ক্ষেতলাল সদর ইউপি ভবনে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল সদর ইউপি ভবনের বিভিন্ন দেয়ালে ফাটল ও ছাদ থেকে খসে পড়ছে পেলেস্তারা। ১০ বছর ধরে চলছে এ দশা। এর মধ্যেই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চেয়ারম্যান, সচিব ও সাধারণ মানুষ তাদের কার্যক্রম চালাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, ভবনটির তিনটি কক্ষের মধ্যে একটিতে চেয়ারম্যান ও অন্য একটিতে সচিব বসেন। বাকি একটি ছোট কক্ষে চলে বিচার-আচার। প্রতিটি কক্ষের দেয়ালেই বড় বড় ফাটল দেখা দিয়েছে। সচিব বিনয় সরকার বলেন, ফাটল দিয়ে বাইরে থেকে সব সময় পোকামাকড় কক্ষে ঢোকে। গ্রামের সহজসরল মানুষগুলো কোনো কাজে এখানে এলে ভয়ে ভয়ে থাকে। ইউপি সদস্য লতিফুর রহমান বলেন, ‘আমরা লাখ লাখ টাকা খরচ করে জনগণকে স্যানিটারি ল্যাট্রিনসহ কত সেবা দিই। আর আমাদের ভালো একটা বাথরুম নেই।’ ইউপি সদস্য মুন্টু মিয়া বলেন, ‘কক্ষ সব সময়ই স্যাঁতসেঁতে থাকে। ছাদের পরিস্থিতি এতটাই খারাপ যে বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে গেছে। কাজকর্মের জন্য সাধারণ মানুষ এলে ভবনের খারাপ অবস্থা নিয়ে জবাব দিতে দিতে আর ভালো লাগে না।’ইউনিয়নের সাগরামপুরের কৃষক আবদুল মোমেন বলেন, ‘ইউনিয়ন পরিষদে ঢুকলে মন খালি আনচান করে, কখন যেন ভাঙে মাথার ওপর পড়ে।’ চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী বলেন, ছাদ চুয়ে পানি পড়ায় আর পুরো বর্ষাকাল স্যাঁতসেঁতে থাকায় ফাঙ্গাস পড়ে আলমারির ভেতরের কাগজপত্র পর্যন্ত নষ্ট হয়ে যায়। কিছুদিন আগে ছাদের পলেস্তারা পড়ে একজন চৌকিদার আহত হয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা বলেন, পর্যাক্রমে নতুন ইউনিয়ন পরিষদ ভবন তৈরি হচ্ছে। আমাদের উপজেলায় পাঁচটি ইউনিয়ন পরিষদের মধ্যে দুটির নতুন ভবন হয়েছে। বাকি তিনটিতে নতুন ভবন হলে এ সমস্যার সমাধান হবে।