বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে যতই আন্দোলন-সংগ্রাম করেন, জনগণ আপনাকে ক্ষমা করবে না। স্বাধীনতাবিরোধীদের সঙ্গ ছাড়ুন। অতীত কর্মকাণ্ডের জন্যে নাকে খত দিয়ে দেশের জনগণের কাছে ক্ষমা চান। দেশের জনগণ যদি আপনাকে ক্ষমা করে, তবেই কেবল আপনি ক্ষমতায় যেতে পারবেন।’আজ রোববার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের বিজয়মঞ্চে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় হানিফ এসব কথা বলেন। মহান মুক্তিযুদ্ধের ৪২তম বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের গৃহীত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আলোচনার আয়োজন করা হয়। খবর বাসসের।খালেদা জিয়াকে উদ্দেশ করে মাহবুব উল আলম হানিফ আরও বলেন, ‘বিদেশিদের তোয়াজ করে ক্ষমতায় আসা যাবে না। ক্ষমতার মালিক এ দেশের জনগণ। জনগণ যাদের চাইবে, তারাই ক্ষমতায় আসবে।’ তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য রাজাকারদের নিয়ে রাজপথে আন্দোলন করে কিছুই করতে পারবেন না। কারণ, দেশের মানুষ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করে এ দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলবই।’বর্তমান নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন উল্লে¬খ করে প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী বলেন, বর্তমান সরকারের সময়ে এই নির্বাচন কমিশনের অধীনে সব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। তা ছাড়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা হাইকোর্টের রায়ের মাধ্যমে বাতিল করা হয়েছে। এ সময় তিনি বিরোধী দলকে কীভাবে নির্বাচন কমিশন শক্তিশালী করা যায়, তা নিয়ে সংসদে এসে আলোচনা করার আহ্বান জানান।শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।৩ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত বিজয়মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।