ক্ষেতলালে অস্ত্র ও জিহাদি বই উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামে জেএমবির আঞ্চলিক কমান্ডার মন্তেজারের গভীর নলকূপের ঘর থেকে পাইপগান, জিহাদি বই, বিস্ফোরকদ্রব্য, ধারালো অস্ত্রসহ সদস্য সংগ্রহের ফরম ও লিফলেট উদ্ধার করেছেন জয়পুরহাট র‌্যাব-৫-এর সদস্যরা। গতকাল রোববার সন্ধ্যায় চালানো অভিযানে এসব উদ্ধার করা হয়। মন্তেজার বর্তমানে জেলে আছেন।র‌্যাব ও ক্ষেতলাল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের একটি দল গতকাল সন্ধ্যায় মন্তেজারের বাড়ির পাশে তাঁর গভীর নলকূপের ঘরে অভিযান চালায়। ওই সময় র‌্যাব তিনটি দেশি পাইপগান, চারটি ধারালো অস্ত্র, তিনটি জিহাদি বই, বোমা তৈরির ৪৫০ গ্রাম বিস্ফোরকদ্রব্য ও জেএমবির সদস্য সংগ্রহের জন্য ব্যবহূত ২৫০টি লিফলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।উদ্ধারকৃত লিফলেটে দুই মাসের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের শপথ, মসজিদ, মন্দিরসহ আদালতে আল্লাহর আইন বাস্তবায়ন, যেসব মেয়েরা হাটবাজার করে, তাঁদের খুন করার অঙ্গীকারসহ জিহাদের বিভিন্ন বিষয় রয়েছে। উল্লেখ্য, ২০০৩ সালের ১৪ আগস্ট রাতে ক্ষেতলাল উপজেলার ওই গ্রামে পুলিশের সঙ্গে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পরে ওই ঘটনায় দায়ের করা মামলায় জেএমবির আঞ্চলিক কমান্ডার মন্তেজার রহমানকে কারাদণ্ড দেওয়া হয়। এলাকাবাসীর ধারণা মন্তেজার জেলে থাকলেও তাঁর কর্মকাণ্ড ঠিকই চলছে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, নিষিদ্ধঘোষিত জেএমবির সদস্যরা নতুন করে এ এলাকায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে।