ক্ষেতলাল সদর ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রারের কার্যক্রম স্থগিত
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সদর ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রারের বিবাহ তালাক রেজিস্ট্রিসংক্রান্ত সব কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। জানা গেছে, ক্ষেতলাল সদর ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রারের পদ শূন্য থাকায় জেলা রেজিস্ট্রার পার্শ্ববর্তী কালাই উপজেলার পৌর এলাকার নিকাহ্ রেজিস্ট্রার নূর মোহাম্মদকে ১৬ মার্চ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেন। হাইকোর্টের বিচারপতি মমতাজ উদ্দীন আহম্মেদ এবং নাইমা হায়দারের সমন্বয়ে গঠিত বেঞ্চ ২৬ মে শুনানি অন্তে রুল ইস্যু করেন। সেই সঙ্গে জেলা রেজিস্ট্রারের আদেশ পরবর্তী তিন মাসের জন্য স্থগিত করেন। এ ব্যাপারে বাদী নাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ গেজেট অনুযায়ী কোনো ইউনিয়নে নিকাহ রেজিস্ট্রারের পদ শূন্য থাকলে পার্শ্ববর্তী কোনো ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার দ্বারা সেই ইউনিয়নের বিবাহ তালাকাদির কাজ চালানোর কথা। কিন্তু জেলা রেজিস্ট্রার অন্যায়ভাবে এই দায়িত্ব পালনের জন্য কালাই উপজেলা থেকে নিয়োগ প্রদান করলে তাঁর নিয়োগকে আমি চ্যালেঞ্জ করে রিট করেছিলাম।সদর ইউনিয়নের অতিরিক্ত দায়িত্বে থাকা নিকাহ রেজিস্ট্রার নূর মোহাম্মদ মোবাইলে বলেন, ‘আমি এখনো হাইকোর্টের আদেশ পাইনি। তাই কিছু বলতে পারব না।’ এ ব্যাপারে জেলা রেজিস্ট্রার ইসমাইল হক জানান, ‘আমার আগের রেজিস্ট্রার এই নিয়োগটি দিয়ে গেছেন। আমি এ ব্যাপারে কোনো কিছু জানি না। তবে কোনো অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে।’