কয়েদিদের কাছে পৌঁছে যাচ্ছে মাদক
যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের হাতে নানা কৌশলে পৌঁছে যাচ্ছে গাঁজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক। কারারক্ষীরাও এর সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।কারাগারের নিরাপত্তার জন্য জেনারেটর থাকলেও জ্বালানি তেলের বরাদ্দ নেই। তাই রাতে লোডশেডিং হলে হারিকেনের আলোয় কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে হয়।এদিকে কারাগারের ৫২ জন ভারতীয় বন্দীর সাজার মেয়াদ কয়েক বছর আগে শেষ হলেও নানা জটিলতায় তাঁদের ভারতে ফেরত পাঠাতে পারছে না কারা কর্তৃপক্ষ।কারাগারে মাদক: বিভিন্ন সূত্রে জানা যায়, কারারক্ষীদের ৫০ থেকে ১০০ টাকা দিলেই কয়েদি ও হাজতিরা অনায়াসে গাঁজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। গত ১৫ জুন কারারক্ষী ইয়াছিন আলী (নম্বর ৪২২৩২) এক কয়েদিকে কিছু টাকার বিনিময়ে গাঁজা দিয়ে আসেন। কয়েদি ওই গাঁজা তাঁর স্যান্ডেলের মধ্যে লুকিয়ে রাখেন। বিষয়টি তৎকালীন কারা তত্ত্বাবধায়কের নজরে এলে কারারক্ষী ইয়াছিনকে সাময়িক বরখাস্ত করা হয়।জানা যায়, অনেক হাজতি আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় তাঁদের বন্ধু ও স্বজনদের কাছ থেকে খাবার নেন। ওই খাবারের সঙ্গে তাঁরা বিভিন্ন ধরনের মাদকও নেন। মাদক নেওয়ার সময় অনেক ধরনের কৌশলও অবলম্বন করেন হাজতিরা। এর একটি কৌশল হলো স্বজনের সঙ্গে হাজতিদের পায়ের জুতা বা স্যান্ডেল বদল করা। ওই জুতা-স্যান্ডেলের তলা কেটে গাঁজা ও হেরোইন রাখা হয়। কারাগারে গিয়ে তা বের করে সেবন করেন হাজতিরা। এ ঘটনার অনেক প্রমাণও মিলেছে।গত ৯ জুন নাসির নামের এক হাজতি আদালতে হাজিরা দিয়ে কারাগারে ফেরেন। এ সময় তাঁর পায়ে নতুন স্যান্ডেল দেখে কারা কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে ওই স্যান্ডেলের মধ্য থেকে চার স্তরে সাজানো গাঁজা উদ্ধার করা হয়। শাস্তি হিসেবে ওই কয়েদিকে ৩০ দিনের ডান্ডাবেড়ি পরানো হয়।নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, হাজতির স্বজনদের কাছ থেকে পাওয়া দ্রব্য যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয় না বলেই কারাগারে মাদক ঢুকে পড়ছে। এ ছাড়া কারারক্ষীদের মাধ্যমে বন্দীদের হাতে মাদক পৌঁছে যাচ্ছে।এ ব্যাপারে বিভাগীয় সদর দপ্তর যশোরের কারা উপমহাপরিদর্শক এ কে এম ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘দু-একজন কারারক্ষী লোভে পড়ে কয়েদিদের কাছে মাদক পৌঁছে দিতে পারেন। তবে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।’ লোডশেডিংয়ে নিরাপত্তা ঝুঁকি: সম্প্রতি ৩০ লাখ টাকা ব্যয়ে কারাগারের ভেতরে একটি জেনারেটর বসানো হয়েছে। কিন্তু জেনারেটরে জ্বালানি তেলের বরাদ্দ দেওয়া হয়নি।কারাগারের জেলার কামরুল হুদা জানান, বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কারাগারের নিরাপত্তাবেষ্টনীর ৩৯টি নিরাপত্তা টং ঘরে ৩৯টি হারিকেন ও কয়েদির ৩৭টি কক্ষে ৩৭টি হারিকেন জ্বালানো হয়। তিনি জানান, এখানে বিডিআর বিদ্রোহ মামলার ৪৬ জন, ফাঁসির আসামি ১০৫ জন, জঙ্গি ১৪ জনসহ দুই হাজারের মতো বন্দী রয়েছেন। লোডশেডিংয়ের সময় কারাগারের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে যায়।জেনারেটরের তেল সরবরাহের ব্যাপারে গণপূর্ত অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, জ্বালানি তেলের জন্য সরকারি বরাদ্দ না পাওয়া পর্যন্ত কিছুই করার নেই।দেশে ফিরতে পারছেন না ৫২ ভারতীয় নাগরিক: সাজার মেয়াদ শেষ হওয়ার পর ৫২ জন ভারতীয় বন্দীর মধ্যে ৪৫ জনকে ভারতে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ভারতে পাঠানোর জন্য তাঁদের কয়েক দফা সীমান্তও নেওয়া হয়েছে। কিন্তু ভারতীয় দূতাবাস থেকে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে এ সংক্রান্ত কোনো চিঠি না যাওয়ায় বিএসএফ তাঁদের গ্রহণ করেনি।কারা তত্ত্বাবধায়কের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সোহরাব প্রথম আলোকে বলেন, ভারতীয় দূতাবাসের জটিলতার কারণে তাঁরা এখনো তাঁদের দেশে ফিরতে পারেননি।