ক্ষোভে তপ্ত, শোকে আর্ত মধুখালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসস্ট্যান্ডে নেমে মনে হলো ফরিদপুর জেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমের ছোট্ট নিরিবিলি উপজেলা মধুখালী আর আগের মতো নেই। মধুখালী এখন শোকে আর্ত, ক্ষোভে তপ্ত, বেদনায় বিহ্বল। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রেলগেট বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নেমে চোখে পড়ল, লোকজন চায়ের দোকানে বসে খবরের কাগজ পড়ছেন জটলা করে। বাজারের মোড়ে বহু লোকের সমাগম। বখাটে দেবাশীষের বাবা রতন সাহার মদের দোকান সিলগালা করা হবে খবর পেয়ে কী ঘটে দেখতে এসেছেন। তাঁদের মধ্য থেকে গোন্দালিয়া গ্রামের আকবর হোসেন মোল্লা উঁচুগলায় দাবি তুললেন, ‘সিলগালা করলি হবি না নে। উয়ার লাইসিন বাতিল করতি হবি।’ পাশের প্রায় শ খানেক লোক ‘তাই করতি হবি, তাই করতি হবি। আগে উয়ার টাহার জোর কমাতি হবি’ বলে আওয়াজ তুললেন।ফরিদপুর চিনিকল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জামায় লাগানো কালো ব্যাজ। জাতীয় পতাকার পাশে উড়ছে কালো পতাকা। সবার মুখে একটাই দাবি, বখাটে দেবাশীষকে গ্রেপ্তার করতে হবে। তাকে এমন সাজা দিতে হবে যেন সারা দেশে আর কেউ কাউকে উত্ত্যক্ত করার সাহস না পায়। এলাকাবাসী একজোটফরিদপুর চিনিকল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে বিদ্যালয়ে আসতে যেতে উত্ত্যক্ত করত স্থানীয় মদ ব্যবসায়ী রতন চন্দ্র সাহার ছেলে দেবাশীষ সাহা ওরফে রনি। এর প্রতিকার চেয়েছিলেন ওই শিক্ষার্থীর বাবা-মা। এতে ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার দেবাশীষ ওই শিক্ষাথীর মা ফরিদপুর চিনিকলের জ্যেষ্ঠ করণিক চাঁপা রানী ভৌমিককে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করে। ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনা নির্মম হত্যাকাণ্ডে গড়ানোয় মধুখালীবাসী একদিকে যেমন হতবিহ্বল, তেমনি তারা এখন প্রতিবাদমুখ হয়ে একজোট হয়েছে এসব বখাটে সন্ত্রাসীকে প্রতিহত করতে। গোড়াখোলার তরুণ ব্যবসায়ী মেহেদী হাসান বললেন, ‘আমরা গতকাল (বুধবার) মানববন্ধন করেছি। এলাকার সবাই দলমত নির্বিশেষ একমত হয়েছেন মধুখালীতে আর শুধু ইভ টিজিং নয়, কোনো রকম বখাটেপনা, সন্ত্রাস করতে দেব না। এ ধরনের ঘটনা এলাকার যেখানেই ঘটার খবর পাওয়া যাবে, সবাই মিলে সেখানে গিয়ে আমরা প্রতিরোধ করব। তাকে পুলিশের হাতে তুলে দেব। আমাদের সবার ঘরেই মা-বোন আছে। এবার অনেক চড়া দাম দিয়ে আমরা শিখলাম আমাদের মা-বোনের নিরাপত্তার ব্যবস্থা আমাদেরই করতে হবে।’হীরক রাজার দেশ নাকি?