কয়লাখনি নিয়ে উচ্ছেদ বনাম উন্নয়নের জালে বন্দী মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের যে কটি জেলায় পর্যাপ্ত ধানচাষ হয় এবং স্থানীয় চাহিদা মেটানোর পরও প্রচুর উদ্বৃত্ত থাকে, তার মধ্যে দিনাজপুর অন্যতম। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি এ অঞ্চলে মোটামুটি বিরল ঘটনা। ফসল উত্পাদনের ক্ষমতার দিক থেকে জেলাকে দুটি এলাকায় ভাগ করা হয়। খিয়র এলাকা ও পলি এলাকা। খিয়র এলাকায় আমন ধানের চাষ ভালো হয়। ফুলবাড়ী, হামিদপুর এই খিয়র এলাকার মধ্যে পড়ে। সেই এলাকাতেই পড়েছে দেশের দুটি বড় কয়লাখনি।কিন্তু কয়েক কিলোমিটারের ব্যবধানে বড়পুকুরিয়া ও ফুলবাড়ীর দৃশ্যপট সম্পূর্ণ আলাদা। বড়পুকুরিয়া খনিটি সম্পূর্ণ সরকারি মালিকানায় হলেও এর প্রযুক্তি বিদেশি। চোঙার (শ্যাফট) মাধ্যমে ২৮০ মিটার গভীরে গিয়ে তুলে আনা হচ্ছে কয়লা। এর পাশেই বিদ্যুেকন্দ্র। এই কয়লা দিয়ে বিদ্যুত্ উত্পাদন করা হচ্ছে। কিন্তু নকশার ত্রুটির কারণে বেশ কয়েক দফা কয়লা উত্পাদন বন্ধ থেকেছে। আবার আশপাশে নয়টি গ্রামের চাষের এলাকায় অনেক জমি দেবে গেছে। সরকার খনি এলাকার আশপাশে ৬৪৬ একর জমি অধিগ্রহণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে জমি অধিগ্রহণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এ নিয়ে পার্শ্ববর্তী এলাকায় কোনো অসন্তোষ নেই। খনি এলাকায় মানুষের রয়েছে অবাধ যাতায়াত।সরকারের নতুন করে অধিগ্রহণ সম্পর্কে হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মণ্ডল প্রথম আলোকে বলেন, সরকার যদি মানুষের স্বার্থ দেখে উন্নয়ন করে, তাহলে মানুষ বাধা দেবে কেন? সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ দেওয়ার যে আশ্বাস দেওয়া হয়েছে, তা এলাকার জমির দামের চেয়ে বেশি। ফলে এলাকাবাসীর মনে কোনো খেদ নেই বলে তিনি মন্তব্য করেন।অপরদিকে ফুলবাড়ী উপজেলায় এখনো প্রতি শুক্র ও শনিবার মিছিল-সমাবেশ হয়। ফুলবাড়ীতে যে স্থানে এশিয়া এনার্জির (গ্লোবাল কোল ম্যানেজমেন্ট) কার্যালয়, সেখানে পুলিশ পাহারা দিচ্ছে। আর কেউ সেখানে থাকে না। ২০০৬ সালের ২৬ আগস্টের ঘটনার পর পুলিশ এশিয়া এনার্জির কার্যালয় সিলগালা করে রেখেছে।যোগাযোগ করা হলে বাড়ির মালিক হানিফ সরকার বলেন, ওই ঘটনার পর তিনিও বাড়ির ভেতরে ঢুকতে পারছেন না। তবে এশিয়া এনার্জি এখনো বাড়িভাড়া নিয়মিত পরিশোধ করে যাচ্ছে।কিছুদিন আগেই যুক্তরাজ্যে এশিয়া এনার্জির মূল কোম্পানি গ্লোবাল কোল ম্যানেজমেন্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির ২০০৯ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ফুলবাড়ী কয়লাখনি উন্নয়ন নিয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ২০০৯ সালের জুন পর্যন্ত এ প্রকল্পে তারা আড়াই কোটি পাউন্ড বা প্রায় ২৭৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। প্রকল্পের ৩০ বছরের জীবনে তাদের জমি দরকার হবে পাঁচ হাজার ২০০ হেক্টর। এর মধ্যে এক-তৃতীয়াংশে খনির কাজ হবে। এর সামাজিক ও পরিবেশগত ঝুঁকি নিয়ে তারা এখনো কাজ করে যাচ্ছে। নতুন নির্বাচিত সরকারের সঙ্গে এসব বিষয়ে তাদের আলোচনা চলছে।তবে কয়লা প্রকল্প নিয়ে এশিয়া এনার্জির আগ্রহ যতই থাকুক, এ বিষয়ে ফুলবাড়ীতে এখনো অসন্তোষ রয়েছে। মাত্র কয়েক কিলোমিটার দূরে বড়পুকুরিয়া নিয়ে কোনো প্রতিবাদ না থাকলেও এশিয়া এনার্জি সম্পর্কে ফুলবাড়ীবাসী এখনো ক্ষুব্ধ। প্রতি সপ্তাহে চলে মিছিল ও সমাবেশ, জড়ো হয় এলাকাবাসী।ফুলবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ‘সরকার নতুন করে আবারও ফুলবাড়ীর কয়লাখনি খননের উদ্যোগ নিচ্ছে, এ ব্যাপারে আমরা সজাগ আছি। প্রতি শুক্র ও শনিবার এখানে সাধারণ মানুষ জড়ো হয়। মূল কথা ফুলবাড়ী এলাকায় আমরা কোনো খয়লাখনি চাই না। এখানে খনি হলে ২০ কিলোমিটারের বৃত্তে কোনো লোক থাকতে পারবে না।’এশিয়া এনার্জি ফুলবাড়ী এলাকায় তাদের কার্যক্রম শুরুর পর থেকেই এখানকার মানুষের জীবন-সংস্কৃতি না বুঝে তা ভাঙতে চেয়েছে লোভ দেখিয়ে। সরেজমিন অনুসন্ধানে জানা যায়, সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করার পর থেকেই প্রকল্প সম্পর্কে প্রচারণার জন্য স্থানীয়ভাবে যেসব লোককে এশিয়া এনার্জি সম্পৃক্ত করেছিল, তাঁদের তেমন একটা সুনাম ছিল না। এদের মাধ্যমে এলাকাবাসীকে দেওয়া হয়েছে নানা ধরনের প্রলোভন। যেমন, বিশ্বকাপ ফুটবলের সময় রঙিন টেলিভিশন, চালকলের চাতালে ছোট ছোট পাকা ঘর, পাঁচ ইঞ্চি ইটের দেয়াল দিয়ে মডেল ঘর তৈরি, তার পেছনে পানির ট্যাংক। খনির কারণে পানি বিষাক্ত হলে এখান থেকে সুস্বাদু পানি পাওয়া যাবে—এমন প্রচারণা শুরুতেই এলাকাবাসী সন্দেহের চোখে দেখেছে। আর যে দেশের মানুষের কয়লাখনির কোনো অভিজ্ঞতাই নেই, সেখানে খোলা পদ্ধতি অনুসরণ করে হাজার হাজার হেক্টর জমি অধিগ্রহণের মাধ্যমে কিছু লোকের উপকার হলেও এলাকাবাসীর কোনো উন্নয়ন হবে না বলে ফুলবাড়ী এলাকার বেশির ভাগ মানুষের ধারণা।বিশেষজ্ঞরা বলছেন, ফুলবাড়ী নয়, সরকারকে এ ধরনের বিবাদের মীমাংসা করতে হবে রংপুরের খালাশপীর, দিনাজপুরের দীঘিপাড়া ও বগুড়ার জামালগঞ্জেও। যেখানে কয়লার মজুদ আরও বেশি। কিন্তু সেসব কয়লার অবস্থান অত্যন্ত গভীরে এবং তা পানির স্তরের নিচে অবস্থান করছে। এ অঞ্চলের মানুষ মনে করে, উন্মুক্ত পদ্ধতিতে এসব কয়লা উত্তোলন করলে পানি ও বায়ু আরও দূষিত হবে। দেশের শস্যভাণ্ডার হতে পারে পরিবেশ বিপর্যয়ের বড় উদাহরণ এবং তা দেশের খাদ্যনিরাপত্তাকে ঠেলে দিতে পারে বড় ধরনের ঝুঁকিতে। জ্বালানি বিশেষজ্ঞ ও বিদ্যুত্ বিভাগের পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বি ডি রহমতউল্লাহ প্রথম আলোকে বলেন, উত্তরাঞ্চলের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে বিদ্যুত্ উত্পাদনের যে বিতর্ক, তার মীমাংসা করতে সরকারকেই এগিয়ে আসতে হবে। সরকারকে খেয়াল রাখতে হবে, উন্নয়ন করতে গিয়ে অধিক পরিমাণে কৃষিজমি যাতে নষ্ট না হয়। একই সঙ্গে এ ব্যাপারে সজাগ থাকতে হবে, খনি করতে গিয়ে পরিবেশ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।একই সুরে কথা বলছে উত্তরবঙ্গের নাগরিক সমাজও। বগুড়ার প্রবীণ সমাজসেবী আমজাদ হোসেন (তাজমা নামে পরিচিত) বলেন, উত্তরাঞ্চলে বিদ্যুতের ঘাটতি সবচেয়ে বেশি। সেচ মৌসুমে তা আরও প্রকট হয়। তাই এ অঞ্চলের দ্রুত উন্নয়ন করতে হলে বিদ্যুত্ সরবরাহ বাড়াতে হবে। এ জন্য এই অঞ্চলের কয়লাকে ব্যবহার করা যেতে পারে। কিন্তু এই কাজটি করতে সরকারকেই নেতৃত্ব নিতে হবে। কোনো বিদেশি কোম্পানি নয়। তিনি বলেন, মানুষ এ বিষয়ে ভালো করে জানে না। তাদের আস্থায় আনতে হবে। আর খেয়াল রাখতে হবে, কত কম জমি ব্যবহার করে কয়লা তোলা যায়। কারণ, উত্তরবঙ্গ এখন সারা দেশের শস্যভাণ্ডার। ফলে কৃষিজমি বেশি নষ্ট করে এখানে কোনো উন্নয়ন করতে গেলে তা সাধারণ মানুষ সহজভাবে নেবে না। (শেষ)