কয়লানীতির ওপর জনগণের মতামত গ্রহণে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় কয়লানীতি চূড়ান্ত করার আগে আরও আলাপ-আলোচনা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।আজ বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে খসড়াটি উপস্থাপন করা হলে তিনি এই অভিমত প্রকাশ করেন।জনগণ যাতে তাঁদের মতামত ব্যক্ত করতে পারেন, সে লক্ষ্যে এর খসড়া ওয়েবসাইটে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।শেখ হাসিনা বলেন, কয়লানীতি চূড়ান্ত করার আগে অবশ্যই কয়লা ওঠানোর ফলে পরিবেশের ওপর এর প্রভাব এবং জনগণের ক্ষতি বা সমস্যার বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করতে হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের বিষয়টিও চূড়ান্ত করতে হবে।এ সময় প্রধানমন্ত্রীর বিদ্যুত্ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, বিদ্যুত্ প্রতিমন্ত্রী এনামুল হক, অ্যাম্বেসেডর এটলার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, বিদ্যুত্সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ, জ্বালানি সচিব মেসবাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। — বাসস