খতনার একাল-সেকাল
‘বাবু, তোমার নাম কী? পরির দেশে যাবে? হ্যাঁ, বলতেই হাজাম আবার বললেন, কোন পরি নেবে? নীল নাকি লাল? আমি লালপরি বলার আগেই হাজাম তার কাজ সেরে ফেললেন।’ শৈশবের সুন্নতে খতনার স্মৃতি তুলে ধরছিলেন গেন্ডারিয়ার আবু শামীম।ধর্মীয় অনুশাসন আর সামাজিক প্রথা—দুই মিলে পুরান ঢাকার অনন্য এক উত্সব সুন্নতে খতনা। তবে আয়োজনের ব্যাপ্তি কেমন হবে, তা নির্ভর করে সামর্থ্যের ওপর। পুরান ঢাকায় সুন্নতে খতনার উত্সব শুরু খতনা করার আগের দিন। যার সুন্নতে খতনা করানো হবে, তার হাতে রাত জেগে মেহেদি পরানো হয়। হলুদ বেটে রাখা হয়। সাদা রঙের কাপড়ে বাটা হলুদ মাখিয়ে রঙিন করা হয়। খতনার দিন সকালে গায়ে হলুদ মাখিয়ে তাকে গোসল করানো হয়। এরপর নতুন পাঞ্জাবি-পাজামা পরে বাড়ির মুরব্বিদের কাছ থেকে দোয়া নেওয়া হয়। খতনার কাজটি করানো হয় আসরের নামাজের পর। তবে খতনার ভয়ে বালকেরা লুকিয়ে থাকার কারণে সময়মতো কাজ হতো না প্রায়ই। এমন স্মৃতি জানালেন ইসলামপুরের ইকবাল হোসেন। তিনি বলেন, বাড়িতে সারা দিন ছিল উত্সবের আমেজ। যখন শুনতে পান তাঁর খতনা করানো হবে, মনের ভেতর ভয় ধরে যায়। বিকেলে আসরের নামাজের পর দাদার সঙ্গে হাজাম দেখতে পেয়ে দিলেন ভোঁ-দৌড়। এক দৌড়ে ইসলামপুর-পাটুয়াটুলী পেরিয়ে একেবারে সদরঘাটের কাছে চলে এলেন। তবে সে-যাত্রায় আর রক্ষা পাননি ইকবাল। খতনার পিঁড়িতে বসতেই হয় তাঁকে।খতনার পরপরই দাদা ও নানাবাড়ির পক্ষ থেকে সোনার অলংকার দেওয়ার রীতি রয়েছে। খতনার দিন প্রতিবেশী ও আত্মীয়দের মধ্যে জরদা ও মিষ্টি বিলি করা হয়। এভাবে তাঁদের খতনার কথা জানানো হয়। পরে তাঁরা আবার খতনা করানো শিশুটিকে দেখতে আসেন। সঙ্গে নিয়ে আসেন মিষ্টি, মোয়া, পিঠাসহ নানা রকম খাবারভর্তি বেতের ডালা। পুরান ঢাকায় একসময় ‘ডালা’ দেওয়া নিয়ে আত্মীয়দের মধ্যে প্রতিযোগিতা হতো। এ জন্য কারও কারও ডালা এত বেশি হতো যে রিকশাভ্যান কিংবা কুলি দিয়ে তা বহন করতে হতো। সাধারণত নানাবাড়ি থেকেই ডালা আসত বেশি। নানাবাড়ি থেকে মোয়া, পিঠা ছাড়াও মিষ্টি, ঘি, বাচ্চা মুরগি আর এক বোতল নারকেল তেল পাঠানো হতো। খতনার ক্ষতস্থান শুকাতে ব্যবহার করা হতো ওই তেল।খতনার ডালা নিয়ে মজার অভিজ্ঞতার কথা জানালেন লালবাগের মনিরউজ্জামান। তিনি বলেন, ‘খতনার সময় হাজাম কইছিল এক দিন পরেই হাঁটতে পারুম। কিন্তু হাঁটুম কই? পুরা বাড়ি ভরা নাশতা আর নাশতা। আনন্দের বখস (বাক্স), মরণ চান্দের বখস, আলাউদ্দিনের বখস, ইউসুফের বখস, বম্বের বখস—এত বখসের মইদ্যে হাঁটন যায়? আমার নানির বাড়ির থন বাচ্চা মুরগিও দিছিল।’খতনার এক সপ্তাহ পরে মাথায় পানি দেওয়া হয়। ঢাকাইয়া ভাষায় এটা হলো ‘ধোয়ানি’। খতনার পর এদিনই প্রথম গোসল করানো হয়। এককালে ধোয়ানির দিন হিজড়া নাচের আয়োজন করা হতো। বালকের মা তার মাথায় পানি ঢালার সময় তারা নাচ-গানে চারদিক মাতিয়ে রাখত। আবার কোথাও ধোয়ানির আগের দিন রাতে বসত গীতের আসর। ওই আসর চলত রাতভর। ধোয়ানির অনুষ্ঠানের জন্য আনা গরু বা ছাগল কাটা হতো রাতের বেলায়। রাতেই গরুর কলিজা, মাথার মাংস ভুনা করা হতো। এর সঙ্গে পরোটা দিয়ে আপ্যায়ন করা হতো অতিথিদের। সঙ্গে থাকত দই, মিষ্টি আর দুধে ভেজানো বাখরখানির রুটি। আর ধোয়ানির দিন দুপুরে ঢাকাই নানান পদ দিয়ে ভূরিভোজের আয়োজন করা হতো।