কয়েকটি বিদ্যুৎকেন্দ্র চালু হয়নি, তেল এনে বিপাকে বিপিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়াভিত্তিক কয়েকটি বিদ্যুৎকেন্দ্র নির্ধারিত সময়ে চালু না হওয়ায় এগুলোর জন্য আমদানি করা জ্বালানি তেল নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এসব কেন্দ্র চালুর নির্ধারিত সময় অনুসারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দেওয়া চাহিদা অনুযায়ী বিপিসি এই তেল আমদানি করে।সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিকল্পনা অনুযায়ী গত মার্চ ও চলতি এপ্রিল মাসে মোট ১২টি ভাড়াভিত্তিক নতুন বিদ্যুৎকেন্দ্র চালুর কথা। সরকারের সঙ্গে উদ্যোক্তাদের চুক্তি অনুযায়ী যেসব নতুন কেন্দ্র স্থাপিত হওয়ার কথা, তাতে জ্বালানি হিসেবে মার্চে ৫০ হাজার ২৩ মেট্রিক টন ডিজেল ও ৭৭ হাজার ৪৪৪ মেট্রিক টন ফার্নেস অয়েল এবং চলতি মাসে ৫৪ হাজার ৮৪১ মেট্রিক টন ডিজেল ও এক লাখ ৭৭ মেট্রিক টন ফার্নেস অয়েল দরকার হতো। পিডিবি সে অনুযায়ী বিপিসিকে তেল আমদানির চাহিদাপত্র দিয়েছে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষরের পর। বিপিসি সেই অনুযায়ী তেল আমদানি করেছে। কিন্তু কয়েকটি বিদ্যুৎকেন্দ্র চালু না হওয়ায় ওই তেল ব্যবহার করা যাচ্ছে না। আবার দীর্ঘ মেয়াদে এত তেল রাখারও জায়গা নেই। তাই বিপাকে পড়েছে বিপিসি। এ বিষয়ে জানতে চাইলে বিপিসির চেয়ারম্যান মোক্তাদীর আলী বলেন, ‘চাহিদা অনুযায়ী তেল এনে বসে আছি, কিন্তু ব্যবহারের ক্ষেত্র তৈরি হয়নি। এখন একটা বিপাকেই পড়েছি। পিডিবিকে চিঠি দিয়ে বলেছি, এই তেল রাখতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, কোনো ক্ষতি হয়, তাহলে তাদেরই ক্ষতিপূরণ দিতে হবে।’সূত্র জানায়, এ বছর সর্বোচ্চ পরিমাণ জ্বালানি তেল দরকার হবে আগামী মাসে (মে), ৫৬ হাজার ৬৬৯ মেট্রিক টন ডিজেল ও এক লাখ ১৫ হাজার ৯৩৫ মেট্রিক টন ফার্নেস অয়েল। এই তেল আমদানির ব্যবস্থাও হয়ে আছে।এদিকে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি তেল সরবরাহের দায়িত্ব থেকে শিগগিরই নিষ্কৃতি চায় বিপিসি। এ প্রসঙ্গে বিপিসির চেয়ারম্যান জানান, বিদ্যুৎ বিভাগের সঙ্গে সর্বশেষ সভায় তিনি বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোকে তাদের প্রয়োজনীয় জ্বালানি তেল আমদানির অনুমতি দেওয়ার প্রস্তাব দিয়েছেন। সরকার ওই সব কোম্পানিকে শুল্ক ও করের ক্ষেত্রে নানা ধরনের সুবিধা দিচ্ছে। সেই অনুযায়ী তারা নিজেরাই তেল আমদানি করে নিতে পারবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রধানমন্ত্রী বরাবর একটি সারসংক্ষেপ পাঠানো হয়েছে। এতে বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোকে নিজ নিজ প্রয়োজনীয় তেল আমদানির সরকারি অনুমতি চাওয়া হয়েছে।এ ছাড়া জ্বালানি তেল আমদানির জন্য সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে একটি কোম্পানি গঠনের সম্ভাব্যতা নিয়েও আলাপ-আলোচনা চলছে।যেসব কেন্দ্র চালু হয়নি: সূত্র জানায়, মার্চে মোট ২৮৩ মেগাওয়াট ক্ষমতার তিনটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালুর কথা থাকলেও একটিও হয়নি। এগুলো হচ্ছে: নওয়াপাড়া (যশোর) ১০৫ মেগাওয়াট, ঘোড়াশাল ৭৮ ও মেঘনাঘাট ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র।চলতি মাসে প্রায় ৬০০ মেগাওয়াট ক্ষমতার নয়টি নতুন ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালুর সময় নির্ধারিত আছে। এগুলোর মধ্যে গত রোববার আশুগঞ্জ (এপিএসসিএল) ৫০ মেগাওয়াট কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। ঘোড়াশাল (ম্যাক্স পাওয়ার) সাড়ে ৭৮ মেগাওয়াট কেন্দ্র গতকাল মঙ্গলবার চালু হয়েছে। জানা গেছে, বাকি কেন্দ্রগুলোর মধ্যে খুলনা (কেপিসিএল) ১১৫ এবং নওয়াপাড়া (খানজাহান আলী) ৪০ মেগাওয়াট কেন্দ্র এ মাসে চালু হবে। আশুগঞ্জ (এগ্রিকো) ৮০ মেগাওয়াট কেন্দ্র দু-এক দিনের মধ্যে চালু হওয়ার কথা। বাকি চারটি আশুগঞ্জ (ইউনাইটেড) ৫৩, আমনুরা ৫০, জুলদা ১০০ ও কেরানীগঞ্জ ১০০ মেগাওয়াট কেন্দ্র এপ্রিলে চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা আছে।জানতে চাইলে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, মার্চে যেগুলো হয়নি, সেগুলো এ মাসে (এপ্রিল) চালু হবে। এপ্রিলের কোনো কোনোটি পরের মাসে পিছিয়ে যাবে। এ রকম বিলম্ব হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট উদ্যোক্তারা জরিমানাও দিচ্ছেন। কিন্তু সময়মতো বিদ্যুৎকেন্দ্র চালু করতে পারছেন না। তবে কিছুদিন দেরি হলেও এ বছরের মধ্যে পরিকল্পিত কেন্দ্রগুলো চালু হবে।এ বছর কত হবে: সরকারের পরিকল্পনা অনুযায়ী এ বছর (২০১১ সাল) সর্বমোট দুই হাজার ১৯৪ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা। এর মধ্যে ফেব্রুয়ারিতে সিদ্ধিরগঞ্জে দেশ এনার্জির ১০০ এবং এগ্রিকোর ৭০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র চালু হয়। এরপর নারায়ণগঞ্জের মদনগঞ্জে সামিট পাওয়ারের ১০২, রোববার আশুগঞ্জে ৫০ এবং সর্বশেষ গতকাল ঘোড়াশালে সাড়ে ৭৮ মেগাওয়াট কেন্দ্র চালু হয়েছে। সব মিলিয়ে এ বছর গতকাল পর্যন্ত চালু হয়েছে ৪০০ মেগাওয়াট ক্ষমতার নতুন কেন্দ্র। কিন্তু এ সময়ে আরও প্রায় ৩০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র চালু হওয়ার কথা ছিল।প্রায় ১৩০ কোটি টাকা জরিমানা: ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সময়মতো চালু করতে না পারায় সংশ্লিষ্ট উদ্যোক্তারা এ পর্যন্ত পিডিবির অনুকূলে মোট প্রায় ১৩০ কোটি টাকা জরিমানা হিসেবে দিয়েছেন। এসব কেন্দ্র স্থাপনের চুক্তিপত্রের শর্ত অনুযায়ী, কোনো উদ্যোক্তা নির্ধারিত সময়ে কেন্দ্র স্থাপনে ব্যর্থ হলে বিলম্বের জন্য জরিমানা হিসেবে প্রতি মেগাওয়াটের জন্য প্রতিদিন পাঁচ মার্কিন ডলার জরিমানা দেবেন। এ অনুযায়ী কয়েকটি কোম্পানির কাছ থেকে পিডিবি ওই অর্থ আদায় করেছে।বাড়ছে লোডশেডিং: ঢাকাসহ সারা দেশে লোডশেডিং বাড়ছে। মাস খানেক যাবৎ ঢাকায় লোডশেডিং চার-পাঁচবারে সীমাবদ্ধ থাকলেও শনিবার থেকে তা সাত-আটবারে উঠেছে। সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকায় ঢাকাসহ প্রধান প্রধান শহরে মধ্যরাতেও লোডশেডিং হচ্ছে। প্রায় দুই সপ্তাহ ধরে বিদ্যুৎ উৎপাদন সাড়ে চার হাজার মেগাওয়াটের কাছাকাছি রয়েছে। কিন্তু গরম বাড়ায় বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াটের বেশি। ফলে লোডশেডিংও বেড়েছে।