কয়েল কারখানার গুদামে আগুন, পাঁচজনের মৃত্যু
রাজধানীর খিলক্ষেতে নামাপাড়ার বোর্ডগার্ড এলাকায় একটি মশার কয়েল কারখানার গুদামে অগ্নিকাণ্ডে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুড়ে যাওয়া ব্যক্তিদের শরীর বিকৃত হওয়ায় তাঁদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরও ১০-১২ জনের অগ্নিদগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। গুদামে রাখা রাসায়নিক থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। স্থানীয় লোকজন জানান, খিলক্ষেতের লেকসিটি কনকর্ড গার্ডেনসংলগ্ন করুণা গার্মেন্টসের বিপরীত পাশে গুডনাইটের স্প্রে কয়েলের গুদাম। এখানে ড্রামে রাখা রাসায়নিক ছোট ছোট স্প্রে কনটেইনারে ভরে বাজারে বিক্রি করা হয়। পরে আবার নষ্ট বা মেয়াদোত্তীর্ণ কনটেইনারগুলো এখানেই খালি করা হয়।কারখানার আশপাশের বাসিন্দারা জানান, গুদামে কাজ করার জন্য কোনো স্থায়ী শ্রমিক নেই। যখন প্রয়োজন হয়, তখন স্থানীয় শ্রমিকেরা গিয়ে কাজ করেন। গতকাল সেখানে ২০ জন শ্রমিক কাজ করছিলেন। স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন বলেন, রাত সাড়ে নয়টার দিকে শ্রমিকেরা মেয়াদোত্তীর্ণ কনটেইনার খালি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এর পরই আগুন জ্বলে ওঠে। আগুনের সঙ্গে সঙ্গে স্প্রের কনটেইনারগুলো বিকট শব্দে বিস্ফোরিত হতে থাকে এবং বিভিন্ন দিয়ে ছিটিয়ে পড়তে শুরু করে। হোসাইন নামের এক শ্রমিক জানান, আগুন লাগার সময় ভেতরে ২০ জন শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে আনোয়ার নামে এক শ্রমিক বের হওয়ার সময় তাঁর শরীরে আগুন জ্বলছিল। পরে লোকজন পানি দিয়ে সে আগুন নেভায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগার খবর পেয়ে কুর্মিটোলা ও বারিধারা স্টেশন থেকে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈন মো. শাহিদউল্লাহ প্রথম আলোকে জানান, কারখানার ভেতর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা চারটি লাশ উদ্ধার করেছেন। আর একটি লাশ আগেই পুলিশ নিয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করা যায়নি বলে তিনি জানান।ঘটনাস্থলে আমজাদ নামের এক দোকানি বলেন, গুদামের নিরাপত্তা কর্মকর্তা আবদুল হালিম তাঁকে বলেছেন ভেতরে ২০ জন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের মধ্যে ইউসুফ, আনারুল, রাসেলসহ অনেক শ্রমিক ভেতরে ছিলেন। পুড়ে যাওয়া শ্রমিকদের লাশ চেনার উপায় নেই।ঘটনাস্থলে শ্রমিক এনামুলের বোন হালিমা জানান, তাঁর ভাই এনামুল ও এক আত্মীয় রাসেল ভেতরে কাজ করতে গিয়েছিলেন। তাঁদের খবর পাওয়া যাচ্ছে না। খিলক্ষেত থানার এএসআই শহীদ প্রথম আলোকে বলেন, একটি টিনশেড একতলা বাড়ির ওই গুদামে কয়েল তৈরিতে ব্যবহূত রাসায়নিক পদার্থ রাখা ছিল। আগুন লাগার পর তাতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। আগুনে গুদামের সামনের অংশ পুড়ে গেছে। পুলিশ পাঁচটি লাশ উদ্ধার করেছে। তাঁদের সবার শরীর পুড়ে গেছে। তাঁদের চেহারা চেনার কোনো উপায় নেই।