ক্ষেতলাল উপজেলা প্রশাসনে জনবল সংকট
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা প্রশাসনে জনবল-সংকট প্রকট হয়ে উঠেছে। ফলে প্রশাসনিক কাজকর্ম চলানোই কঠিন হয়ে পড়েছে। উপজেলার ১৬টি কার্যালয়ে কর্মকর্তা-কমচারীসহ ৫৭টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া ১০ বছর ধরে সহকারী কমিশনার (ভূমি) পদটিও শূন্য।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০০০ সাল থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য। তা ছাড়া দীর্ঘদিন ধরে উপজেলা মৎস্য কর্মকর্তা, মহিলাবিষয়ক কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, খাদ্যনিয়ন্ত্রয়ক কর্মকর্তা, জনস্বাস্থ্য কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার পদ শূন্য রয়েছে। তবে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তার কাজ গত মাস থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে চালানো হচ্ছে। গেজেটেড কর্মকর্তা ছাড়া ওই সব দপ্তরের কার্যক্রম একেবারেই ভেঙে পড়ছে বলে ভুক্তভোগী ব্যক্তিরা অভিযোগ করেন। অপরদিকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৫০ কর্মচারীর পদ শূন্য রয়েছে। এর মধ্যে রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে-২, পরিসংখ্যানে -৩, ভূমিতে-৪, খাদ্য নিয়ন্ত্রয়ণে-২, সমবায়ে-১, কৃষি সম্প্রসারণে-৮, প্রাণী সম্পদে-১, প্রাথমিক শিক্ষা কার্যালয়ে দুজন, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের দপ্তরে সাতজন, মহিলাবিষয়ক কার্যালয়ে একজন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ছয়জন, হিসাবরক্ষণ কার্যালয়ে তিনজন, মৎস্য কার্যালয়ে তিনজন, সমাজসেবা দপ্তরে দুজন, বন সম্প্রসারণে তিনজন এবং জনস্বাস্থ্য ও প্রকৌশল দপ্তরে দুজন। ওই কার্যালয়গুলোর কর্মকর্তা-কর্মচারীরা জানান, জনবল সংকটে তাঁরা হাবুডুবু খাচ্ছেন।