ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করল দ. কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আরও মজবুত করতে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে এক চুক্তিতে আবদ্ধ হয়েছে। দেশটির সরকার আজ রোববার জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকি এড়াতে নিজেদের ক্ষেপণাস্ত্রের পাল্লা তিনগুণ পর্যন্ত বাড়াবে দক্ষিণ কোরিয়া।রয়টার্সের খবরে বলা হয়, এ চুক্তির অধীনে দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়ানো এবং গোয়েন্দা তদারকির জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন নভোযান উন্নয়নে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। খবরে আরও বলা হয়, দক্ষিণ কোরীয় ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়লে তা চীন, জাপান ও রাশিয়ার উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ, এখন থেকে দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র ওই তিন দেশের ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম হবে।দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মুয়াং-বাকের সচিব চুন ইয়াং-উ আজ সাংবাদিকদের বলেন, এ চুক্তির পর দেশটি ৮০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। এর আগে দেশটি সর্বোচ্চ ৩০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র প্রস্তুত করতে পারত। দক্ষিণ কোরিয়া এখন তার প্রতিটি ক্ষেপণাস্ত্রের জন্য ৫০০ কিলোগ্রাম ওজনের অতঃস্থিত বোমা ব্যবহার করতে পারে, তবে চুক্তির পর স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রে আরও বেশি ওজনের বোমা ভরতে পারবে দেশটি।চুক্তির অধীনে দক্ষিণ কোরিয়া মনুষ্যবিহীন বিমানও (ইউএভি) নির্মাণ করতে পারবে, তবে তার সীমা হবে সর্বোচ্চ ৩০০ কিলোমিটার।দক্ষিণ কোরিয়া অনেক দিন ধরেই চাইছিল, যুক্তরাষ্ট্র তাদের বেশি ক্ষমতার ক্ষেপণাস্ত্র এবং গোয়েন্দা ইউএভি ছাড়াও যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য ইউএভি নির্মাণের অনুমতি দিক। কিন্তু, মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই দক্ষিণ কোরিয়াকে এ বিষয়ে নিরুত্সাহিত করে আসছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ন্ত্রণ ব্যবস্থা (এমটিসিআর) চুক্তিতে আবদ্ধ থাকার কারণে নিজেদের সামরিক ক্ষমতা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়ার প্রয়োজন হয় দক্ষিণ কোরিয়ার।