ক্ষেতলালে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পেয়েছেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ সদস্যের একটি তদন্তদল সাক্ষ্য গ্রহণ করেছেন। এ সময় তাঁরা সাবেক মন্ত্রী ও শান্তি কমিটির চেয়ারম্যান আবদুল আলিমের ঘনিষ্ঠ সহচর নুরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পেয়েছেন বলে জানা গেছে।নুরুল ইসলাম চৌধুরী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ক্ষেতলাল থানার শান্তি কমিটির সেক্রেটারি ছিলেন।জানা গেছে, তদন্তকারী দলের প্রধান সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিনের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জেড এম আলতাবুর রহমান ও আতাউর রহমান সাক্ষ্য গ্রহণ করেন।এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সাক্ষ্য দেন। সকাল ১০টার দিকে তদন্ত দল উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভা করেন। পরে তদন্তদল ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।এক প্রশ্নের জবাবে তদন্ত দলের প্রধান মো. হেলাল উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে এই এলাকায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে ক্ষেতলাল সদরের দিঘিপাড়া গ্রামের জলধর, গংগাধর, ধলধরসহ ১৫-২০ জনের হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, লুটপাটসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য রাজাকার আবদুল আলিমের ঘনিষ্ঠ সহচর নুরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বহু তথ্যপ্রমাণ মিলেছে।এ সময় নূরুল ইসলাম চৌধুরীর মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবি জানান স্থানীয় মুক্তিযোদ্ধারা।