সমঝোতা স্মারক স্বাক্ষরিত
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশ-ভারত যৌথ কোম্পানি হবে
খুলনায় এক হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য বাংলাদেশ ও ভারত যৌথ উদ্যোগের কোম্পানি (জেভিসি) গঠনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসেই (সেপ্টেম্বর) এই কোম্পানি গঠনের চূড়ান্ত চুক্তি হবে।এ ব্যাপারে গতকাল সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল থারমাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) এ স্মারক স্বাক্ষর করে। এনটিপিসি ভবনে এ স্মারক স্বাক্ষর হয়।সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, যৌথ উদ্যোগের ওই কোম্পানির বিধিবিধানে পানি ও অন্যান্য নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনেরও সুযোগ রাখা হবে। কোম্পানির দুটি নামও প্রস্তাব করা হয়েছে। এক, ‘বিপিডিবি-এনটিপিসি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি’ এবং দুই, ‘বিপিডিবি-এনটিপিসি পাওয়ার জেনারেশন কোম্পানি।’সমঝোতা স্মারক স্বাক্ষরের পর দেশে ফিরে বিপিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির সাংবাদিকদের বলেন, খুলনার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রশিক্ষিত জনবল তৈরিতে ভারত সহায়তা করবে। সেই সহায়তার অংশ হিসেবে একদল প্রকৌশলী প্রশিক্ষণ নেওয়ার জন্য আগামী ২৩ সেপ্টেম্বর ভারতে যাবেন।চার দিনের ভারত সফরকালে বিপিডিবির চেয়ারম্যান এনটিপিসি বোর্ডের কাছে একটি খসড়া প্রতিবেদন হস্তান্তর করেন। যৌথ উদ্যোগের কোম্পানি গঠন-সংক্রান্ত এই খসড়া প্রতিবেদন মন্ত্রিপরিষদে অনুমোদিত। এনটিপিসি প্রতিবেদনটি সম্পর্কে এক সপ্তাহের মধ্যে মতামত দেবে। এরপর দুই দেশের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি কমিটি কোম্পানি গঠনের কাজ শুরু করবে।সরকারি সূত্র জানায়, গতকাল স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী যৌথ উদ্যোগের কোম্পানিতে দুই দেশের সমানসংখ্যক প্রতিনিধি থাকবে। কোম্পানির প্রধান দুটি পদ হবে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এই পদ দুটির মেয়াদকাল হবে পাঁচ বছর। কোম্পানি গঠনের শুরু থেকে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সময়ে (চার-পাঁচ বছর) বাংলাদেশ চেয়ারম্যান পদে থাকবে। কিন্তু ওই সময়কে চেয়ারম্যান পদের মেয়াদের পাঁচ বছরের মধ্যে ধরা হবে না। ফলে বিদ্যুৎকেন্দ্রে প্রথম উৎপাদন শুরুর পরও বাংলাদেশ পাঁচ বছর চেয়ারম্যান পদে থাকবে।আমাদের নয়াদিল্লি প্রতিনিধি জানান, সমঝোতা স্মারকে সই করেন বিপিডিবির প্রধান প্রকৌশলী (উৎপাদন) মো. আবুল কাশেম এবং এনটিপিসির মহাব্যবস্থাপক এ কে শর্মা।সমঝোতা স্মারক অনুযায়ী, এনটিপিসি খুলনার পাশাপাশি চট্টগ্রামে একই ক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিপিডিবিকে সম্ভাব্যতা যাচাই, স্থান নির্ধারণ, প্রযুক্তি নির্বাচন, প্রকৌশল ও নকশা ইত্যাদির জন্য কারিগরি পরামর্শ দেবে। বিদ্যুৎকেন্দ্র দুটি স্থাপনের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ২০০ কোটি টাকা। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিদ্যুৎসচিব পি উমা শংকর, বিপিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম, এনটিপিসির চেয়ারম্যান আর কে শর্মা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা। গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের মধ্যে বিদ্যুৎ খাতে সহযোগিতার যে চুক্তি হয় এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ তারই ফল। এ ছাড়া ২০১২ সালের মধ্যে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য দুই দেশের কারিগরি দল গ্রিডলাইন ও উপকেন্দ্র নির্মাণের কাজ করছে।