ক্ষেতলালের শিশুপার্কটির বেহাল দশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা ব্রিটিশ আমলের থানা হলেও এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি আজো। এখানে উপজেলা পরিষদের কয়টি দ্বিতল ভবন ছাড়া আর কিছু চোখে পড়ে না। অর্ধযুগের অনেক আগে তৈরি একমাত্র শিশুপার্কটিও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলা আবাসিক এলাকায় শিশু নিকেতন ও সদর জুনিয়র স্কুলের পাশে মনোরম পরিবেশে শিশুপার্কটি অবস্থিত। ২০০২ সালের ৩০ জুলাই শিশুপার্কটির উদ্বোধন করেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ। এরপর আট বছর পেরিয়ে গেলেও কোনো সংস্কার হয়নি পার্কটির। দোলনার চেইন, বসার স্টিল সবই চুরি হয়ে গেছে। একটি স্টিলের বড় ছাতা আছে, সেটি রং না করায় জং ধরে নষ্ট হওয়ার পথে।ক্ষেতলাল বাজারের জেনারেল কম্পিউটার এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক এস এম শওকত জানান, শিশুমনের বৈচিত্র্য বিকাশে ক্ষেতলালে একটি শিশুপার্ক অতীব জরুরি। যেটি পরিত্যক্ত আছে, সেটিও আবাসিক এলাকার ভেতরে। তারপরও ভালো থাকলে ‘নাই মামার চেয়ে কানা মামা ভালো’ ছিল। কিন্তু ওই পার্কটিরও দশা খুব নাজুক।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন মিঞা বলেন, পার্কটির আশু সংস্কার প্রয়োজন। তবে অর্থ বরাদ্দ সাপেক্ষে শিশুপার্কটির অচিরেই কাজ করা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।