ক্ষেতলাল ডিজিটাল বিটিসিএলের বেহাল দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলালে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) বেহাল দশার অভিযোগ উঠেছে। ২০০৫ সালে এনালগ থেকে ডিজিটালে রূপান্তরিত করা হলেও গ্রাহকসুবিধা ন্যূনতম বাড়েনি বলে অভিযোগ করেছেন টেলিফোন সংযোগ গ্রাহকেরা। ডিজিটালের এ যুগে বেহাল দশার কারণে গত এক বছরে অনেক টেলিফোন গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আবেদন করেছেন। তার, যন্ত্রপাতি ও লাইনের সমস্যার কারণে বন্ধ টেলিফোনের সংখ্যাও কম নয়। কিন্তু সেসব সংযোগ বন্ধ থাকলেও বন্ধ নেই মাসিক বিল। প্রতি মাসেই বিটিসিএলের বিলের কাগজ গ্রাহককে পৌঁছে দেওয়া হচ্ছে। আবার কখনো কখনো হঠাৎ করে এমন ভুয়া বিল দেওয়া হচ্ছে, এতে গ্রাহক হয়রানি চরমে উঠেছে।ক্ষেতলাল বিটিআরসি সূত্রে জানা গেছে, ২০০৫ সালে ক্ষেতলাল টিঅ্যান্ডটিকে ডিজিটাল ঘোষণার পর মাত্র ৩৫টি টেলিফোন সংযোগ বাড়িয়ে ১৬৪টি করা হয়। ডিজিটাল সুবিধা নিশ্চিত না করায় এক বছরের মধ্যে প্রায় ১০ জন গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন করার আবেদন করেন। অত্যাধুনিক সংযোগ সুবিধা না থাকায় ১৫টি টেলিফোন সংযোগ দেওয়ার পরও তা অচল হয়ে আছে। এগুলোর কোনোটির ডায়াল টোন নেই, আবার সংযোগ তারসহ বিভিন্ন সমস্যা বর্তমান। ক্ষেতলাল জেনারেল কম্পিউটার এডুশেন অ্যান্ড ট্রেনিং সেন্টারের শিক্ষক এস এম শওকত বলেন, তাঁদের টেলিফোন সেটে বছরের ১১ মাস ডায়াল টোন থাকে না। তারপর অতিরিক্ত বিল তো আছেই। যেমন, ২০০৯ সালের জুলাই মাসে হঠাৎ করে বিল এসেছে দুই হাজার ১০০ টাকা। বরাবর বিল হয় প্রতি মাসে এক থেকে দেড় শ টাকা মাত্র। কোথায় কীভাবে কথা বলেছি সেটা জানার জন্য জেলা বিটিসিএল অফিসে আইটিমাইস কপির জন্য ধর্ণা দিয়েও কোনো কপি পাওয়া যায়নি।শিক্ষক মাহবুবুর রহমান বলেন, ‘আমরা সুবিধা ও অর্থ সাশ্রয়ের আশায় সংযোগ নিয়েছি। কিন্তু সুবিধার পরিবর্তে এখন সেটা যেন অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় সময় সংযোগ বন্ধ থাকে। আবার কোনো মাসে এমন বিল আসে যা দেখে আশ্চর্য না হয়ে পারি না।’অপরদিকে ক্ষেতলাল সোনালী ব্যাংকের ব্যবস্থাপক ওয়ালী কিরণ বলেন, ‘ডিজিটাল সুবিধা পাওয়া তো দূরের কথা, প্রায় ১৫ দিন যাবৎ লাইন বন্ধ। সে কারণে ব্যাংকের জরুরি কাজকর্ম নিয়ে খুব অসুবিধার মধ্যে আছি।’ এ ধরনের প্রায় ১৫টি সংযোগ বন্ধ আছে।ক্ষেতলাল এক্সচেঞ্জের অপারেটর তোফাজ্জল হোসেন বলেন, ‘সমস্যাগুলো খুবই সামান্য। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সমাধান করা যায়। আশা করছি, দু-এক দিনের মধ্যে সমাধান হয়ে যাবে।’জেলা বিটিসিএলের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম বলেন, ‘টেলিফোন যান্ত্রিক জিনিস। খারাপ হতেই পারে। আমাদের অফিসে রিপোর্ট না করলে তো বুঝতে পারব না। তবে এখনই আমি ব্যবস্থা নিচ্ছি। ডিজিটালের যুগে এগুলো তেমন কোনো সমস্যা নয়।’