সরকার দুটি বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আমদানির সিদ্ধান্ত নিয়ে এর বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে। বিদেশে কয়লাখনি ইজারা নিয়ে কিংবা প্রতিবছর ৩০ লাখ মেট্রিক টন করে কয়লা সাধারণভাবে আমদানি করা হবে। অপরদিকে দেশের খনি থেকে কয়লা তোলার সঙ্গে বিশেষভাবে সম্পৃক্ত কয়লানীতি চূড়ান্ত করতে আবারও জাতীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।কয়লা আমদানির জন্য খনি ইজারা দিতে কিংবা কয়লা রপ্তানিতে আগ্রহী এবং সক্ষম দেশ ও কোম্পানি খুঁজে বের করে তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরের পদক্ষেপ নিতে আটটি দেশের বাংলাদেশ দূতাবাসে গত মঙ্গলবার চিঠি পাঠানো হয়েছে। দেশগুলো হচ্ছে: অস্ট্রেলিয়া, চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা, কাজাখস্তান ও পোল্যান্ড।প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়লা আমদানির বিষয়টি অনুমোদন করার পর এসব চিঠি পাঠানো হয়।সরকারের পরিকল্পনা অনুযায়ী, চট্টগ্রামের আনোয়ারা ও বাগেরহাটের রামপালে ২০১৫ সালের মধ্যে ওই কেন্দ্র দুটি স্থাপিত হবে। এর প্রতিটির উৎপাদন ক্ষমতা হবে এক হাজার ৩২০ মেগাওয়াট। কেন্দ্র দুটির জ্বালানি হিসেবে প্রতিদিন আট হাজার ৩৩৩ টন কয়লা লাগবে। সে হিসাবে বছরে প্রায় ৩০ লাখ টন কয়লা প্রয়োজন হবে।এ ছাড়া সদ্য প্রণীত বিদ্যুৎ খাত মহাপরিকল্পনায় (২০৩০ সাল পর্যন্ত) বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি বহুমুখীকরণের নীতি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১৫ হাজার মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। অথচ দেশের খনি থেকে কয়লা উত্তোলন বাড়ানোর কোনো কার্যকর উদ্যোগ সরকার এখন পর্যন্ত নিতে পারেনি। বর্তমানে দেশের একমাত্র কয়লাখনি বড়পুকুরিয়া থেকে বছরে সাত-আট লাখ টন কয়লা তোলা যাচ্ছে, যার অধিকাংশ ব্যবহূত হচ্ছে সেখানকার ২৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি চালাতে।অন্যদিকে কয়লানীতি চূড়ান্ত করতে আরও অনেক সময় লাগবে। কারণ সরকার এখন নীতিটি চূড়ান্ত করতে একটি জাতীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই কমিটি নীতিটি চূড়ান্ত করার পর তা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।উল্লেখ্য, কয়লানীতির প্রথম খসড়া প্রণীত হয় ২০০৬ সালে। এরপর ওই খসড়াটি আটবার সংশোধন করা হয়। তারপর বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মতিন পাটোয়ারীর নেতৃত্বে গঠিত একটি জাতীয় কমিটি খসড়াটি চূড়ান্ত করে। তখন সুশীলসমাজের একাংশ থেকে দাবি ওঠে, অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার এ ধরনের একটি জাতীয় নীতি চূড়ান্ত করতে পারে না।বর্তমান সরকার ক্ষমতায় এসে নীতিটি নিয়ে আরও কিছু কাজ করে। সর্বশেষ ওয়েবসাইটের মাধ্যমে নীতিটি সম্পর্কে জনগণের মতামত নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়। মতামত নেওয়ার পর সরকার পুনরায় একটি জাতীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।