বেলা একটার দিকে মধুখালী বাজারে রতন সাহার দেশি মদের দোকানে সিলগালা করে দিলেন ফরিদপুর মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মুকুল জ্যোতি চাকমা। বিক্ষুব্ধ লোকের সমাবেশে তিনি বললেন, ‘এই মদের দোকানটাই দেবাশীষদের ক্ষমতার মূল। এটাই তাদের টাকার উৎস। এটা আমরা সাময়িক বন্ধ করে দিচ্ছি।’ জনতার দাবি, লাইসেন্স চিরতরে বাতিল করে দেওয়া হোক। না হলে কিছু দিন পর আবার মদের আসর বসাবে। জনতাকে শান্ত করতে গিয়ে ওই কর্মকর্তা বললেন, ‘এটা কি হীরক রাজার দেশ নাকি? যার যা খুশি তা-ই করবে? নিয়ম অনুসারে প্রাথমিকভাবে ১৫ দিনের জন্য সিলগালা করতে হয়। সেটা করা হলো। আপনাদের দাবির কথা আমরা ওপরে জানাব। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’রনি তো ভালা পোলা!গিয়েছিলাম পাশেই দেবাশীষ সাহার বাড়িতে। প্রাচীরঘেরা বিশাল বাড়ি। নাম ‘জিপি ভবন’। অনেকক্ষণ কড়া নাড়ার পর এক বৃদ্ধা ফটক খুলে দিলেন। দেবাশীষের ঠাকুরমা বাসনা রানী সাহা। বাড়িতে তিনি ছাড়া আর কেউ নেই। উঠানেই মন্দির। সেখানে কালী ও শিবঠাকুরের মূর্তি। নিত্য পূজা হয়। ঠাকুরমা জানালেন, ‘রনি মোটরসাইকেল “এক্সিডেন” করার পর আর বাড়িতে আসেনি। তার বাবা তাকে খুঁজতে গেছে। রনির সৎমাকে বুধবার রাতে পুলিশ এসে থানায় নিয়ে গেছে।’ নাতির সম্পর্কে ঠাকুরমার সাফ জবাব, ‘রনি তো ভালা পোলা। নতুন কইরে সাইকেল চালাইতে শিখছে। তাই এক্সিডেন করিছে। আমাগে অনেক শত্তুর। তারা উল্টাপাল্টা কচ্ছে।’ কথাবার্তার সূত্র ধরে জানালেন, রনি এর আগে তার সৎমায়ের এক মামাতো বোন অর্থাৎ মাসির সঙ্গে ভালোবাসা করেছিল। তাকে নিয়ে নিরুদ্দেশও হয়েছিল ১৫ দিনের জন্য (থানায় রনির সৎমা বলেছেন তারা এক দিন পালিয়ে ছিল)। মাসির সঙ্গে বিয়ে হয় না বলে ওর বাবা মাসিকে বাইরে পাঠিয়ে দিয়েছেন। ঠাকুরমার মত, এরপর থেকেই নাকি তাঁর নাতি একটু ‘আউলা আউলা’ ছিল।পড়বে না তার পায়ের চিহ্নপশ্চিম গাড়াখোলা পাড়ার চাঁপা রানীর বাড়ির নাম ‘সম্পা ভিলা’। সামনেই হলুদের খেত। ইংরেজি এল অক্ষরের মতো ছোট্ট বাড়ি। মোট পাঁচটি ঘর। সামনের প্রাচীরটি একেবারেই নতুন। মজবুত লোহার গেট। গত সোমবারই গেট থেকে বাড়ির উঠান পর্যন্ত রাস্তাটি ঢালাই দেওয়া হয়েছে। ‘ও এত কষ্ট করে এই রাস্তাটা করল, কিন্তু পা ফেলতি পারল না’ কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন চাঁপা রানী ভৌমিকের স্বামী স্বপন কুমার বিশ্বাস। বাড়িভর্তি লোক। উঠানে পাতা চেয়ারে বসা, কেউ দাঁড়ানো। ঘরের ভেতর থেকে খানিক পরপর আসছিল মেয়েদের কান্নার রোল। প্রতিবেশী মহিলারা মেয়েদের কী বলে সান্ত্বনা দিচ্ছিলেন, তাঁরাই জানেন! বাইরে পুরুষেরা গম্ভীর মুখে নিঃশব্দে বসে আছেন। হতবিহ্বল পরিবেশ।স্বপন কুমারের সঙ্গে একটানা কথা বলা যায় না। সে রকম মানসিক অবস্থাও তাঁর নেই। একটু একটু করে যা জানা গেল তা এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন আর স্বপ্নভঙ্গের রূঢ় বাস্তবতার ধূসর বিবরণ। ১৯৮৫ সালে তাঁদের বিয়ে হয়েছিল। স্বপনদের বাড়ির পাশেই বালিয়াকান্দি গ্রামে। তিনি স্থানীয় পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পরিদর্শক। চাঁপা বিয়ের আগে থেকেই ফরিদপুর চিনিকলে চাকরি করতেন। তাঁদের চার মেয়ে। বড় মেয়েটি বাক্প্রতিবন্ধী। তাঁর বিয়ে হয়েছে। মেজ মেয়ে ঢাকায় ইডেন কলেজে অনার্স চূড়ান্ত বর্ষের ছাত্রী। শেষ দুটি যমজ। তিনটি মেয়েই খুব মেধাবী। মেজ মেয়েটি অনার্সের গত দুই সেমিস্টারে প্রথম বিভাগ পেয়েছেন। যমজ দুই বোন পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এবার এসএসসি পরীক্ষা দেবে। বিজ্ঞান বিভাগে। ওদের মায়ের শখ ছিল মেয়েদের চিকিৎসক বানাবেন।স্বপনদের জমিজিরেত বলতে তেমন কিছু নেই। কোনোমতে ঘরের ভাত হয়। ভানভনিতা না করে তিনি বললেন, তাঁর রোজগার অতি সামান্য। বেতন এখন নয় হাজার টাকা। স্ত্রীই তাঁর চেয়ে বেশি বেতন পেতেন। চাঁপার বেতন ছিল ১৬ হাজার টাকার মতো। ‘পরিবার তো আমি চালাতাম না। ওদের মায়ের হাতেই ছিল সংসার। আমাকে কেবল বাজারের লিস্টি দিত। আমি বাজার করে আনতাম।’ ১৯৮৫ সালে এখানে ১০ শতাংশ জায়গা কিনে বাড়িটি করছেন চাঁপা নিজেই। আগে বাঁশের বেড়ার প্রাচীর ছিল। বখাটেগুলো ইদানীং বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে করে চক্কর দিতে শুরু করেছিল। সেই ভয়ে অনেক উঁচু করে ইটের প্রাচীর দিয়েছেন গত মাসে। টাকা-পয়সার টান। মেজ মেয়েকে মাসে পাঁচ হাজার টাকা পাঠাতে হয় ঢাকায়। ছোট দুজনের প্রাইভেট পড়ার খরচ। তারপর সংসার। এর মধ্যে যে কেমন করে চাঁপা দু-দশ টাকা করে জমিয়ে এই প্রাচীরটি তুলছিলেন, তা তিনিই জানেন! তো সেই প্রাচীর হলো। নতুন করে লোহার দরজা লাগানো হলো। গেট থেকে উঠান পর্যন্ত পথটুকুও ঢালাই করা হলো। কিন্তু চাঁপার পায়ের ছাপ পড়ল না তাতে আর।উৎপাতের শুরুচাঁপা রানীর যমজ মেয়েদের একজনকে বখাটে দেবাশীষ উত্ত্যক্ত করা শুরু করেছিল গত বছরের শেষদিক থেকে। স্বপন বিশ্বাস জানালেন, প্রথমে তিনি দেবাশীষের বাবাকে বিষয়টি জানিয়েছিলেন। এরপর জানান স্কুলের প্রধান শিক্ষককে। চিনিকলের মহাব্যবস্থাপককেও জানিয়েছিলেন চাঁপা রানী। এর মধ্যে এলাকায় মাস তিনেক আগে ইভ টিজিং প্রতিরোধের সভা হয়েছিল, সেখানেও তিনি তাঁর মেয়েকে উত্ত্যক্ত করার বিষয়টি তুলেছিলেন। এসব ঘটনায় দেবাশীষ মাঝখানে কিছুদিন দমে ছিল। তাঁরা ভেবেছিলেন, বিষয়টি হয়তো মিটে গেছে। সে কারণে থানায় অভিযোগ করেননি। স্বপন বিশ্বাস ইদানীং নিজেই অধিকাংশ সময় মেয়েদের স্কুলে নিয়ে যেতেন। তবে তাঁর অফিস থাকায় রোজ আনা-নেওয়া সম্ভব হতো না। এবং দেবাশীষ আবার ওদের উত্ত্যক্ত করা শুরু করে। দেবাশীষ তার সাঙ্গপাঙ্গ নিয়ে তিন-পাঁচটি মোটরসাইকেলে করে মেয়েদের পিছু নিত। পথ অবরোধ করত। এমনকি বাড়ির আশপাশেও চক্কর দিতে শুরু করেছিল ইদানীং।