খতনার দিন শিশুর পোশাকসজ্জায় থাকত শেরওয়ানি, পাগড়ি আর মালা। অনেকটা বরের বেশে থাকা খতনা-বালকদের নেতৃত্বে খতনার বহর নিয়ে টমটম গাড়ি ছুটে চলত ঢাকার পথে পথে। কলতাবাজারের আদি বাসিন্দা ফারুখ আহমেদ জানান, তাঁর খতনার বহরে ছিল ১০টি টমটম। এগুলো সাজানো হয়েছিল জরি আর রংচঙে মালা দিয়ে। ধোয়ানির দিনে টমটমগুলো পুরান ঢাকার কলতাবাজার থেকে শাহবাগ পর্যন্ত ঘুরিয়ে এনেছিল তাঁকে।একসময় খতনার বহর চকবাজার এলাকায় চক্কর দিত। ঐতিহ্যবাহী এই চক্করকে ‘চক ঘোরানো’ বলা হতো বলে নাজির হোসেনের কিংবদন্তি ঢাকা বই থেকে জানা যায়।ঢাকার বুকে বিহারের হাজামএখন খতনার জন্য বেশির ভাগ মানুষই ছোটেন চিকিত্সকের কাছে। আজ থেকে দুই যুগ আগেও পুরান ঢাকায় খতনাকর্মে হাজামদের জয়জয়কার ছিল। সে সময় ঢাকায় ছিল খ্যাতিমান বেশ কিছু বিহারি হাজাম। তাঁদের অনেকেই আজ আর নেই।পুরান ঢাকায় একসময় হাজাম ফালু খলিফার বেশ নামডাক ছিল। তাঁর বাড়ি ছিল হাজারীবাগে। একটা পুরোনো মোটরসাইকেলে চড়ে ঢাকা শহর চক্কর দিতেন তিনি। এভাবে জোগাড় করতেন খতনার কাজ। ফালু খলিফার হাতে খতনা করিয়েছেন এমন অনেক শিশু এখন বুড়ো। এমনই একজন পাকিস্তান স্পোর্টিং ক্লাবের (বর্তমান বাংলাদেশ স্পোর্টিং ক্লাব) সাবেক ফুটবলার আবদুল আজিজ। তিনি বলেন, ‘পঞ্চাশের দশকে একদিন দাদার সঙ্গে আমাদের বাড়িতে হাজির ফালু খলিফা। তারপর আমার সঙ্গে গল্পগুজবের ফাঁকে নিজের ক্ষুর আর চিমটা ঠিকঠাক করে নিলেন। আমাকে একটা জলচৌকির ওপর বসানো হলো। বিমান ভ্রমণের কথা বলে মোহগ্রস্ত করে তোলেন আমাকে। হঠাৎ বিমানের শব্দে ওপরে তাকাতেই আমার খতনা করে ফেললেন ফালু খলিফা। পরে শুনেছি, তিনি নিজেই মুখে এমন অদ্ভুদ শব্দ করতে পারতেন।’একসময় পুরান ঢাকার বেশির ভাগ হাজাম ছিলেন বিহারি। তাঁরা লম্বা-চওড়া হতেন। আর কাবলি পোশাক পরতেন। সে সময় তাই কাবলি আর পাগড়ি পরা লোক দেখলে বালকেরা ভয় পেত। এখন বিহারি ওস্তাদের বাঙালি শিষ্যরাই হাজামের কাজ করেন বেশি। তবে কিছু বিহারি হাজামও আছেন। আগাসাদেক রোডে দেখা মিলল হাজাম মো. শরীফ উদ্দিন খলিফার। তিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে হাজামের কাজ করছেন। তাঁর আদি নিবাস বিহারে। তাঁর দাদা ছিলেন নাপিত। বংশপরম্পরায় শরীফ উদ্দিন খলিফাও নাপিতের কাজ করতেন। স্বাধীনতার আগে পরিচয় হয় তাঁর ওস্তাদ দরবার খলিফার সঙ্গে। তাঁর হাত ধরে শরীফ উদ্দিন খলিফা হাজামের পেশায় আসেন। ঢাকার কোনো কোনো পরিবারের তিনপুরুষের সবার খতনাই করেছেন শরীফ উদ্দিন।পুরান ঢাকায় ২৫ বছর ধরে হাজামের কাজ করছেন মো. নিজাম। বাঙালি এই হাজাম কাজ শিখেছেন বিহারি ওস্তাদের কাছে। নারিন্দা, ধোলাইখাল, গেন্ডারিয়া, সূত্রাপুর এলাকায় পরিচিতি হাজাম নিজাম। তিনি দাবি করেন, হাজাম রক্তপাতহীনভাবে খতনা করে থাকেন। হাজামরা খতনার কাজে ব্যবহার করেন ক্ষুর, আরেকটা বাঁশের তৈরি চিমটা। চিমটা দিয়ে ভেতরের চামড়াটি আলতো করে ধরেন। তারপর কায়দামতো ক্ষুর চালান তাতে। এতে চামড়ার বাড়তি অংশ কেটে ফেলা হয়। আর কেটে যাওয়া চামড়ায় পোড়া কাপড়ের প্রলেপ আর ন্যাকড়া দিয়ে বেঁধে ফেলা হয়। সপ্তাহখানেকের মধ্যে ঘা শুকিয়ে যায়। হাজামের ক্ষুর ধার করার জন্য বেলজিয়াম নামের পাথর ব্যবহার করা হয়। আর ধার দেওয়ার সময় মাঝেমধ্যে গরুর পাকা চামড়ায় ঘষে ক্ষুরকে তীক্ষ করা হয়।