ক্ষেতলালে পোলট্রি ব্যবসায় ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি পোলট্রি খাদ্যের দাম বাড়া, উৎপাদিত মুরগির পাইকারি বাজারে দাম কমে যাওয়া ও জয়পুরহাটের কয়েকটি পোলট্রি ফার্মে বার্ড ফ্লু দেখা দেওয়ায় জেলার ক্ষেতলাল উপজেলার সম্ভাবনাময় এই শিল্পের মালিকেরা বিপাকে পড়েছেন। পোলট্রির মালিকেরা জানিয়েছেন, ইতিমধ্যে তাঁরা লাখ লাখ টাকা লোকসান গুনেছেন। ক্ষেতলালে শতাধিক পোলট্রি খামার বন্ধ হয়ে গেছে। বেকার হয়েছে শত শত যুবক।উপজেলা প্রাণিসম্পদ অফিস ও স্থানীয় পোলট্রির মালিকেরা জানান, এলাকায় কয়েক মাস ধরে বার্ড ফ্লু দেখা দেওয়ায়, পোলট্রি ফিড, রোগ প্রতিষেধক ওষুধের দাম বেড়ে যাওয়া এবং বার্ড ফ্লু আতঙ্কে সম্ভাবনাময় এ ব্যবসায় ধস নেমেছে। এরপর উৎপাদন খরচও বেড়ে গেছে। কিন্তু ডিম ও মুরগির মাংসের দাম সেই হারে বাড়েনি। উপজেলার বিনাই গ্রামের পোলট্রি খামারের মালিক শাহ সুলতান বলেন, ‘সোনালি জাতের মুরগি প্রতি কেজিতে ২০ টাকা লোকসান গুনছি।’ এক হাজার মুরগিতে ১৬ হাজার টাকা লোকসান হয়েছে বলে তিনি জানান। একই অভিযোগ করেন পাঁচখুপি গ্রামের পোলট্রির মালিক জুয়েল, হাবিব ও হাঁপুনিয়া গ্রামের মোস্তাফিজার রহমান, ক্ষেতলাল সদরের সাইফুল ইসলাম। তাঁরা বর্তমানে লোকসান দিয়ে ও পুঁজি হারিয়ে বেকার বসে আছেন। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেওয়া যুবকেরা অভিযোগ করেন, বার্ড ফ্লু আতঙ্কে পোলট্রি ব্যবসায় ধস নামায় শত শত যুবক বেকার হয়ে গেছে।উপজেলার ফকিরপাড়া গ্রামের জাফর ইকবাল ও ফাইট জানান, গত ফেব্রুয়ারি মাসে বার্ড ফ্লুতে তাঁদের ফার্মের প্রায় লক্ষাধিক টাকার মুরগি পোড়ানো হয়। এ লোকসান তাঁরা কোনোভাবেই পুষিয়ে উঠতে পারছেন না। রসালপাড়া গ্রামের খলিলুর রহমান বলেন, ব্যবসায় মন্দার আরও একটি কারণ, ভারতীয় মুরগির ডিম। এলাকায় অহরহ ভারতীয় মুরগির ডিম পাওয়া যায়।তাঁরা আরও জানান, গত কয়েক মাস আগে মুরগির খাদ্য (ফিড) ৫০ কেজি ওজনের এক বস্তার দাম ছিল এক হাজার ১৫০ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে এক হাজার ৪৪০ থেকে এক হাজার ৫৭০ টাকা। পক্ষান্তরে উৎপাদিত মুরগির জয়পুরহাট ও বগুড়ায় পাইকারি বিক্রির বড় কোনো বাজার নেই। চেয়ে থাকতে হয় ঢাকার পাইকারি ব্যবসায়ীদের দিকে। ক্ষেতলাল উপজেলায় বড় ও মাঝারি মিলে প্রায় দুই-তিন শ খামার অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। কোনো ধরনের প্রশিক্ষণ বা স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের পরামর্শ ছাড়াই মালিকেরা তাঁদের বাসগৃহে টিনশেড দিয়ে মুরগির খামার তৈরি করেছেন। এতে করে মুরগির মৃত্যুর হার বেশি হচ্ছে বলে জানা যায়। অন্যদিকে দু-এক মাস ধরে পত্রিকায় প্রকাশিত জয়পুরহাট-হিলিসহ উত্তরবঙ্গে হাজার হাজার মুরগি বার্ড ফ্লুতে নিধনের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় বাজারে মুরগি বেচাকেনা কমে গেছে বলে স্থানীয় ইটাখোলা বাজারের পোলট্রি ফিড ব্যবসায়ী আসাদ আলী জানান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রুস্তম আলী বলেন, ‘ক্ষেতলালে পোলট্রি ব্যবসায় কিছুটা ধস নেমেছিল। তবে বর্তমানে একটু ভালোর দিকে। আমরা চেষ্টা করছি, এ ব্যবসাকে সব সময় লাভজনক রাখতে। সরকারি হিসাবে রেজিস্ট্রি করা ১২৫টি মুরগির খামারের মধ্যে বিভিন্ন সমস্যার কারণে ৪০-৪৫টি বর্তমানে বন্ধ আছে।