খণ্ডকালীন শিক্ষক দিয়ে চলছে কলেজ
জেলার একমাত্র অনার্স কলেজ মকবুলার রহমান সরকারি অনার্স কলেজে শিক্ষকের সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। এ ছাড়া এখানে ছাত্রী হোস্টেল, অডিটোরিয়াম, প্রশাসনিক ভবন, লাইব্রেরি ও চিত্তবিনোদনের কোনো ব্যবস্থা নেই। নেই সীমানাপ্রাচীর। ছাত্রাবাসের অবস্থাও জরাজীর্ণ। বর্তমানে ১০ জন খণ্ডকলীন শিক্ষক দিয়ে কোনোমতে চলছে এখানকার শিক্ষার কার্যক্রম।১৯৬৫ সালে প্রায় ছয় একর জমির ওপর কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ সালে কলেজটিকে জাতীয়করণ করা হয়। এরপর ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে এখানে বাংলা, ইংরেজি, ইতিহাস, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, দর্শন, অর্থনীতি, গণিত, প্রাণিবিদ্যা ও পদার্থবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।এনাম কমিশনের প্রতিবেদন অনুযায়ী, একটি অনার্স বিষয়ে সাতজন করে শিক্ষক থাকার কথা। কিন্তু কলেজে অনার্স পর্যায়ে শিক্ষকের পদ রয়েছে ১৭টি এবং আর এর বিপরীতে আছেন মাত্র সাতজন শিক্ষক। বাংলা, ব্যবস্থাপনা, গণিত, পদার্থ ও হিসাববিজ্ঞান বিভাগে মাত্র একজন করে শিক্ষক রয়েছেন। আর ইংরেজি ও ইতিহাস বিভাগে দুজন করে শিক্ষক দিয়েই পাঠদান চলছে। তবে শিক্ষার মান ধরে রাখতে কলেজ কর্তৃপক্ষ এখন ১০ জন খণ্ডকালীন শিক্ষক দিয়ে কোনোমতে কাজ চালাচ্ছে। এদিকে কলেজটিতে অর্নাসসহ এইচএসসি ও স্নাতক পর্যায়ের পাঠদান চলছে শিক্ষক-সংকটের মধ্য দিয়ে। কলেজে এইচএসসি ও স্নাতক পর্যায়ে শিক্ষকের পদ রয়েছে মোট ২৩টি। এর বিপরীতে শিক্ষক আছেন মাত্র ১৩ জন। এর মধ্যে প্রাণিবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান ও শরীরচর্চা বিষয়ে শিক্ষক নেই।দেশের সর্বোত্তরের মফস্বল এলাকার এ কলেজটিতে অনার্স কোর্স চালু হওয়ায় জেলার নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাও উচ্চশিক্ষার স্বপ্ন দেখতে শুরু করেন। কিন্তু অব্যাহত শিক্ষক-সংকটে তাঁদের উচ্চাশা ভেঙে যেতে বসেছে। বর্তমানে কলেজটিতে প্রায় তিন হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন।কলেজ সূত্র জানায়, অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ কলেজে শিক্ষকের মোট পদের সংখ্যা ৪২টি। এর মধ্যে বর্তমানে আছেন মাত্র ২০ জন শিক্ষক। এ ছাড়া লাইব্রেরিয়ানের পদ না থাকায় শিক্ষার্থীরা লাইব্রেরির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। রসায়ন বিভাগের প্রদর্শক পদটিও দীর্ঘ ১৬ বছর ধরে শূন্য আছে।এদিকে শিক্ষক-সংকট ছাড়াও হোস্টেল, সীমানাপ্রাচীর প্রভৃতি সমস্যায় লেখাপড়া বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের। বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী দৃষ্টি চন্দ্র বলেন, ‘কলেজের সীমানাপ্রাচীর নেই। ফলে নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত।’বিএসএস শেষ বর্ষের ছাত্র মহিদুল ইসলাম বলেন, অবস্থানের কারণে কলেজটিতে ভালো মানের শিক্ষক এলেও শিগগিরই তাঁরা চেষ্টা-তদবির করে অন্যত্র চলে যান। ফলে শিক্ষক-সংকট লেগেই আছে। এ সমস্যায় অনার্সের অনেক শিক্ষার্থী পাঠ্যক্রম শেষ না করেই পরীক্ষায় অংশ নিতে বাধ্য হচ্ছেন।অনার্স বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. আবদুস সামাদ জানান, হোস্টেলে থাকার পরিবেশ নেই। দরজা-জানালা ভাঙা, ডাইনিংয়ের বেসিন নেই। টিউবওয়েলে গিয়ে থালাবাসন ধুতে হয়। সেমিনারে পর্যাপ্ত বই নেই, লাইব্রেরি একটি থাকলেও সেখানে লাইব্রেরিয়ান নেই। নেই কমনরুম। টিভি নষ্ট। ছাত্রাবাসের জন্য পাচক, পিয়ন ও নাইটগার্ড না থাকায় ছাত্ররা ভোগান্তি পোহাচ্ছেন।কলেজের উপাধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধান বলেন, শিক্ষক-সংকটই মূল সমস্যা। এ ছাড়া কলেজটিতে ছাত্রী হোস্টেল, অডিটোরিয়াম, প্রশাসনিক ভবন, লাইব্রেরি ভবন, চিত্তবিনোদন ও খেলাধুলার উপকরণের সংকট রয়েছে। ১০ জন খণ্ডকালীন শিক্ষক দিয়ে শিক্ষার কার্যক্রম কোনোমতে চালু রাখা হয়েছে।অধ্যক্ষ মো. গিয়াসুদ্দীন জানান, শিক্ষক-সংকটের বিষয়টি জানিয়ে প্রতি মাসেই শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে।