কড়া নাড়ছে ভবিষ্যতৎ
দেশকে নিয়ে সবারই নিশ্চয়ই কিছু স্বপ্ন আছে। আছে আমারও। আমার নিজের স্বপ্নটা কত বড়, আমি জানি না। কিন্তু এটুকু জানি, আমার স্বপ্নটা মাপা যাবে না। আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই, যেখানে প্রতিটি মানুষ মনেপ্রাণে বিশ্বাস করবে—সবার ওপরে হলো দেশ।বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দরিদ্র দেশ। আমি জানি, এই দরিদ্র দেশটিকে রাতারাতি উন্নত বিশ্বের একটি দেশে পরিণত করা যাবে না। অনেক প্রতিবন্ধকতা আছে সে পথে। তবে এটাও বিশ্বাস করি, সেসব প্রতিবন্ধকতা ১৫ কোটি মানুষের মনের বিশ্বাসের চেয়ে শক্ত নয়। আমরা সবাই চাইলে দেশটা অবশ্যই বদলে যাবে।অনেক দেশের পক্ষে যা করা সম্ভব, বাংলাদেশের পক্ষে নাগরিকদের সেই সুযোগ-সুবিধাগুলো হয়তো দেওয়া সম্ভব নয়। কিন্তু আমরাই যদি চেষ্টা করি, তাহলে আমাদের অনেক অপ্রাপ্তি নিজেরা ঘুচিয়ে ফেলতে পারি। আমি স্বপ্ন দেখি, শুধু সরকারের মুখের দিকে চেয়ে না থেকে আমরা নিজেরাই সমস্যার সমাধান করতে শুরু করব।একজন স্কুলছাত্র হিসেবে আমার কিছু করার ক্ষমতা হয়তো কম। তার পরও আমি স্বপ্ন দেখি, আমরা এই ছাত্ররাই আমাদের প্রচলিত রাজনীতিকে বদলে ফেলব। আমাদের দেশে ছাত্ররাজনীতি ব্যাপারটা এখন অনেক নোংরা হয়ে গেছে। ছাত্ররাজনীতিতে এখন মেধাবী ছাত্ররা আসতে চান না। ফলে জাতীয় রাজনীতিতেও মেধাবী মুখের সংখ্যাও কমে গেছে। অথচ আমার কাছে মনে হয়, রাজনীতি মেধাবী লোকদেরই করার জিনিস। আমি কল্পনা করি, রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় থেকে তাদের হাতিয়ার হয়ে ছাত্ররাজনীতি আর পরিচালিত হবে না। বরং ছাত্ররাজনীতি হবে আমাদের দেশের তরুণ ছাত্রসমাজের রাজনৈতিক চিন্তাচেতনার বহিঃপ্রকাশ।আমার খুব ইচ্ছে হয়, বদলে যাওয়া একটা শিক্ষাব্যবস্থা দেখার। আমাদের শিক্ষাব্যবস্থা সনাতন ধাঁচের, একেবারেই আধুনিক নয়। এ শিক্ষাব্যবস্থায় অনেক ত্রুটি। তাই বলে এই কথাগুলো বলে হাত-পা গুটিয়ে আমাদের আর বসে থাকলে চলবে না। আজ থেকেই আমরা শিক্ষাব্যবস্থা যুগোপযোগী করার জন্য কাজ শুরু করে দেব। আশার কথা হলো, এরই মধ্যে অনেকে মিলে এই পরিবর্তনের জন্য কাজ শুরু করেছেন। আমি নির্দ্বিধায় স্বপ্ন দেখতে পারি, আমাদের শিক্ষাব্যবস্থা নিয়ে একদিন সবাই গর্ব করবে। বিভিন্ন দেশে ‘রোল মডেল’ হয়ে উঠবে আমাদের শিক্ষা।আমি এ স্বপ্নও দেখি, আমার দেশের ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের সমাগম বাড়বে। পর্যটকদের নিরাপত্তা আর আকর্ষণ বাড়ানোর জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে নিশ্চয়ই নানা উদ্যোগ নেওয়া হবে। কক্সবাজার ও সুন্দরবনের মতো পর্যটনের অন্য স্থানগুলোও জনপ্রিয়তা পাবে। পৃথিবীর যেকোনো জায়গায় ভ্রমণের কোনো কথা উঠলেই মানুষের মুখে বারবার উচ্চারিত হবে বাংলাদেশের নাম।একইভাবে আমি দেখতে চাই, ভালো চলচ্চিত্রের কথা উঠলে বিশ্বের সবাই বলছে বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্রের কথা। এ স্বপ্ন দেখার কারণও আছে। এরই মধ্যে মাটির ময়না, নিরন্তর, জয়যাত্রার মতো আরও অনেক চলচ্চিত্র বিশ্বের নানা দেশে, নানা উত্সবে প্রদর্শিত হয়েছে। ভবিষ্যতে এই বিষয়টি নিশ্চয় আরও ব্যাপক হয়ে যাবে। আমার স্বপ্ন, খেলাধুলায় আমরা আন্তর্জাতিক পরাশক্তি হয়ে উঠব। এবং আমার মনে হয় না, সে দিন খুব বেশি দূরে। আগামী বছর ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ হতে যাচ্ছে আরও তিনটি দেশের সঙ্গে বাংলাদেশেও। সেই বিশ্বকাপে আমাদের দলের দারুণ সাফল্য আমি কেন কল্পনা করতে চাইব না?আমি স্বপ্ন দেখি, আমাদের দেশীয় ঐতিহ্য ও নিজস্ব সংস্কৃতি আবার সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। খুব দুঃখের কথা, আমাদের নিজস্ব অনুষ্ঠান-উত্সবের অনেকখানিই আজ হারিয়ে গেছে। আমি সেই দিন আবার দেখতে চাই, যেদিন দেশের আনাচকানাচে বাংলার নিজস্ব যত সাংস্কৃতিক উপাদান, সব কটিকে খুঁজে এনে আমাদের সামনে তুলে ধরা হবে।আমাদের রাজধানী ঢাকায় পুরোনো আর নতুন অংশের মধ্যে এখন গড়ে উঠেছে বিশাল এক ব্যবধান। আমরা এই একই রাজধানীর এক প্রান্তের মানুষ শহরের অপর প্রান্ত সম্পর্কে যেন কিছুই জানি না। আমি স্বপ্ন দেখি, এই রাজধানী শহরের এই দুই অংশের মধ্যে সমন্বয় সাধিত হয়েছে। একই সঙ্গে ঢাকার সব বাসিন্দা তাদের ঐতিহ্যের কদর করছে এবং সুযোগ-সুবিধা পাচ্ছে আধুনিক জীবন যাপনের।আমার স্বপ্নের সেই ঢাকায় যানজট বা অসহনীয় ভিড় থাকবে না। এ জন্য সরকার কী পরিকল্পনা করবে, বেসরকারি পর্যায়ে কী উদ্যোগ নেওয়া হবে—তা নিয়ে কথা নয়। আমি শুধু দৃঢ়ভাবে বিশ্বাস করি, এসব সমস্যার সমাধান অবশ্যই করা সম্ভব। আমরা তখন গর্ব করে বলব, এই আমাদের প্রিয় রাজধানী।আমার কেন যেন মনে হয়, আমার স্বপ্নের বাংলাদেশ দুয়ারে কড়া নাড়ছে।