ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র ইউনেসকোর তহবিল বন্ধ করল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোকে প্রতিশ্রুত তহবিল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রতিক্রিয়ায় গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র বিভাগ এ ঘোষণা দিয়েছে বলে সিএনএন জানিয়েছে।ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আপত্তি অগ্রাহ্য করে গতকাল সোমবার ইউনেসকো ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেয়। ফ্রান্সের প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে ফিলিস্তিনের পক্ষে ১০৭ এবং বিপক্ষে ১৪ ভোট পড়ে। এ ছাড়া ৫২টি দেশ ভোটদানে বিরত থাকে। পরে গৃহীত প্রস্তাবনায় বলা হয়, ইউনেসকোর সাধারণ পরিষদ ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ‘ফিলিস্তিনকে ইউনেসকোর সদস্য রাষ্ট্রের সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে আজকের (সোমবার) ভোট দুর্ভাগ্যজনক, অপরিপক্ব এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে উপেক্ষার শামিল।’এ পদক্ষেপে ওবামা প্রশাসনের প্রতিক্রিয়া সম্পর্কে পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড জানান, ইউনেসকোকে সহায়তা করা থেকে বিরত থাকবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘নভেম্বরে সংস্থাটিকে যুক্তরাষ্ট্রের ছয় কোটি ডলার সহায়তা দেওয়ার কথা ছিল। কিন্তু এখন তা আর দেওয়া হবে না।’ভোটাভুটির আগে যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছিল, ফিলিস্তিনকে সদস্য করা হলে তারা ইউনেসকোকে অর্থ দেওয়া বন্ধ করে দেবে। এদিকে ফিলিস্তিন কর্তৃপক্ষ এবার জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ণ সদস্য পদের জন্য আবেদন করবে বলে জানা গেছে।স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পূর্ণ সদস্য পদ পেতে গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘে আবেদন করে ফিলিস্তিন। এ বিষয়ে নিরাপত্তা পরিষদে এ মাসেই ভোটাভুটি হবে। তবে যুক্তরাষ্ট্র জানিয়ে রেখেছে, তারা ওই প্রস্তাবে ভেটো দেবে।