বর্তমান পর্যায়ে আবার জাতীয় কমিটি গঠনের সিদ্ধান্ত কতটা যৌক্তিক, সে সম্পর্কে জানতে চাইলে বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি এর কোনো যৌক্তিকতা দেখি না। কয়লানীতির সর্বশেষ যে সংস্করণটি ওয়েবসাইটে দেওয়া হয়েছিল, আমি সেটিকে পূর্ণ সমর্থন করি। সকল মৌলিক বিষয় সেখানে সন্নিবেশিত হয়েছে। নতুন কমিটি সেখানে আর কী নতুন যোগ করবে, আমি বুঝি না। এতে নীতিটি চূড়ান্ত করতে অহেতুক সময়ক্ষেপণ হবে।’ম তামিম আরও বলেন, যত কমিটিই করা হোক, শেষ পর্যন্ত নীতিনির্ধারকদেরই সিদ্ধান্ত নিতে হবে। সে ক্ষেত্রে তাঁরা যদি কারও সঙ্গে আলোচনা করে আরও ভালোভাবে বিষয়গুলো বুঝতে হবে বলে মনে করেন, সেটা কমিটি না করেও করতে পারেন। সে জন্য কমিটি করে সময় নষ্ট করার দরকার নেই। কারণ সবারই মনে রাখতে হবে, দেশের জ্বালানি সমস্যা মেটাতে কয়লার কোনো বিকল্প এখন পর্যন্ত হাতে নেই।এ অবস্থায় দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করতে হলে সরকারকে অনেক কয়লা আমদানি করতে হবে। কিন্তু দীর্ঘমেয়াদে বিপুল পরিমাণ কয়লা আমদানি ও তা মজুদের স্থান গড়ে তোলা অনেক সময়সাপেক্ষ কাজ। তাই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়ার পাশাপাশি আমদানির প্রক্রিয়াও শুরু করা হয়েছে।জানতে চাইলে বিদ্যুৎ সচিব মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, দূতাবাসগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এগিয়ে আসতে পারে। তারাও সুবিধাজনক কোনো দেশ বা কোম্পানির কাছ থেকে খনি ইজারা নেওয়া কিংবা কয়লা আমদানির ব্যাপারে মধ্যস্থতা করতে পারে।এক প্রশ্নের জবাবে বিদ্যুৎসচিব বলেন, যে বিপুল পরিমাণ কয়লা বিদ্যুৎকেন্দ্রের জন্য দরকার হবে, তা আমদানির জন্য দুটি পদ্ধতির কথা সরকার ভেবেছে। এক. কোনো দেশের এক বা একাধিক কয়লাখনির স্বত্ব কিনে নিয়ে সংশ্লিষ্ট সরকারকে রয়্যালটি দিয়ে আমরা নিজেরাই কয়লা তুলে আনার ব্যবস্থা করতে পারি। দুই. কোনো দেশ বা কোম্পানির কাছ থেকে আমরা দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে কয়লা কিনে আনতে পারি। এর কোনো পদ্ধতিতেই সরকারের আপত্তি নেই।অন্যান্য সূত্র জানায়, রামপালের কেন্দ্রটির নির্মাণকাজ এ বছরই শুরু হওয়ার কথা। চট্টগ্রামেরটি শুরু হবে আগামী বছর। এ ছাড়া সরকার ইতিমধ্যে আরও কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য দরপত্র আহ্বান করেছে। এগুলোর মোট উৎপাদন ক্ষমতা প্রায় চার হাজার মেগাওয়াট। কাজেই সরকারের বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বিপুল পরিমাণ কয়লার সংস্থান করতেই হবে।তবে কয়লা আমদানির ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা হয়ে আছে বন্দরের সীমাবদ্ধতা। রামপালের বিদ্যুৎকেন্দ্রটির জন্য কয়লা আমদানি করতে মংলা বন্দর ব্যবহার করতে হবে। কিন্তু ওই বন্দরের চ্যানেলের যে গভীরতা, তাতে ২০ হাজার টনের বেশি কয়লাবোঝাই জাহাজ (লাইটারেজ শিপ) বন্দরের জেটিতে ভিড়তে পারবে না। কিন্তু ২০ হাজার টন কয়লা ওই বিদ্যুৎকেন্দ্রটির মাত্র আড়াই দিনের জ্বালানি।সে হিসেবে বিদ্যুৎকেন্দ্রটির প্রতি মাসের জ্বালানি সরবরাহের জন্য ২০ হাজার টনের অন্তত ১২৫টি জাহাজকে বন্দরে ভিড়তে হবে। অবশ্য মংলা বন্দরকে এই কাজের উপযোগী করতে একটি সমীক্ষা চালানো হয়েছে। ওই সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহের জন্য মংলা বন্দরের ১৫ কিলোমিটারব্যাপী চ্যানেলে নিবিড় খনন (ড্রেজিং) করতে হবে।