এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক পথ জানা নাই। নাটকটি লিখেছেন আহমদ জামান চৌধুরী এবং পরিচালনা করেছেন সৈয়দ জামান। এতে অভিনয় করেছেন দিলারা জামান। কথা হলো তাঁর সঙ্গে। এখন কী নিয়ে আপনার ব্যস্ততা?কয়েক বছরের জন্য দেশান্তরি হচ্ছি। ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় যাচ্ছি, ছোট মেয়ের কাছে। বড় মেয়েটা জাপান ছিল। ও কানাডায় চলে এসেছে। নিজের কিংবা স্বামী ও মেয়েদের জন্য তো কখনোই কিছু ভাবার সুযোগ পাইনি। দর্শকদের কথাই শুধু ভেবেছি। বয়সটাকে কখনো পাত্তা দিইনি। কাজ করে গেছি। আমার দুই মেয়েকে জীবনে এতটুকু সময় দিইনি। এখন ওরাই আমাদের জন্য অস্থির হয়ে পড়েছে। তাই বাকি দিনগুলো ওদেরই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।দেশে কবে ফেরার ইচ্ছা আছে?দুই বছর তো একেবারেই না। পরে যখন আর মন টিকবে না, তখন আসব। হয়তো কয়েকটা নাটকেও কাজ করব। কিন্তু ওসব নিয়ে এখন কিছু ভাবছি না।‘পথ জানা নাই’ নাটকটি তো এখন নিয়মিত দেখানো হচ্ছে। এই নাটকের কাজ শেষ করেছেন?না। এটা সম্ভব? মাত্র তো নাটকটি শুরু হলো। তবে আমার যাওয়ার ব্যাপারটি পরিচালককে আগেই বলেছি। তিনি আমার অংশগুলো এগিয়ে রাখার চেষ্টা করেছেন। এভাবে আসলে হয় না। তাই আমার চরিত্রটিতে শর্মিলী আহমেদকে নেওয়ার জন্য পরিচালককে বলেছি। শর্মিলীও রাজি হয়েছেন। আর অন্য ধারাবাহিকগুলোর কী হবে? বাতাসের ঘর, আমাদের সংসার ও শহরে সবুজ নক্ষত্র ধারাবাহিকে আমার অংশগুলোর কাজ পুরোপুরি শেষ করেছি। ঈদের কয়েকটি নাটকের কাজও করেছি। এর মধ্যে আছে সকাল আহমেদের রিমোট কন্ট্রোল, তারেখ সুমনের তুলা রাশি ও আবদুল্লাহ রানার বড় মা। অনেক দিন দেশের দর্শক ও নাটকের মানুষজন থেকে দূরে থাকবেন। সেটা সম্ভব হবে?ভুলে থাকতে কষ্ট হবে। কিছু মানুষের ব্যাপারে আমার অনেক অভিমান জমেছে। সেসব অভিমান নিয়ে কিছু বলতে ইচ্ছে হয় না। শুধু চাই, যেদিন দেশে ফিরব, সেদিন যেন এই অসহ্য যানজট না থাকে। সবাই দেশটাকে সুন্দর করার কথা ভাববে; হত্যা, ছিনতাই, ডাকাতি হবে না; একজন অন্যজনের পাশে এসে দাঁড়াবে—এগুলো আমার স্বপ্ন। জানি না, তা কখনো পূরণ হবে কি না। বিনোদন প্রতিবেদক