কয়ড়া-রাজমান বাজার সড়ক পাকা করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের বাসিন্দা দীর্ঘদিন ধরে কয়ড়া-রাজমান বাজার সড়কটি পাকা করার দাবি জানিয়ে আসছে। আশির দশকের গোড়ার দিকে কয়ড়া বাজার থেকে মহিষাখোলা গ্রাম হয়ে রাজমান বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি দুর্গানগর ইউনিয়ন পরিষদ থেকে নির্মাণ করা হয়েছিল। প্রথম অবস্থায় রাস্তাটি বন্যামুক্ত উচ্চতায় তৈরি হলেও দীর্ঘদিনে বন্যা ও বৃষ্টির কারণে রাস্তার মাটি অনেকটাই ধুয়ে গেছে। দুর্গানগর ইউনিয়নের দত্তপাড়া, হরিশপুর, আগকয়ড়া, মহিষাখোলা, বর্দ্ধনগাছা, হাটখোলা, বামনগ্রাম, কামারগ্রাম, রুদ্রগাতী, পাতিয়াবেড়া, ভাদালিয়াকান্দি, মুলবেড়া ও রাজমানসহ অন্তত ২০টি গ্রামের লোকজন এই সড়কপথে উল্লাপাড়া উপজেলা সদর, পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লাহিড়ীমোহনপুর ও উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে নিয়মিত যাতায়াত করে থাকে। এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফছার আলী জানান, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই উপজেলা পরিষদের সমন্বয় সভায় এটি পাকা করার দাবি জানিয়ে আসছিলেন। সম্প্রতি উল্লাপাড়ার সাংসদ মো. শফিকুল ইসলাম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহেদুল হকের প্রচেষ্টায় রাস্তাটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে।