কড়া নজরদারিতে ভোটের চিরচেনা দৃশ্য উধাও
নির্বাচন কমিশনের নতুন নিয়মের কারণে পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারের চেহারা পাল্টে গেছে। নেই পরিচিত নির্বাচনী সাজ। তবে বিমানবন্দর থেকে শহরে ঢুকতে চোখে পড়ে বড় বড় হোর্ডিং। এ ধরনের প্রচারে অবশ্য তৃণমূলই এগিয়ে।কাল বুধবারের নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিনই সবচেয়ে বেশি, ৭৫ আসনে ভোট। এই নির্বাচনে প্রচারের শেষ দিনে গতকাল সোমবারই কলকাতায় মনমোহন ও সোনিয়ার সুরে সুর মিলিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার সম্পর্কে আরও কঠিন মন্তব্য করেন। তিনি বলেন, সমগ্র ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতিই সবচেয়ে নিকৃষ্ট। এটা বধ্যভূমিতে (কিলিং ফিল্ড) পরিণত হয়েছে। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু অবশ্য চিদাম্বরমের এ বক্তব্যকে আগের মতোই ‘নির্বাচনকে সামনে রেখে’ বলার জন্য বলা হিসেবেই বর্ণনা করেন। তিনি বলেন, একদিকে তাঁরা সমালোচনা করছেন, অন্যদিকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের সাফল্যের জন্য গ্রামোন্নয়নে পুরস্কার দিলেন। বিমান বসুর পাল্টা প্রশ্ন, পরিস্থিতি কি দিল্লি ও মহারাষ্ট্রের চেয়েও খারাপ? তিনি গতকালও এলাহাবাদ ব্যাংকে জমা পড়া তৃণমূলের ১০ লাখ ‘কালো টাকা’র তথ্য প্রকাশ করেন। এদিকে উদয়নারায়ণপুরের সভায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বুদ্ধদেব বলেন, ‘কাশ্মীর ও অন্ধ্র প্রদেশের অশান্তির জন্য আপনি দায়ী। নিজের চিকিৎসা করান। আমাদের চিকিৎসা লাগবে না।’ এ ধরনের পাল্টাপাল্টি বাক্যবাণের মধ্য দিয়ে তৃতীয় পর্বের ভোটের প্রচার শেষ হলো। এবারে নতুনত্ব: রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সুনীল কুমার গুপ্তা একজন আইএএস কর্মকর্তা। তবে এ পদে তাঁর নিয়োগ হয়েছে রাজ্য সরকারের প্রস্তাবেই। তিনি প্রথম আলোকে বলেন, ১৯৮৪ থেকেই ইলেকট্রনিক ভোটিং সিস্টেম (ইভিএম) চালু হয়েছে। এবারেই প্রথম চালু হয়েছে ওয়েবক্যাম ব্যবস্থা। সংবেদনশীল (সেনসেটিভ) ও অত্যন্ত সংবেদনশীল (হাইপার সেনসেটিভ) বিবেচনায় ওয়েবক্যামেরার সংখ্যা ঠিক করা হয়।কাল বুধবারের নির্বাচনেই সবচেয়ে বেশি ওয়েবক্যামেরা থাকবে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ছিল ১৭৪ ও ১৫০ বুথে। ২৫০ বুথে ওয়েবক্যাম থাকবে বুধবারে। নির্বাচন কমিশনের বিশেষ সচিব এন কে সাহানা বলেন, ‘এটা এখনো একটা পাইলট ব্যবস্থা। তবে আমরা সুফল পেয়েছি। কোনো যান্ত্রিক গোলযোগ হয়নি। পাঁচটি স্থান থেকে বুথে কী ঘটছে, তা দেখা যায়। এমনকি দিল্লিতে প্রধান নির্বাচন কমিশন দপ্তরও সারা দিন বুথের ওপর নজর রাখতে পারছে।’কঠিন নজরদারি: এত বড় নির্বাচনী যজ্ঞ অথচ শহর শ্রীহীন। এর রহস্য ভেদ করেন নির্বাচনী কর্মকর্তারা। তাঁদের বিবরণে বোঝা যায়, কমিশনের তদারকিতে গোয়েন্দাগিরির কারণেই এই পরিবর্তন। প্রার্থীর খরচ আগে ছিল ১০ লাখ টাকা। এবার করা হলো ১৬ লাখ টাকা। তবে আগে শুধুই খরচটা বাধা থাকত। কে, কীভাবে তা খরচ করছেন, তার ওপর নজর রাখা হতো না। প্রার্থীরা ইচ্ছেমতো খরচ করে মনগড়া রিটার্ন দাখিল করতেন। এবার তার লাগাম টানা গেছে। ওই কর্মকর্তারা বলেন, নির্বাচনী প্রচারের তিনটি পর্যায়ে প্রত্যেক প্রার্থীর খরচের হিসাব কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিরীক্ষার জন্য পেশ করতে হবে। কোনো সভা করতে হলে কোথায়, কখন, কয়টি চেয়ার, কয়টি মাইক, মঞ্চের সাইজ ইত্যাদির খরচসহ বিবরণ আগাম পেশ করতে হয়।কমিশনের গোয়েন্দা দল নিরন্তর ছুটছে তথ্য যাচাইয়ে। যেমন এক প্রার্থীর কর্মীরা দুটি মাইকের খরচ লুকান। সেটা ধরা পড়ে। প্রতিটি আসনে রিটার্নিং কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত আছে তিন সদস্যের কমিটি। প্রার্থীদের রেজিস্টার, নির্বাচন কমিশনের রেজিস্টার ও ব্যাংক হিসাবের মধ্যে সামঞ্জস্য থাকা বাধ্যতামূলক। সে কারণে শুধু পদ্ধতির কারণে অনেকটাই প্রচারের খরচ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। সবশেষে আগামী ১৩ মে যখন ভোট গণনা শেষ হবে, তার এক সপ্তাহের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচনী খরচের রিটার্ন দাখিল করতে হবে।নেই পোস্টার, দেয়াললিখন: কলকাতা শহর বড় বড় পোস্টার কিংবা দেয়াললিখনে ভরে যায়নি। রংবেরঙের পোস্টার কদাচিৎ চোখে পড়ে। দড়ি বেঁধে পোস্টারের কোনো মালা নেই। এমনকি তা চোখে পড়ল না পার্টি অফিসেও। পার্টির অফিস থাকা সড়কেও একটি বাড়তি পোস্টার পড়েনি। দেয়াললিখনও নেই। সরকারি কোনো স্থাপনায় দেয়াল বা পোস্টার নিষিদ্ধ। কারও বাড়ির দেয়ালে কিছু লিখতে হলে গৃহস্থের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। বালিগঞ্জে সরকারি জায়গায় তৃণমূলের হোর্ডিং দেখেন গতকাল বিশেষ পরিদর্শক শ্রীনিবাসন। তাৎক্ষণিক তা অপসারণের নির্দেশ দেন তিনি।তরুণ টানতে: গত ২৫ জানুয়ারি ছিল জাতীয় ভোটার দিবস। ওই দিন রাজ্যজুড়ে তরুণ ভোটারদের সংবর্ধনা দেওয়া হয়। সব ধরনের গণমাধ্যমকে এ কাজে লাগানো হয়। পোস্টার-ফেস্টুন-হোর্ডিং তো ছিলই। রাজ্যের ৫০ হাজারের বেশি বুথে অনুষ্ঠান করা হয়। ‘আপনার ভোটার কার্ড আপনার পরিচয়’ স্লোগানের বদলে এবার নতুন স্লোগান: ‘আপনার ভোট আপনার অধিকার। আপনার ভোট আপনার শক্তি’। কর্মকর্তারা বলেন, এই প্রচারে কাজ দিয়েছে। এসএমএস: শহুরে ভোটাররা সাধারণত উদাসীন থাকেন। তাই তাঁদের চাঙা করতে চালু করা হয়েছে এসএমএস ব্যবস্থা। আইডি কার্ডের নম্বর এসএমএস করে পাঠাতে হবে ৯৪৩৩৬৩৩৩৩৩ নম্বরে। তাহলেই তিনি জেনে যাবেন তাঁকে কখন কোন বুথে যেতে হবে। ভোটদান নিয়ে মানুষের মনে এতটুকু বিরক্তি-উদ্রেক না হয়, সে জন্য এ ব্যবস্থা। এবারেই প্রথম চালু করা হয়েছে স্লিপ। নির্বাচন কমিশন নিয়োজিত খণ্ডকালীন কর্মীরা বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের স্লিপ দিয়ে এসেছে। এ ছাড়া কমিশন মানুষকে তথ্যসেবা দিতে চালু করে একটি হেল্পলাইন। ১৯৬৫ এই নম্বরে ফোন করলে তথ্য মেলে।