ক্ষেপণাস্ত্র তৈরির জন্য অপরাধবোধ নেই
ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম আজাদ বলেছেন, সংকটপূর্ণ সময়ে পাশের অঞ্চলগুলোর সঙ্গে ভারতের ভারসাম্য রক্ষা করতে সে সময় পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজন ছিল। আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকায় এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আবদুল কালাম আজাদ এসব কথা বলেন। সিরডাপের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাঁর বক্তব্য শেষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সিরডাপের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের ব্যক্তিগত সফরে আবদুল কালাম আজাদ গতকাল সন্ধ্যায় ঢাকায় এসেছেন। ১৫ দেশের সমন্বয়ে গঠিত সিরডাপের প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত।দক্ষিণ এশিয়ার সীমিত সম্পদ দারিদ্র্য বিমোচনের কাজে না লাগিয়ে পারমাণবিক অস্ত্র বিস্তারে ব্যয় করায় আপনার মনে কোনো অপরাধবোধ জাগে কি না—এমন এক প্রশ্নের জবাবে আবদুল কালাম আজাদ বলেন, ‘আপনারা জানেন যে ওই সময় ভারতের পার্শ্ববর্তী বড় দেশগুলোর হাতে পারমাণবিক অস্ত্র ছিল। এ জন্য শক্তির ভারসাম্য রক্ষায় দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি ভারতের জন্য ছিল গুরুত্বপূর্ণ।’ভারতের সাবেক রাষ্ট্রপতি আরও বলেন, ভারত অগ্নি ও পৃথিবী নামে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সামান্য অর্থ ব্যয় করেছে। আক্রান্ত না হলে ভারতের ক্ষেপণাস্ত্র কখনই ব্যবহার করা হবে না বলে তিনি জানান। বাসস।