কয়রাবাসীর কান্না কানকুনে পৌঁছায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সর্বদক্ষিণের উপকূলঘেঁষা খুলনার প্রত্যন্ত উপজেলা কয়রা। পূর্ব ও দক্ষিণে সুন্দরবন, অন্য দুই দিকে কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদী। ঘূর্ণিঝড় সিডর ও আইলার আঘাতের ক্ষতচিহ্ন এখনো কয়রাবাসীর মনে। নিত্য ঝড়-জলোচ্ছ্বাসের সঙ্গে পানিতে লবণাক্ততা আর আর্সেনিক শুধু কয়রার নয়, পুরো উপকূলবাসীর সঙ্গী। চোখের জলের লোনা স্বাদ যেন উপকূলজুড়ে ছড়িয়ে পড়েছে।দুর্যোগকবলিত এই মানুষের এই কান্নার কারণ হিসেবে শিল্পোন্নত দেশগুলোর কার্বনদূষণ ও জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছে জাতিসংঘের আন্তসরকার জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত প্যানেল। এ সমস্যার সমাধানে গত ২৯ নভেম্বর মেক্সিকোর কানকুন শহরে বসেছিল জাতিসংঘের জলবায়ু সভা।১১ ডিসেম্বর শেষ হওয়া এই সম্মেলনে বাংলাদেশের কয়রা-দাকোপ-গাবুরার মতো অসংখ্য জলবায়ু-বিপন্ন মানুষের আর্তি তুলে ধরা হয়েছিল। বাংলাদেশসহ স্বল্পোন্নত, ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলো থেকে দাবি করা হলো, বিশ্বকে মহা বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হলে শিল্পোন্নত দেশগুলোকে যেকোনো মূল্যে কার্বন নিঃসরণের পরিমাণ কমাতে হবে। চলতি শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে দেওয়া যাবে না।সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পৃথিবীর সবচেয়ে জলবায়ু-বিপন্ন দেশ হিসেবে নিজেদের দাবি করা হলো। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বললেন, দুর্যোগের মধ্যে টিকে থাকার শক্তি তিনি জেনেছেন বাংলাদেশের এক কিশোরের কাছ থেকে। সম্মেলনের শুরু থেকে হতাশা থাকলেও শেষ দিনে নাটকীয়ভাবে সম্পাদিত হলো কানকুন চুক্তি। সমালোচকেরা বলছেন, কানকুন চুক্তি বালি ও কোপেনহেগেন সম্মেলনের পুনরাবৃত্তি হয়েছে। নতুন কোনো অর্জন হয়নি।কোপেনহেগেন সম্মেলনে শিল্পোন্নত ৩৭টি দেশের পক্ষ থেকে ২০১২ সাল পর্যন্ত বছরে ৩০ বিলিয়ন ডলার ও ২০২০ সালের মধ্যে বছরে ১০০ বিলিয়ন ডলার তহবিল ঘোষণা করা হয়েছিল। কানকুন সম্মেলনে পূর্বঘোষিত ওই তহবিলটিকে জাতিসংঘের আওতায় নিয়ে সবুজ তহবিল হিসেবে ঘোষণা দেওয়া হলো।বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো সবুজ তহবিলের ব্যবস্থাপনার দায়িত্ব বিশ্বব্যাংকের কাছে দেওয়ার দাবি জানিয়ে আসছিল। কঠিন শর্তের কারণে জলবায়ু-বিপন্ন দেশগুলোর পক্ষ থেকে এখান থেকে টাকা ছাড় করিয়ে আনাও কঠিন হবে বলে তারা বলে আসছিল। কানকুন সম্মেলনের শেষ দিনে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হলো ‘তিন বছরের জন্য এই তহবিলের টাকা ব্যবস্থাপনার দায়িত্ব বিশ্বব্যাংককে দেওয়া হয়েছে’। মেয়াদ শেষে পর্যালোচনা সাপেক্ষে বিশ্বব্যাংক তহবিলটির দায়িত্ব পাবে।কোপেনহেগেন ও কানকুন সম্মেলনের অন্যতম উদ্দেশ্য ছিল কিয়োটো প্রটোকল চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ। ১৯৯৭ সালে সম্পাদিত এই চুক্তির মেয়াদ শেষ হবে ২০১২ সালে। কিয়োটো প্রটোকল চুক্তিতে কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে বিশ্বের ৩৭টি শিল্পোন্নত রাষ্ট্র একমত হয়েছিল।কানকুন সম্মেলনের মাঝামাঝি পর্যায়ে এসে জাপানের পক্ষ থেকে বলা হলো, গত ১৩ বছরে বিশ্ব অর্থনীতির পালাবদল হয়েছে। ১৯৯৭ সালে যেখানে যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের অন্য ৩৭টি শিল্পোন্নত দেশ প্রায় ৭০ শতাংশ কার্বন নিঃসরণ করত। বর্তমানে মোট কার্বন নিঃসরণে এই দেশগুলোর অবদান ৩০ শতাংশের কম। ফলে তারা কার্বন নিঃসরণ কমানোর ঘোষণা দিলেও বিশ্বের তাপমাত্রা কমবে না।ইউএনএফসিসির হিসাবে ২০১০ সালে বিশ্বে মোট নিঃসরিত কার্বনের ২৪ শতাংশ চীন ও ১৭ শতাংশ করে যুক্তরাষ্ট্র। এরপর ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো গত ১০ বছরে জৈব জ্বালানি থেকে নির্ভরতা সরিয়ে এনে বায়ুচালিত বিদ্যুৎ ও নিম্ন কার্বন নিঃসরণকারী প্রযুক্তির দিকে যাত্রা করেছে। ফলে তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবচেয়ে সোচ্চার কণ্ঠ হিসেবে আবির্ভূত হয়েছে। খোদ জাতিসংঘের অন্তর্ভুক্ত সংস্থা জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) শিল্পোন্নত ৩৭টি দেশ ও উদীয়মান অর্থনীতির পাঁচটি দেশ যে হারে কার্বন নিঃসরণ করছে, তাতে এই শতাব্দীর মধ্যে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে। কোপেনহেগেন মতৈক্য মেনে চলতি শতাব্দীর মধ্যে তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে দিতে না চাইলে চলতি বছর থেকে কার্বন নিঃসরণের পরিমাণ ৬০ শতাংশ কমাতে হবে।চীন, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোর সিদ্ধান্ত, শিল্পোন্নত দেশগুলো যে প্রক্রিয়ায় উন্নত হয়েছে, তারাও সেই পথেই এগোচ্ছে। তাই আইনগত বাধ্যবাধকতাসহ চুক্তির বিরোধিতা করেছে তারা। যে কারণে বিজ্ঞানীদের পরামর্শ আর কয়রাবাসীর মতো বিপন্নদের আর্তি, কোনোটাই কানকুন সম্মেলনে ফল আনতে পারেনি। যুক্তরাষ্ট্র ও উদীয়মান অর্থনীতির দেশগুলোকে চুক্তিতে নিয়ে আসাসহ সব অমীমাংসিত-বিষয়ই তুলে রাখা হলো ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার ডারবান সম্মেলনের জন্য ।