কড়া নিরাপত্তায় হুইটনির শেষ ছবি ‘স্পার্কল’
সদ্য প্রয়াত মার্কিন গায়িকা ও অভিনেত্রী হুইটনি হিউস্টন সর্বশেষ অভিনয় করেছিলেন ‘স্পার্কল’ ছবিতে। ছবির কয়েকটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। আর তাই কোনোভাবেই যেন মুক্তির আগে এই ছবির গান কিংবা দৃশ্য ফাঁস না হতে পারে সে জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থার আওতায় ছবিটির সম্পাদনা সম্পন্ন করার কাজ চলছে। স্পার্কল ছবির কাজ যত দ্রুত সম্ভব এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এজন্য ছবি সংশ্লিষ্ট সবাই দিন-রাত কাজ করে যাচ্ছেন। যে ভবনে ছবিটির সম্পাদনার কাজ চলছে, সেই ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ছবির গান কিংবা দৃশ্য ফাঁস রোধে কড়া নিরাপত্তা আর নজরদারির মধ্যে এগিয়ে চলেছে এর সম্পাদনার কাজ। একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে টিএমজি। ট্রাইস্টার পিকচারের ব্যানারে স্পার্কল পরিচালনা করেছেন সেলিম আকিল। ছবিটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছিল চলতি বছরের ১০ আগস্ট। তবে পরে এই তারিখ পিছিয়ে ১৭ আগস্ট করা হয়েছে। উল্লেখ্য, ৯ আগস্ট হুইটনির ৪৯তম জন্মবার্ষিকী। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের একটি হোটেল কক্ষের বাথটাব থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে তাঁর ফুসফুসে পানি পাওয়া গিয়েছিল। তবে এখন পর্যন্ত অমীমাংসিতই রয়ে গেছে তাঁর মৃত্যু রহস্য।