কয়টি মৃত্যুদণ্ড, কারও জানা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ের করা মামলার জট বেড়েই চলেছে। মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির হার কম। আর বেশির ভাগ মামলায় অভিযুক্তরা খালাস পেয়ে যাচ্ছে। মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সাজার পরিমাণ হাতেগোনা কয়েকটি। বেশির ভাগ সাজাই তিন বছরের কম। এর কারণ অনুসন্ধানে দেখা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলা পরিচালনায় রয়েছে ত্রুটি। এর সঙ্গে যোগ হয়েছে প্রসিকিউটরের অভাব। মামলা তদন্ত এবং প্রতিবেদনেও রয়েছে গলদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যেও রয়েছে সমন্বয়হীনতা।সারা দেশে বিভিন্ন আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ের করা মাদকদ্রব্য আইনে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ৪২ হাজার। অধিদপ্তরের সূত্র অনুযায়ী, ২০০৯ সালের মার্চ পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৩৪ হাজার ৩৯০। পরিসংখ্যানে দেখা যায়, ২০০১ থেকে ২০১০ সালের এপ্রিল পর্যন্ত ২০ হাজার ৫১২টি মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৫৬টি মামলায় সাজা হয় অভিযুক্তদের এবং ১০ হাজার ৪৫৬টি মামলায় অভিযুক্তরা খালাস পায়। নিষ্পত্তিকৃত মামলাগুলোর মধ্যে সাজা পায় ১১ হাজার ৩৬ জন। আর খালাস পায় ১০ হাজার ৮৫১ জন অভিযুক্ত।অর্থাৎ ৫১ ভাগ মামলায় সাজা হয়নি ।সারা দেশে ২০০৫ সালে সাত হাজার ১৯৫টি মামলা দায়ের হয়। আর নিষ্পত্তি হয় তিন হাজার ২৯টি। ২০০৬ সালে মামলা হয় সাত হাজার ৩৫৫টি এবং নিষ্পত্তি হয় দুই হাজার ৯০৪টি মামলার। ২০০৭ সালে মামলা হয় সাত হাজার ৫৮৯টি এবং নিষ্পত্তি হয় দুই হাজার ৮৫৪টির। ২০০৮ সালে মামলা হয় সাত হাজার ৮৪২টি। নিষ্পত্তি হয় চার হাজার ৮৬২টির। ২০০৯ সালে মামলা হয় সাত হাজার ৭৬৪টি। আর নিষ্পত্তি হয় এক হাজার ৮১৪টি মামলার। ২০১০ সালের এপ্রিল পর্যন্ত মামলা হয় তিন হাজার ৪৩০টি। নিষ্পত্তি হয় ১০৮টি মামলার।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মামলাগুলো প্রথম এজাহার আকারে থানায় রুজু করার পর তদন্ত-প্রক্রিয়া শুরু হয়। এ তদন্তের দায়িত্ব থাকে অধিদপ্তরের পরিদর্শকদের ওপর। পরিদর্শকেরা তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন। মামলার বিচার শুরু হয় আদালতে।বিধি অনুযায়ি এ মামলাগুলো পরিচালনা করার কথা অধিদপ্তরের প্রসিকিউশন বিভাগের। প্রসিকিউটররাই অধিদপ্তরের পক্ষে মামলা পরিচালনা করবেন। কিন্তু প্রতি জেলায় প্রসিকিউটর অফিস স্থাপিত হয়নি। বর্তমানে শুধু ঢাকাতে প্রসিকিউশন বিভাগ রয়েছে, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় প্রসিকিউশন সেল করার কথা থাকলেও এটি শুধু কাগজে কলমেই। বাস্তবে অকার্যকর । ঢাকার প্রসিকিউশন অফিস সরেজমিন ঘুরে দেখা গেছে অবকাঠামোগত সীমাবদ্ধতা আর লোকবলের অভাবে কাজে ধীরগতি। একজন অবসরে যাওয়া মহিলা কর্মকর্তাকে সম্মানীর বিনিময়ে নিয়োজিত রাখা হয়েছে। যে কয়জন কর্মকর্তা রয়েছেন, তাঁদের দেওয়া টাকা থেকে পিয়নের বেতন দেওয়া হয়। নেই কম্পিউটার এবং টেলিফোন। মামলার সংখ্যার অনুপাতে আদালত পরিদর্শক নেই। অন্যান্য জেলায় প্রসিকিউশন বিভাগ নেই, সেখানে থানার পরিদর্শকেরা কিংবা এপিপিরা মামলা পরিচালনায় নিয়োজিত থাকেন। মামলা নিষ্পত্তিতে বিলম্ব এবং সাজা কম হওয়ার পেছনে সব জায়গায় প্রসিকিউশন বিভাগ না থাকায় দায়ী বলে মনে করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আবার প্রসিকিউশন বিভাগের কাজ শুধু মামলার বিচার শুরু হওয়া পর্যন্তই অর্থাৎ চার্জশিট দেওয়া পর্যন্ত। বিচার শুরু হলে মামলার পরিচালনার কাজ বর্তায় পিপি