কড়া নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে মেক্সিকোর স্বাধীনতার দ্বি-শতবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার মেক্সিকো উদযাপন করছে তাদের স্বাধীনতার দ্বি-শতবার্ষিকী। তবে মাদক ব্যবসায়ীদের সম্ভাব্য হামলার হুমকির কারণে দেশটির অনেক এলাকায় দ্বি-শতবার্ষিকীর উত্সব সংক্ষেপিত অথবা বাতিল ঘোষিত হয়েছে।এ উত্সব নির্বিঘ্নে উদযাপনের জন্য মেক্সিকো সরকার কেবল রাজধানী মেক্সিকো সিটিতেই ১৪ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে। তাঁরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে রাজধানীর নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছে। মেক্সিকো সিটির আকাশে নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার সার্বক্ষণিক টহল দিচ্ছে। নিরাপত্তাজনিত কারণে দেশটির টেক্সান সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এ অঞ্চলটি মাদকসংক্রান্ত সহিংসতার কেন্দ্রস্থল বলে পরিচিত। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত এই এলাকায় মাদকসংক্রান্ত সহিংসতায় প্রায় ২৮ হাজার লোক নিহত হয়েছে।কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেই রাজধানী মেক্সিকো সিটিতে হাজার হাজার মানুষ জড়ো হয়ে তাদের স্বাধীনতার ২০০ বছর পূর্তি উদযাপন করছে। তারা নানা রঙের, নানা ডঙের পোশাকে সেজেছে। কেউ বা ঐতিহ্যবাহী পোশাকও পরেছে। মানুষের পোশাকের বিচিত্রতার পাশাপাশি রাজধানীও সেজেছে নব সাজে।রাজধানী মেক্সিকো সিটিতে আয়োজন করা হয়েছে নাচ, গান, আনন্দ শোভাযাত্রা ও প্যারেডের। এর সঙ্গে যুক্ত করা হয়েছে আলো ও আগুনের মন মাতানো খেলা। স্বাধীনতার ২০০ বছরের স্মারক হিসেবে রাজধানীর কেন্দ্রস্থলে স্থাপন করা হয়েছে ২০ মিটার উচ্চতাসম্পন্ন একটি বীর স্তম্ভ। রাজধানীর বাইরেও দেশব্যাপী লাখ লাখ মানুষ এ আয়োজনে অংশ নিয়েছে। তবে এ অনুষ্ঠান নিয়ে সরকারের অতিরিক্ত ব্যয় এবং দুর্বল পরিকল্পনা নিয়ে অনেক মেক্সিকানই ক্ষোভ প্রকাশ করেছে। আর এর সঙ্গে নিরাপত্তাব্যবস্থা-সংক্রান্ত দুশ্চিন্তা তো আছেই। মেক্সিকো স্পেনের সাম্রাজ্য ছিল। ১৮১০ সালে দেশটি স্বাধীনতা ঘোষণা করে। তবে দীর্ঘ যুদ্ধ শেষে ১৮২১ সালে তারা চূড়ান্তভাবে মাদ্রিদের কাছ থেকে স্বীকৃতি অর্জন করে।—বিবিসি