইসি) বৈঠকে যোগ দেননি।মনমোহন সিং গত বুধবার বিমানে বাংলাদেশ থেকে দিল্লি ফেরার পথে তিস্তা চুক্তি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছিলেন, তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে মমতা অবহিত ছিলেন। এমনকি এই চুক্তি সম্পাদনের আগে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেননকে কলকাতায় পাঠিয়ে মমতার সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করে তাঁর সম্মতি নিয়েই চুক্তি সম্পাদনের প্রক্রিয়া শুরু করেন।মনমোহনের এই বক্তব্যে দারুণ ক্ষুব্ধ হন মমতা। আর এরই প্রতিবাদে গতকাল দিল্লিতে অনুষ্ঠিত এনইসির বৈঠকে তিনি যোগ দেননি। এই কাউন্সিলের সদস্যসংখ্যা ১৪৭। এই বৈঠকে যোগ দেওয়ার জন্য সব কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধীদলীয় নেতা, সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও সিনিয়র সাংসদদের ডাকা হয়। কিন্তু মমতা তাতে সাড়া দেননি।মমতা বরাবরই বলে এসেছেন, তাঁর কাছে রাজ্যের স্বার্থই সবচেয়ে বড়। কিন্তু দিল্লি সে কথা না বুঝে উল্টো মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী উষ্মা প্রকাশ করায় বিরক্ত মমতা।’ তবে মুখ্যমন্ত্রীর দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, শনিবার মুখ্যমন্ত্রীর কর্মসূচি থাকায় তিনি যেতে পারছেন না।