কয়েক সপ্তাহের জন্য কেনা বউ
প্রতিবছরই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ওমান, কুয়েত ও কাতার থেকে পর্যটকেরা যান ভারতে। ১০ থেকে ১৫ দিন ভারতে থাকেন তাঁরা। আর এ সময়টায় বিনোদনের জন্য খুঁজে নেন অনেক কিছুই। আর এই অনেক কিছুর তালিকায় বাদ যান না ভারতের নারীরাও। ১০ অথবা ১৫ দিনের মধ্যে ১৫ হাজার থেকে এক লাখ রুপিতে ভারতের নারীদের বউ হিসেবে কিনে নেন পর্যটকেরা। শুধু নামেই বউ নন, কাজি ডেকে রীতিমতো বিয়ে পড়ানো হয়। আর নতুন এসব বউকে নিয়ে ধনী পর্যটকেরা বেরিয়ে পড়েন মধুচন্দ্রিমায়। অবশ্য বেড়ানোর সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তালাক দেওয়া হয় তাঁদের। সম্প্রতি ভারতের জনপ্রিয় অনলাইন ‘মিড-ডে’-এর সাংবাদিকদের অনুসন্ধানে জানা গেছে এমন ভয়ংকর ঘটনার কথা।এনডিটিভির খবরে বলা হয়, ভারতের একদল কাজি বিবাহ সম্পর্কে ইসলামিক আইনের অপব্যবহার করে এ ধরনের বিয়ে পড়ান। সেই কাজিদের মাধ্যমেই আবার চুক্তি শেষে তালাক হয় বর-কনের। এ জন্য তাঁদের মোট টাকার ৫০ শতাংশ বরাদ্দ দেওয়া হয়। যেসব দালাল গ্রাম থেকে দরিদ্র মেয়েদের অর্থাত্ বউদের জোগাড় করে আনে, তারা পায় ২৫ শতাংশ। এ ছাড়া পতিতালয়ের দালাল, গাড়ির চালকেরা প্রত্যেকে পান ৫০০ থেকে এক হাজার রুপি। তবে বিয়ের কনেটি পান সামান্যই। মাত্র দুই হাজার রুপি। আর এ জন্যই অনেক নারীই পর্যটকদের আকর্ষণ করতে দাঁড়িয়ে থাকেন রাস্তায় রাস্তায়। অর্থের বিনিময়ে বউ কিনে তাঁদের যৌন সেবায় নিয়োজিত করেন আরবের পর্যটকেরা। এভাবে মুসলিম আইন ভেঙে কাজিরা বিয়ে দেন এবং বিয়ে ভাঙেন একের পর এক। তালাক হওয়ার পরে মেয়েটিকে আবার নতুন কোনো পর্যটকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। এই পেশায় থাকা মেয়েরাই পরে আবার দালাল হিসেবে কাজ করেন। তাঁরাই গ্রাম থেকে নিয়ে আসেন অন্য মেয়েদের। তাঁদের আবার নিয়োজিত করা হয় ওই একই পেশায়।