ক্ষয় ধরাচ্ছে সাগরের অম্লতা
সমুদ্রের পানিতে অ্যাসিড বা অম্লের মাত্রা যত বাড়ছে, ক্ষয় ধরে শামুকের শক্ত খোলসও তত পাতলা হচ্ছে। অ্যান্টার্কটিকার আশপাশের সাগরে শামুকের খোলসে ক্ষতিকর এই প্রভাব লক্ষ করেছে আন্তর্জাতিক গবেষকদের একটি দল। ‘নেচার জিওসায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত গবেষকদের নিবন্ধের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়। গবেষকেরা জানান, সাগরের পানিতে অ্যাসিড বেড়ে যাওয়ায় শামুকের খোলস গলে গিয়ে সমুদ্রের বাস্তুসংস্থান ও খাদ্যচক্রে প্রভাব ফেলছে। গবেষকেরা জানান, প্রতিবছর বায়ুমণ্ডলে যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়, এর এক-চতুর্থাংশ সমুদ্র শোষণ করে। জৈব জ্বালানি ব্যবহারে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ যত বাড়ছে, সমুদ্রের পানির অম্লত্বও তত বাড়ছে। এতে করে প্রবাল, সামুদ্রিক জীবন ও সামুদ্রিক বাস্তুসংস্থানে প্রভাব পড়ছে।ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে, রয়্যাল নেদারল্যান্ডস ইনস্টিটিউট, ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) ও অন্যান্য কয়েকটি প্রতিষ্ঠানের গবেষকেরা অ্যান্টার্কটিকা অঞ্চলের শামুক গবেষণা করে দেখেছেন, সমুদ্রের অম্লত্ব বেড়ে গেলে শামুকের খোলস গলে যায়। খোলস গলে যাওয়ার দরুন বেশির ভাগ ক্ষেত্রেই শামুক শিকারের মুখে পড়ে ও জখম হয়। মাছ ও শিকারি পাখিদের প্রিয় খাবার এই শামুক। শামুকের সংখ্যা কমে গেলে খাদ্যচক্রে বড় ধরনের প্রভাব পড়ে।নোয়ার গবেষক নিনা বেডনাসেক এ প্রসঙ্গে জানান, জীবিত শামুকের খোলস গলে যাওয়ার কারণ সমুদ্রের পানির অম্লত্ব বেড়ে যাওয়া। মানবসৃষ্ট কার্বন ডাই-অক্সাইড এর কারণ হতে পারে। নোয়ার গবেষকেরা জানান, সপ্তদশ শতাব্দীর শিল্পবিপ্লবের সময় থেকে এখন পর্যন্ত সমুদ্রের অম্লত্বের মাত্রা ৩০ শতাংশের বেশি বেড়েছে। গবেষকেরা সতর্ক করে দিয়ে বলেছেন, বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বাড়তে থাকলে আগামী শতকের মধ্যেই সমুদ্রের উপরিভাগে অম্লত্বের মাত্রা ১৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে, যা দুই কোটি বছরের মধ্যে কখনো ঘটেনি।