এপিপিদের ওপর। অধিদপ্তরের একাধিক তদন্ত পরিদর্শকের সঙ্গে কথা বলে জানা যায়, মামলার বিচার-প্রক্রিয়া শুরু হওয়ার পর তাদের মামলার সাক্ষী হওয়া ছাড়া কোনো ভূমিকা থাকে না। কিন্তু আইন কর্মকর্তারা এ মামলাগুলো জোরালোভাবে পরিচালনা করতে চান না। ফলে সাজার পরিমাণ কমে যাচ্ছে। আসামিপক্ষের আইনজীবীদের তুলনায় রাষ্ট্রপক্ষের ভূমিকা কম থাকে। প্রসিকিউশন বিভাগকে শক্তিশালী করার বিকল্প নেই বলে তাঁরা মনে করছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাগুলো পরিচালনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ঢাকা মহানগরে বর্তমানে দুটি আদালতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা পরিচালনার এখতিয়ার দেওয়া হয়েছে। এখানে অধিদপ্তরের মামলা ছাড়াও অন্যান্য সংস্থা যেমন—পুলিশ, র‌্যাবের দায়ের করা মাদকের মামলার কার্যক্রম পরিচালিত হয়। তবে মামলাগুলোতে চার্জশিট এলে চার্জ গঠন থেকে পরবর্তী বিচারিক কাজগুলো বিচারিক আদালতে পাঠিয়ে দেওয়া হয়। এর ফলে মামলাগুলো অন্যান্য মামলাগুলোর সঙ্গে বিচারকাজ চলে। এতে মাদকের মামলাগুলো নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হয়। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও চট্টগ্রামে আদালতে খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচ-ছয় বছর আগের মামলা এখনো চলছে। বিচারকদের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক মামলা বিচারে প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে সাক্ষ্য জটিলতা। অধিকাংশ মামলায় সাক্ষী আসে না। সাক্ষীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলেও সাক্ষী পাওয়া যায় না। সাক্ষ্যে দুর্বলতার কারণে মামলায় সাজার হার কম বলে তাঁরা জানান। আবার জব্দকৃত আলামত প্রমাণেও দুরূহ হয়ে পড়ে বলে বিচারকেরা জানিয়েছেন। অনেক মামলায় তদন্ত কর্মকর্তাদের সাক্ষ্য হয় না সময়মতো। মাদক মামলার দ্রুত নিষ্পত্তিতে বড় বাধা হচ্ছে, আইনে তদন্তের জন্য সময় বেঁধে দেওয়া হলেও মামলা নিষ্পত্তি কত দিনের মধ্যে হবে, এর বাধ্যবাধকতা নেই। বিশেষ ট্রাইব্যুনাল গঠন না হলে এবং বিচারকের সংখ্যা না বাড়ালে মামলার নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা বেড়ে যাবে বলে মনে করছেন অধিদপ্তরের কর্মকর্তারা। মাদকের মামলাগুলো পরিচালনায় রয়েছে সমন্বয়হীনতার অভাব। প্রতিটি সংস্থাই নিজেদের মতো করে মামলা পরিচালনা করে। বিধি অনুযায়ী, অধিদপ্তরের মামলার তদন্তের কাজে র‌্যাব ও পুলিশ কর্মকর্তাদের সহায়তা চাওয়ার এখতিয়ার আছে। কিন্তু কোনো তদন্তকাজে পর্যাপ্ত লোকবল পাচ্ছেন না বলে কর্মকর্তারা জানিয়েছেন। তা ছাড়া কোনো অপারেশনে গেলে অস্ত্র ও গাড়ির অভাব রয়েছে পরিদর্শকদের। পুলিশ ও র‌্যাবের দায়ের করা মামলার পরিস্থিতি অধিদপ্তরে অবগত করা হয় না। জামিন বাতিলের আবেদন আসে না: সাধারণত দেখা যায়, কোনো মামলায় নিম্ন আদালতে জামিন নিয়ে অভিযুক্তরা আবার মাদক অপরাধে জড়িয়ে পড়ছে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এ কারণে জামিন বাতিল চেয়ে আবেদনের সুযোগ রয়েছে। আদালতে অনুসন্ধান করে দেখা গেছে, এ কারণে কোনো অভিযুক্তদের বিরুদ্ধে জামিন বাতিল চেয়ে আবেদন আসে না। গুটিকয়েক মামলায় এলেও জামিন বাতিলের আবেদন মঞ্জুর হয় না। এ সুযোগে অভিযুক্তরা অপরাধ চালিয়ে যায় নির্বিঘ্নে। এ প্রসঙ্গে ঢাকা মহানগর আদালতের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মিজানুর রহমান বলেন, ‘সাধারণত মামলার তদন্তে সময় লাগে এক মাস, এ সময়ের মধ্যে জামিন বাতিলের আবেদনের সুযোগ হয় না, চার্জশিট হওয়ার পরে সরকারি আইন কর্মকর্তাদের ওপরই এ দায়িত্ব বর্তায়।’