কয়লানীতি পর্যালোচনা করতে আবারও কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়লানীতি পর্যালোচনা করতে আবারও কমিটি গঠন করেছে সরকার। জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তত্ত্বাবধায়ক সরকারের সময় করা ‘কয়লানীতি-২০০৮’ পর্যালোচনা করে নীতি চূড়ান্ত করবে। আজ বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে এ কথা জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী। তিনি জানান, কমিটি অন্য দেশের এ সংক্রান্ত নীতিমালাও খতিয়ে দেখবে।এর আগে জ্বালানি মন্ত্রণালয়ে কয়লানীতি চূড়ান্ত করার বিষয়ে আজ বিকেল থেকে রাত পর্যন্ত এক বৈঠক হয়।বৈঠক সূত্রে জানা গেছে, কয়েকজন উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার বিষয়টি বিবেচনায় রেখে এ নীতি করার পক্ষে সুপারিশ করেন। তবে এর সঙ্গে ‘মাইনস অ্যান্ড মিনারেলস রুলস’-এর সমন্বয় করার কথাও বলা হয়। নতুন কমিটি দ্রুত কয়লানীতি চূড়ান্ত করার কাজ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকে তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুরসহ মন্ত্রণালয়, পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।