ক্ষোভ-শঙ্কা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দিন পর গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল শুরু হয়েছে। যোগাযোগ ও নৌমন্ত্রীর সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের আলোচনার পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় সড়কে বাস চলাচল শুরু হয়। তবে রাতে খুব একটা বাস চলাচল করেনি। মূলত আজ বুধবার সকাল থেকে শহরের মাসকান্দা ও শম্ভুগঞ্জ বাসস্টেশন থেকে ঢাকাগামী বাসগুলো যাত্রী পরিবহন শুরু করেছে।গত বুধবার থেকে মহাসড়কটিতে বাস চলাচল বন্ধ থাকায় এবং গত তিন দিনের টানা গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে তুলনামূলকভাবে বাসস্ট্যান্ড দুটিতে যাত্রীর চাপ কম ছিল। সড়ক সংস্কার ও মেরামতের দাবিতে বাস চলাচল বন্ধ থাকার পর নিম্নমানের ইট, বালি ও ইটের খোয়ায় কাজ করে ফের বাস চলাচল শুরু করা হয়েছে। তবে বৃষ্টিতে সড়কের নাজুক অবস্থা নিয়ে যাত্রী ও বাসচালকদের ক্ষোভ ও শঙ্কার শেষ নেই।আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মাসকান্দা বাসস্টেশনের সময় নিয়ন্ত্রণ কেন্দ্রে কথা হয় শেরপুরগামী ড্রিমল্যান্ড পরিবহনের সুপারভাইজার ফারুক মিয়ার সঙ্গে। ফারুক বলেন, ‘জানে মইরা গেছি। ভোর ছয়টায় মহাখালী থেকে রওনা হইছি। এহন ১২টা বাজে। রাস্তার অনেক জায়গা দেইহা বুঝন যায় না এইডা রাস্তা না হাল চওয়া (চাষ করা) খেত। কাদা আর কাদা। সব গাড়ি বের হলে ১২ ঘণ্টায়েও একবার ঢাকা-ময়মনসিংহ যাওন যাইব না।’এ বাসের যাত্রী শেরপুরের নালিতাবাড়ির আহম্মদ মিয়া বলেন, রাস্তায় পানি আর কাদার মধ্যে বাস যেমনে কাত হয় মনে হয় নৌকায় আছি। তবে ঝাঁকুনিতে যখন বুক ও পেটে ব্যথা লাগে তখন বুঝি বাসে আছি। একই স্ট্যান্ডের এনা পরিবহনের চালক আবুল হোসেন বলেন, ‘সকালে ঢাকা থেকে এসেছি অনেক কষ্টে। রাস্তার কোনো কাজই হয় নাই। আকাজ হয়েছে। বৃষ্টি থাকলে কালকেই গাড়ি বন্ধ করে দিতে হবে। যেখানে যেখানে ইটের খোয়া দেয়া হয়েছিল, সব উঠে গিয়ে সামনে উঁচু-নিচু টিলা হয়ে আরও সমস্যা করছে।’এসি পরিবহন এসইপিএলের টিকিট মাস্টার নেপাল চন্দ্র ঘোষ বলেন, মহাসড়কটিতে বাস চলাচল বন্ধ থাকায় ও গত তিন দিনের টানা গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে তুলনামূলকভাবে বাসস্টেশন দুটিতে যাত্রী চাপ কম। মানুষ জানে না, বাস চলতে শুরু করেছে। আর জানলেই বা কী, খারাপ রাস্তার কারণে চালকেরা বাস চালাতে চাচ্ছে না, বৃষ্টি থাকলে দুই-এক দিন পর এমনিতেই আবার বাস বন্ধ হতে পারে।শম্ভুগঞ্জ পাটগুদাম বাসস্টেশনের পান দোকানি জাহাঙ্গীর মিয়া বলেন, ‘সকাল থেকে বাস চলছে, তয় কম কম। বিআরটিসির বাসও চলছে।’ আজ বুধবার দুপুরেও সড়কের বিভিন্ন অংশে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে গর্ত ভরাট করতে দেখা গেছে। তবে উঠে যাওয়া ইটের কণা ও টুকরা জমাট হয়ে সড়কে এবড়োখেবড়ো অবস্থা দূর করতে তাদের কোনো কাজ চোখে পড়েনি। ঠিকাদারি প্রতিষ্ঠান বিপিএলের শ্রমিক আলী হোসেন বলেন, ‘গর্ত ভরাট করেই তো শেষ করবার পারছি না, রাস্তা সমান কখন করি।’ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, ‘সকাল থেকে সব সড়কের বাস চলাচল শুরু হয়েছে। আমরা চালকদের কাছ থেকে সড়কের নাজুক অবস্থা সম্পর্কে জেনে শঙ্কিত। বৃষ্টি হলে ঠিক কয়দিন বাস চলাচল ধরে রাখতে পারব। সড়কের দুই পাশে পানি নিষ্কাশন ও পিচ দিয়ে যতক্ষণ মেরামতকাজ করা না হবে, ততক্ষণ গর্ত ভরাট আবার গর্ত চলতেই থাকবে।’