যেভাবে ঘটনাটি ঘটল মঙ্গলবার বিকেল চারটার দিকে চাঁপা ও তাঁর স্বামী প্রতিবেশী শ্রাবণীকে বিদায় দিতে গিয়েছিলেন বাড়ির সামনের রাস্তায়। শ্রাবণীরা ডিভি লটারি পেয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। তাঁরা গাড়িতে উঠেছেন। এমন সময় দেবাশীষরা দক্ষিণ দিক থেকে মোটরসাইকেলে করে আসছিল। তাদের পেরিয়ে খানিকটা দূরে চলেও গিয়েছিল। তার পর মোটরসাইকেল ঘুরিয়ে ফিরে এসে সজোরে ধাক্কা দেয় চাঁপা রানীকে। চাঁপা রানী সড়ক থেকে বেশ খানিকট দূরে ঘেষো জায়গার ওপর দাঁড়িয়ে ছিলেন। মোটরসাইকেলের ধাক্কায় তিনি পথের ওপরে এসে পড়েন। তাঁর মাথার পেছনের অংশ থেঁতলে যায়। স্বপনবাবু বললেন, তিনি দৌড়ে গিয়ে দেবাশীষের মোটরসাইকেলটি ধরেও ফেলেছিলেন। কিন্তু ওদিক থেকে লোকজন রক্তাক্ত চাঁপা রানীকে পথ থেকে তুলে তাঁকে ডাকাডাকি করছিল বলে তিনি হতবুদ্ধি হয়ে পড়েন। দেবাশীষকে ছেড়ে দিয়ে স্ত্রীর দিকে দৌড়ে আসেন। এরপর চাঁপা রানীকে স্থানীয় হাসপাতালে ও পরে ফরিদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে তাঁর আর সংজ্ঞা ফেরেনি। সাড়ে পাঁচটার দিকে চাঁপা সব মায়ার বাঁধন ছেড়ে অনন্তলোকে যাত্রা করেন।বড় হাড়ভাঙা খাটুনি খটতভোর পাঁচটায় ঘুম থেকে উঠতেন চাঁপা রানী। ঘরদোর ঝারমোছ করা, থালাবাসন পরিষ্কার করা, নাশতা আর দুপুরের খাবার তৈরি করা সব একহাতে সেরে স্নান সেরে ঠিক সাতটায় বাড়ি থেকে বের হতেন তিনি। সাড়ে সাতটায় তাঁর অফিস। হেঁটে যেতে কুড়ি মিনিটের মতো লাগে। অফিসে তিনি ঠিক সময়ে উপস্থিত হতেন। মহাব্যবস্থাপক কমল কান্তি সরকার বলছিলেন, অত্যন্ত দক্ষ কর্মী ছিলেন চাঁপা। কাজে ফাঁকিজুঁকি দিতেন না। চিঠিপত্র তৈরি করার প্রয়োজন হলে শুধু কাকে কী বিষয়ে চিঠি দিতে হবে, বললেই চলত। শুধু পরিবারেই নয়, অফিসেও তাঁর জায়গাটিতে একটি বড় শূন্যতার সৃষ্টি হয়েছে বলেই মহাব্যবস্থাপকের কাছে জানা গেল।অফিস ছুটি হতো বেলা আড়াইটায়। তিনটা নাগাদ ফিরে আবার রাতের রান্নাবান্না। মেয়েদের পড়ালেখার তদারকি। রান্নার হাতও ছিল চমৎকার। খুব ভালো নিরামিষ রান্না করতে পারতেন। স্বপন বাবু বলছিলেন, ‘ও তো হালকা-পাতলা গড়নের ছিল। এত কাজ যে একলা কেমন করে করত! প্রতি শুক্রবারে বাড়ির সবার কাপড়চোপড় নিয়ে ধুতে বসত। কোনো কোনো দিন গড়িয়ে যেত বেলা। আমি এখন এই সংসার কেমন করে সামলাই।’ বড় ছেলেমানুষের মতো বলছিলেন সদ্য স্ত্রী হারানো প্রৌঢ়, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত মানুষটি। ঘুমিয়ে পড়লে মা মশারি টাঙিয়ে দিয়ে যেতবড় মেয়েটি তো বাক্প্রতিবন্ধী, অন্য তিন বোনেরও কেঁদে কেঁদে গলায় স্বর ফোটে না। ঘরের ভেতর গিয়ে দেখলাম মেজ মেয়ের সঙ্গে ঢাকা থেকে তাঁর বান্ধবীরা এসেছেন। এসেছেন আরও অনেক আত্মীয়স্বজন। মা-হারা মেয়েগুলোকে তাঁরা বুকে আগলে রেখেছেন। থেকে থেকেই তারা বিলাপ করছিল মায়ের স্মৃতি মনে করে। ছোট দুই বোন বলছিল, ‘মা আমাদের কোনো কাজ করতে দিত না। খালি বলত, তোরা পড়বি। ডাক্তার হবি। রাতে পড়তে পড়তে ঘুমায়া গেলে কখন জানি মা আইসা বই বন্ধ করত। মশারি ফালাইয়া দিত...মা...ও মা।’আমাদের এখন কেমন করে পড়ালেখা হবে‘বাবা সরলসোজা মানুষ। মা-ই আমাদের সংসার চালাতেন। আমার কাছে টাকা পাঠানো, এমনকি ইলেকট্রিক বিলও মা নিজে দিয়ে আসতেন। তাঁর আয় দিয়েই আমাদের তিন বোনের পড়ালেখা চলত। এখন আমাদের পড়ার খরচ কে দেবে?’ মাকে হারানোর বেদনার মধ্যেও এই আশঙ্কা অনাথ হয়ে পড়া মেয়েদের মনে অশনিসংকেতের মতো জেগে উঠেছে। মেজ মেয়ে বলছিলেন তাঁদের পড়ালেখার ভবিষ্যতের এই আশঙ্কার কথা। শঙ্কা জেগেছে পরিবারটি কেমন করে এখন চলবে তা নিয়েও। হালকা-পাতলা চাঁপা রানী কী এক অমিত শক্তিতে চালিয়ে নিচ্ছিলেন এই সংসার! আকস্মিকভাবে তাঁর চলে যাওয়ায় যে মানবিক বিপর্যয় নেমে এসেছে একটি পরিবারে, তা বর্ণনা করা অসম্ভব।তোমার সমাধি ফুলে ফুলে ঢাকাবাড়ির উঠানের সামনে রান্নাঘর। তার পেছনে খানিকটা খালি জায়গা। সেখানে চালতা, আম, নিমগাছ আর কিছু সবজি লাগিয়েছেন চাঁপা রানী। একপাশে কুমড়ো মাচান। গোটা কতক কুমড়ো ঝুলছে। নিমগাছের তলায় তাঁর সমাধি। আগুনকে বড় ভয় পেতেন তিনি। ছোট মেয়েকে আগেই বলে গিয়েছিলেন, ‘আমি মারা গেলে নিমগাছের তলায় সমাধি দিস।’ এত তাড়াতাড়ি যে তা দিতে হবে, সে কথা আর কে ভেবেছিলেন! সমাধির চার কোণে চারটি স্থলপদ্ম। কিনার আর মাঝখানে গাঁদাফুল সারি করে সাজানো। মাথার দিকটায় একটি তুলসীগাছ। নিমগাছের ফাঁক দিয়ে বিকেলের আলো এসে পড়েছে সমাধির ওপর। চার মেয়েকে নিয়ে স্বপন কুমার বসেছিলেন সমাধিতে বৈকালিক ধূপধুনো দিতে। মেয়েরা লুটিয়ে পড়েছে মাটিতে। মা কি শুনতে পাচ্ছিলেন বুকেপিঠে মানুষ করা তাঁর মেয়েদের বিলাপ, স্বামীর বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস? সময় গড়াবে, নিমগাছটি আরও বড় হবে। ছায়া দেবে তাঁর সমাধিতে। কিন্তু যে মাতৃছায়া সরে গেল চারটি মেয়ের মাথার ওপর থেকে, তা তো আর ফিরবে না কোনো দিন। একসময় তাদের চোখের পানি শুকালেও মায়ের অজস্র স্মৃতি নানাভাবে ফিরে আসবে মনে। রক্তাক্ত করবে হূদয়। মা-হারানোর বেদনা আমৃত্যু থেকে যায়।