খুলনার কয়রা উপজেলায় গত শনিবার রাতে সহিংসতা মামলার আসামি জামায়াতের নেতাদের ধরতে গিয়ে গুলিতে পুলিশ কনস্টেবল মফিজুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। একই ধরনের অভিযানে গিয়ে রাজশাহীর বাঘায় জামায়াত কর্মীদের হামলায় ছয় পুলিশ আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া হয়েছে অস্ত্র।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জামায়াতের ডাকা গত সোম ও মঙ্গলবারের হরতালের সময় দলের কর্মী-সমর্থকেরা স্থানীয় দক্ষিণ আংটিহারা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিনসহ দলের অনেক নেতা-কর্মীকে মারধর ও বাড়িঘর ভাঙচুর করেন। ওই ঘটনায় কয়রা থানায় তিনটি মামলা করেন ক্ষতিগ্রস্তরা। ওই মামলার আসামিদের ধরতে শনিবার রাত দুইটার দিকে সুন্দরবনসংলগ্ন আংটিহারা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমানের নেতৃত্বে ১৩ পুলিশ সদস্য দক্ষিণ বেদকাশি ইউনিয়নের গোলখালী গ্রামে যান। সেখানে উপজেলা জামায়াতের সদস্য গণি সরদার ও আবদুর রশীদ সরদারকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় এলাকার জামায়াতের সমর্থকেরা গ্রামের মসজিদের মাইক থেকে ঘোষণা দেন—‘পুলিশ আমাদের ওপর আক্রমণ করেছে, আপনারা যে যেখানে আছেন এগিয়ে আসেন।’ এ ঘোষণার পর জামায়াতের কয়েক শ নেতা-কর্মী সমবেত হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তারকৃত দুজনকে ছিনিয়ে নেন। অবস্থা বেগতিক দেখে পুলিশ গুলি ছোড়ে। হামলাকারীরাও গুলি ছুড়লে পুলিশ সদস্য মফিজুল ইসলামের বাঁ পায়ে গুলি লাগে। পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ সহকর্মীকে ঘাড়ে নিয়ে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে আংটিহারা পুলিশ ক্যাম্পে পৌঁছান। সেখান থেকে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলারে করে কয়রা সদরে নেওয়ার পথে মারা যান মফিজুল ইসলাম।অপর দিকে দুই পক্ষের গোলাগুলির সময় গোলবুনিয়া গ্রামের আবুল বাশার মোড়ল (৫২), মহিবুল্লাহ গাজী (১৮), হালিমা বেগম (৪০), জাহেদা বেগম (৪৫), সাহিদা বেগম (৪৫), জাহানারা বেগম (৩৬) ও মেহেরুন নেছা (৩৫) গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে গ্রামবাসী। পুলিশের ভয়ে তাঁরা গোপনে চিকিৎসা নিচ্ছেন।ঘটনার প্রত্যক্ষদর্শী গোলখালী গ্রামের আবদুর রউফ শেখ (৪২) প্রথম আলোকে বলেন, ‘হরতালের কেচে (মামলা) আংটিহারা ক্যাম্পেত্তে ১২-১৩ জন পুলিশ এসে জামাতের নেতা গণি সরদার ও আবদুর রশীদ সরদারকে ধরে ফেলে। এরপর তাগে লোকজন মসজিদির মাইকি বলে—পুলিশ আমাগে ওপর হামলা করেছে, তুমাগে কাছে যা আছে তাই নিয়ে আগোয়ে আসো। এরপর মেলা লোক আসে পুলিশির ওপর ঝাঁপায়ে পড়ে। দুয়ো পক্ষেই গুলি করেছে।’তবে কয়রা উপজেলা জামায়াতের আমির সোহরাব হোসাইন দাবি করেন, আওয়ামী লীগের সমর্থক ও সুন্দবনের ডাকাতেরা মিলে পুলিশের ওপর হামলা করেছে। জামায়াতের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত না।কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, জামায়াতের লোকজন সংগঠিত হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক দুজনকে ছাড়িয়ে নেয়। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হন মফিজুল ইসলাম। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়।[প্রতিবেদন তৈরি করেছেন নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও রাজশাহী এবং খুলনা প্রতিনিধি]