ক্ষেতলালে সরকারি গাছ কাটা হচ্ছে দেদারছে
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় তিনটি স্থানে প্রায় ২০০ সরকারি গাছ চুরির উদ্দেশে কাটা হলেও প্রশাসনের সেদিকে নজর নেই বলে অভিযোগ করেছে এলাকার সাধারণ মানুষ। মামলা হলেও অজ্ঞাত কারণে আসামি ধরা পড়ছে না। রাতের আঁধারে কাটা গাছগুলোর ডালপালাসহ সব চুরি হয়ে যাচ্ছে।এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লালাগড়-মৈয়ুম সেরকোল রাস্তার ১৮২টি সরকারি গাছ কথিত মৈয়ুম সেরকোল যুব ক্লাবের সদস্যরা গত ৮ জুলাই বিকেলে কেটে ফেলেন। খবর পেয়ে সন্ধ্যায় ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযানে গেলে ঘটনাস্থল থেকে পুলিশ হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করে। অন্য আসামিরা দ্রুত পালিয়ে যায়। চুরি হয়ে যাওয়া গাছগুলো মামুদপুর ইউনিয়নের চৌমুহুনী বাজার থেকে উদ্ধার করা হযেছে। ওই দিন রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে মামুদপুর ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে চুরি যাওয়া গাছের ৪৭৫টি বড় খণ্ড উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দীনের হেফাজতে রাখা হয়। এ ব্যাপারে ক্ষেতলাল উপজেলা বনরক্ষী বাদী হয়ে থানায় নয়জনকে আসামি করে মামলা করেছেন। তবে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক বলেন, আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার ইশারায় ওই গাছগুলো কাটা হয়েছে। তাই প্রশাসন এখন নীরব। অপরদিকে উপজেলার দক্ষিণ হাটশহর পূজামণ্ডপের সরকারি জায়গার ছয়টি কড়ইগাছ এলাকার কয়েকজন যুবক কাটার পর প্রশাসন ওই অবস্থায় রেখে দেয়। এক মাস পেরিয়ে গেলেও সেই গাছগুলো গ্রামের মন্টু মহন্ত, রণজিত মহন্ত, নারায়ণ মহন্তসহ কয়েকজন বলেন, ‘আমরা স্থানীয় চেয়ারম্যানের পরামর্শে গাছগুলো কেটেছি। কিন্তু এখন গাছগুলো হরিলুট হওয়ার আশঙ্কা রয়েছে।’ গাছগুলোর মূল্য প্রায় ২৫ হাজার টাকা ধরা হয়েছে। ক্ষেতলাল নির্বাচন অফিসের সার্ভার স্টেশন নির্মাণের জন্য দুটি গাছ টেন্ডার ছাড়াই কাটা হয়। এগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে আছে বলে জানা গেছে। পার্শ্ববর্তী আয়মাপুর গ্রামের ব্যবসায়ী আশরাফ আলী বলেন, সরকারকে না জানিয়ে এতগুলো গাছ নিধন করে অনেক বড় দুঃসাহসিকতার পরিচয় দেওয়া হয়েছে। এর পেছনে কারণ যাই থাক না কেন, বিচার হওয়া উচিত। কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি ধরছে না পুলিশ। উপজেলা ফরেস্টার আবদুস সালাম বলেন, গাছগুলো আমাদের বন বিভাগ থেকে রোপণ করা ছিল। সরকারি গাছ এভাবে কর্তন করা অন্যায়। গাছগুলো উদ্ধার করা হয়েছে। এই গাছ চুরির পেছনের শক্তিকে পরবর্তী সময়ে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন জানান, পুলিশ দুজন আসামিকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন মিঞা জানান, সরকারি সম্পদ এভাবে দিনের বেলায় লুট যারা করছে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। বাকি আসামিদের অচিরেই ধরা হবে।